সারাফ ওয়াসিমা জিশান
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১৩:৩২ পিএম
হরমোনের ব্যালেন্স ঠিক না থাকলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে। এই সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে কিছু খাবার। এমনই কয়েকটি খাবারের রেসিপি দিয়েছেন সারাফ ওয়াসিমা জিশান
ওমেগা-৩ স্মুদি বোল
যা যা লাগবে
১/২ কাপ বেরি (ফ্রোজেন হলে ভালো), ১ চা চামচ চিয়া সিড, ১ চা চামচ ফ্ল্যাক্স সিড, ১/২ কাপ লো ফ্যাট মিল্ক বা নারকেল দুধ, ১ চা চামচ মধু বা স্টেভিয়া (অপশনাল)।
টপিংস : পাম্পকিন সিড, আখরোট, স্ট্রবেরি টুকরো (অপশনাল)।

যেভাবে বানাবেন
ব্লেন্ডারে বেরি, চিয়া সিড, ফ্ল্যাক্সসিড, দুধ ও মধু একসঙ্গে ব্লেন্ড করুন। একটি বাটিতে ঢেলে ওপর থেকে টপিং দিন। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন। এই খাবারে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট ও এটি ফাইবার সমৃদ্ধ।
কিনোয়া-ব্রকলি সালাদ
যা যা লাগবে
১ কাপ রান্না করা কিনোয়া, ১/২ কাপ সেদ্ধ ব্রকলি, ১/২ কাপ শসা, ২ টেবিল চামচ পাম্পকিন সিড, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ চা চামচ লেবুর রস, সামান্য লবণ ও গোলমরিচ।

যেভাবে বানাবেন
একটি বড় বাটিতে সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। ওপর থেকে সিড ছড়িয়ে পরিবেশন করুন।
চাইলে কিছু কটেজ চিজ যোগ করা যায়। এই সবগুলো উপাদান মিশিয়ে সালাদ তৈরি করা হয় বলে খাবারটি ম্যাগনেশিয়াম, ফাইবার, প্রোটিন ও জিংক সমৃদ্ধ।
এগ স্পিনাচ স্ক্রাম্বলড উইথ সিডস
যা যা লাগবে
২টি ডিম, ১/২ কাপ পালং শাক, ১ টেবিল চামচ পাম্পকিন সিড বা সানফ্লাওয়ার সিড, ১ চা চামচ নারকেল তেল বা অলিভ অয়েল, লবণ ও গোলমরিচ স্বাদমতো

যেভাবে বানাবেন
একটি প্যানে সামান্য তেল গরম করে পালং শাক দিন ও হালকা ভেজে নিন। ডিম ফেটে তার মধ্যে লবণ ও গোলমরিচ দিয়ে প্যানে ঢালুন। ধীরে ধীরে নাড়তে থাকুন যতক্ষণ না ডিম সেট হয়। ওপর থেকে সিড ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন। ডিম হলো প্রোটিন ও ভিটামিন ডি-এর চমৎকার উৎস আর পালং শাকে রয়েছে ম্যাগনেশিয়াম ও আয়রন। এই রেসিপিটি সকালের নাশতায় হরমোন ব্যালেন্সের জন্য খুব উপযোগী।
চিকেন অ্যান্ড লেন্টিল হরমোন স্যুপ
যা যা লাগবে
১ কাপ সেদ্ধ মুরগির মাংস, ১/২ কাপ মসুর/মুগ ডাল, ১/২ কাপ পালং শাক, ১টি পেঁয়াজ কুচি, ২ কাপ পানি, আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ স্বাদমতো।

যেভাবে বানাবেন
একটি প্যানে অল্প তেলে পেঁয়াজ ভেজে নিন। আদা-রসুন দিয়ে একটু নাড়ুন। এরপর ডাল, মুরগি, সবজি ও পানি দিয়ে সেদ্ধ করুন। ডাল সেদ্ধ হলে লবণ ও মরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন। এই খাবারটি উচ্চ প্রোটিন, আয়রন ও মিনারেল সমৃদ্ধ। এটি ইনসুলিন ও গ্রোথ হরমোনে বেশ সহায়ক।
কিনোয়া ফ্রাইড রাইস
যা যা লাগবে (২ জনের জন্য)
রান্না করা কিনোয়া ১ কাপ, ডিম ১টা, ক্যাপসিকাম কুচি ১/২ কাপ, পেঁয়াজ ২টি, পালং শাক বা ব্রকলি ১ কাপ, অলিভ অয়েল ১ চা চামচ, লবণ, গোলমরিচ স্বাদমতো, পাম্পকিন সিড ১ চা চামচ (টপিং)।

যেভাবে বানাবেন
ডিম ভেজে তুলে রাখুন। সামান্য তেলে পেঁয়াজ ও সবজি ভেজে নিন। এবার কিনোয়া ও পরিমাণমতো মসলা দিন। সবশেষে ডিম ও পাম্পকিন সিড মিশিয়ে নামিয়ে ফেলুন। এই খাবারে আছে প্রোটিন, ফাইবার, ওমেগা-৩ আর মিনারেল; যা হরমোন ঠিক রাখতে, ইনসুলিন ব্যালেন্স করতে ও শরীর হালকা রাখতে দারুণ কাজ করে।