জান্নাতুল ফেরদৌস বিন্তি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৭:২৩ পিএম
দৈনন্দিন জীবনে চা পান করতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। রঙ চা, দুধ চা থেকে শুরু করে চায়ের নানা ধরন এখন পাওয়া যায়। তবে ধরন যতই হোক না কেন, চা তো চা-ই। ঘরে-বাইরে আড্ডায়, মন ভালো করতে, একান্তে সময় কাটাতেও চায়ের জুড়ি নেই। তবে চা পান করতে যে ভালো লাগা কাজ করে, যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয়, তাহলে দ্রুত চা নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে নষ্ট হয়ে যেতে পারে চায়ের স্বাদ। চলুন জেনে নেয়া যাক কেন চা পাতা নষ্ট হয় এবং কীভাবে সংরক্ষণ করে রাখলে দীর্ঘদিন চা পাতা ভালো থাকে।
কেন চা পাতা নষ্ট হয়
আর্দ্রতা
বাতাসে বেশি আর্দ্রতা থাকলে চা পাতা স্যাঁতসেঁতে হয়ে যায়, ফলে ছাঁচ বা ফাঙ্গাস ধরতে পারে।
ছবি - Pick From Mollik
অসঠিক সংরক্ষণ বা ভুল জায়গায় রাখা
প্লাস্টিক ব্যাগে, রোদে বা ভেজা জায়গায় রাখলে চায়ের গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়।
বাতাসে অক্সিজেন ও আলোর সংস্পর্শে আসা
বাতাসে থাকা অক্সিজেনের কারণেও চায়ের গুণমান ধীরে ধীরে নষ্ট হতে থাকে।
পোকা-মাকড় (বাগ, বিটলস, মথ)
খোলা বা দুর্বল প্যাকেজিংয়ের কারণে চা পাতায় পোকা ধরতে পারে। এমন হলে সেই চা না পান করাই উত্তম।
গরম বা ঠান্ডার তারতম্য
গরম বা ঠান্ডা আবহাওয়ার তাপমাত্রার ওঠানামা চায়ের স্বাদ ও সুগন্ধ নষ্ট করতে পারে।
চা সংরক্ষণের উপায়
হাওয়া-বদ্ধ কন্টেইনারে রাখুন
কাঁচ, ধাতব বা ফুড গ্রেড প্লাস্টিকের এয়ারটাইট বোতলে চা সংরক্ষণ করুন। এতে অনেকদিন চা পাতা ভালো থাকবে।
ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন
চুলার পাশে বা জানালার ধারে চা পাতা রাখবেন না। ড্রয়ার বা কিচেন ক্যাবিনেটে রাখাই ভালো।
ছবি - Pick From Mollik
আলোর সংস্পর্শ থেকে দূরে রাখুন
স্বচ্ছ কাচের বোতল হলে সেটি অন্ধকার স্থানে রাখুন। না হলে আলো চায়ের রঙ ও লিকার নষ্ট করে।
সিলিকা জেল ব্যবহার করুন
কন্টেইনারের ভেতর ১-২টি সিলিকা জেল প্যাক রাখতে পারেন, যাতে আর্দ্রতা না জমে।
আরও কিছু টিপস
ফ্রিজে রাখবেন না
অনেকেই ভাবেন ফ্রিজে চা পাতা রাখা ভালো, কিন্তু এতে ঘন ঘন ফ্রিজ খোলার কারণে ঠান্ডা-গরম বাতাসের কারণে ঘাম জমে পাতা নষ্ট হয়। প্যাকেট খোলার পর বেশি দিন না রেখে ফুরিয়ে ফেলুন। খোলা চা ৩–৬ মাসের মধ্যে শেষ করা ভালো।
প্রাকৃতিকভাবে পোকা দূর করার উপায়
তেজপাতা বা নিমপাতা কন্টেইনারে রাখতে পারেন। এতে পোকা দূরে থাকবে।
লবঙ্গ বা শুকনো মরিচের কিছু দানা রাখতে পারেন। প্রাকৃতিকভাবে পোকা দূর করার একটি উপায় এটি।