× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ ও সুস্থ রাখবে কারাতে

মাহবুবা মিতু

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১৩:২৩ পিএম

নিরাপদ ও সুস্থ রাখবে কারাতে

কারাতে মূলত খালি হাতে আত্মরক্ষার কৌশল। কারাতে একটি জাপানি মার্শাল আর্ট; যা আত্মরক্ষা, শারীরিক সুস্থতা ও মানসিক শৃঙ্খলা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেয়।

এটি ওকিনাওয়ায় উদ্ভূত হয়েছিল এবং গিচিন ফুনাকোশির হাত ধরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কারাতে শব্দের অর্থ ‘খালি হাত’ (কারা=খালি, তে=হাত), যা নিরস্ত্র যুদ্ধকৌশলের ওপর জোর দেয়। এটি ঘুসি, লাথি, হাঁটু দিয়ে আঘাত, ব্লক এবং নির্দিষ্ট কৌশলের মাধ্যমে শরীর ও মনের সমন্বয় সাধন করে। কারাতে শুধু শারীরিক দক্ষতা নয়; ধৈর্য, শ্রদ্ধা, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের মতো নৈতিক মূল্যবোধও শেখায়।

কেন কারাতে শিখবেন 

আত্মরক্ষা ও আত্মবিশ্বাস

আজকের দিনে ব্যক্তিগত নিরাপত্তা একটি বড় বিষয়। কারাতে মূলত খালি হাতে আত্মরক্ষার একটি প্রাচীন ও কার্যকর কৌশল, যা বিপদে নিজেকে রক্ষা করার সক্ষমতা বৃদ্ধি করে। আপনি রাতের বেলা বাসায় ফিরছেন, ভিড়ের মধ্যে চলাফেরা করছেন কিংবা প্রতিদিনের জীবনে একটু বেশি নিরাপদ থাকতে চাচ্ছেন- এমন ভাবনায় কারাতে বেস্ট অপশন। কীভাবে বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে হয়, বিপদে লড়াই করার আত্মবিশ্বাস অর্জন করা, পাঞ্চ, কিক, ব্লক, এভেডিং ইত্যাদি শিখিয়ে আপনার শরীরকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে গড়ে তুলতে শেখায় কারাতে।

বিভ্রান্তির যুগে শৃঙ্খলা ও মনোযোগের চর্চা 

বর্তমান ডিসট্রাকশনে ভরপুর দুনিয়ায় শিশুরা ছোটবেলা থেকেই ট্যাবলেট, ভিডিও গেম ও সোশ্যাল মিডিয়ায় আসক্ত। অন্যদিকে প্রাপ্তবয়স্করা কর্মব্যস্ততা, নোটিফিকেশন আর টু-ডু লিস্টে হাবুডুবু খান। মার্শাল আর্টস শেখায় গঠিত শৃঙ্খলা ও একাগ্রতা।

শিশুদের ক্ষেত্রে নির্দেশনা মেনে চলা, ধাপে ধাপে লক্ষ্য অর্জনের অনুশীলন, মনোযোগ ধরে রাখা শেখায়। বড়দের জন্য এটি হলো একটি মানসিক রিফ্রেশমেন্ট। কারাতের ম্যাটে পা রাখলে আপনি বাইরের জগৎকে ভুলে শুধুই বর্তমান মুহূর্তে ফোকাস করেন। এতে মন, দক্ষতা ও আত্মশৃঙ্খলা- তিনটিই শক্তিশালী হয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলে।

শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন

কারাতে চর্চায় শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে। 

শারীরিক উপকারিতা 

১. কারাতে একটি উচ্চ কার্ডিও কার্যকলাপ, যা শরীরের প্রায় সব মাংসপেশি ব্যবহার করে। এটি ধৈর্য, মাংসপেশির টোন, নমনীয়তা ও সামগ্রিক শক্তি বৃদ্ধি করে।

২. কারাতে আপনার হৃৎস্পন্দন বাড়ায় এবং অক্সিজেন গ্রহণ ক্ষমতা উন্নত করে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এটি শরীরের সহনশীলতা ও শ্বাস-প্রশ্বাসের দক্ষতা উন্নত করে; যা ফুসফুসের ক্ষমতা বাড়িয়ে শরীরকে সতেজ রাখে।

৩. নিয়মিত প্রশিক্ষণ আপনার হাত-চোখের সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বাড়ায়। তা ছাড়া কারাতে প্রশিক্ষণ মেরুদণ্ড ও কোর পেশি শক্তিশালী করে। 

৪. এক ঘণ্টার কারাতে ক্লাসে ৫০০ থেকে ১০০০ ক্যালরি পর্যন্ত পোড়াতে পারে, যা ওজন কমাতে সাহায্য করে। 

কারাতের মানসিক উপকারিতা 

১. কারাতে অনুশীলন এন্ডোরফিন মুক্তি ঘটিয়ে মেজাজ ভালো রাখে। ধ্যান ও ‘মোকুসো’ অনুশীলনের মাধ্যমে মানসিক শান্তি ও আত্মিক উন্নতি হয়। 

২. আত্মরক্ষা শেখা ও শারীরিক উন্নতির মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে।

৩. নিয়মিত অনুশীলনে ধৈর্য ও নম্রতা গড়ে ওঠে। কারাতে শেখার মাধ্যমে মনোযোগ ও ফোকাস উন্নত হয়। নিয়মিত প্রশিক্ষণ ও আচার-আচরণে আত্মশৃঙ্খলা গড়ে ওঠে।

কমিউনিটি গড়ে তুলতে

এখনকার যুগে মানুষ অনেক বেশি বিচ্ছিন্ন ও একা। সেখানে মার্শাল আর্টস দেয় এক চমৎকার কমিউনিটি। অন্যান্য অনেক ফিটনেস প্রোগ্রামের মতো এটা একা করার কিছু নয়। সবাই মিলে একসঙ্গে করা হয়, কারাতে ক্লাসে যোগদানের মাধ্যমে সমমনা ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের এবং একটি কমিউনিটির অংশ হওয়ার সুযোগ তৈরি হয়; যা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে, অভিজ্ঞতা শেয়ার করে নিতে এবং অন্যদের যাত্রা থেকে শিখতে সহায়ক, ফলে একজনের পর্যবেক্ষণ ক্ষমতা আগের চেয়ে উন্নত হয়। 

মার্শাল আর্টসে বাচ্চারা ও বড়রা একে অপরকে অনুপ্রাণিত করে, এখানে ক্লাসগুলো এইজ গ্রুপের ভিত্তিতে হয় না বলে সব রকম বয়সের ও মানসিকতার অভিজ্ঞতা হয়। এখানে ছাত্র-শিক্ষক সবাই একে অন্যকে সাহায্য করে, যার পদবি যাই হোক না কেন। 

কাজে লাগবে সারা জীবন 

কারাতের সবচেয়ে সুন্দর দিক- এটি শুধু শখ নয়, একটি আজীবনের যাত্রা, কারাতে আজীবনের অনুশীলন, আপনি হোন ৫ বছরের শিশু কিংবা ৭৫ বছরের প্রবীণ, সব বয়সে শেখার মতো কিছু না কিছু সময় থাকবে, কিন্তু কারাতের যাত্রা আজীবনের। এটা শুধু শরীর শক্তিশালী করা বা স্টাইলিশ মুভ শেখার ব্যাপার না; এটা হলো নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করাÑ অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ভাবেই।

শিশু ও কিশোরদের জন্য কারাতে 

কারাতে শেখার মাধ্যমে শিশু-কিশোররা আত্মরক্ষা শেখে আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে, যা তাদের সামাজিক ও মানসিক বিকাশে সাহায্য করে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা