ফারুক নওয়াজ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১৬:৪৩ পিএম
অলংকরণ : মেহেরুন্নিসা, সপ্তম শ্রেণি, রানী নীহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
বৃষ্টি এলে দৃষ্টিজুড়ে সৃষ্টি-সুখের ধুম...
দেয় সে ভেঙে ইমলি ডালের ঘুমলী ঘুঘুর ঘুম।
ফুটলে বনে জুঁই কেতকী ঝুমকো লতার ফুল
মিষ্টি শিসে মনটা কাড়ে লাল মাথা বুলবুল।
নীলদোপাটি শাপলা কদম বকুল বেলি ভাঁট
কাশের বনের রূপের ছটায় হাতছানি দেয় মাঠ।
বৃষ্টি মানেই টাপুর টুপুর ঝাপুর ঝুপুর ঝুপ…
মেঘদূতমের কবির প্রিয় ছন্দ-অনুষ্টুপ।
বৃষ্টি মানেই রেখতা পয়ার গররা লাচারি
বৃষ্টি মানেই গল্প-গানে মগ্ন কাচারি।
বৃষ্টি মানেই ঝাপ্টা হাওয়ার হঠাৎ হাঁকানি
জাওয়াঝাড়ে জাউঠা বকের পালক ঝাঁকানি।
বৃষ্টি মানেই উদাস করা ডাকটি বেনেবৌর…
মউল বনের কাঠবেড়ালির লাঙুল তুলে দৌড়।
বানডাকা দিন উতল নদীর বাঁধভাঙা উল্লাস
পাহাড়চেরা নিঝরধারায় তুমুল জলোচ্ছ্বাস।
বৃষ্টি মানেই আষাঢ়-শ্রাবণ বিজলি-ঝিলিক, বাজ
হঠাৎ করেই দুপুরবেলা আঁধার ছাওয়া সাঁজ।
হঠাৎ দেওয়া মুষলধারায়, হঠাৎ ঝুমুর ঝুম…
হঠাৎ দূরের ফলসা ডালে ডাকল কে হুমহুম!
তল্লাঝাড়ে ডাকল শেয়াল, ডাকল ঝিঁঝিব্যাঙ
হয়তো ফাঁদে আটকে গেল বনবেড়ালির ঠ্যাং।
বৃষ্টি এলেই দূরের বাঁশি ছড়ায় মায়ার রেশÑ
বৃষ্টি মানেই অরূপ শোভায় সাজল আমার দেশ।
ডেউয়া পনস জাম আনারস জাম্বুরা গাব তাল
আমড়া গয়া কামরাঙাতে নুইয়ে পড়ে ডাল।
বর্ষা মানেই ফলের মসুম, আনাজপাতির দিন
বর্ষা মানেই কবির হিয়া হঠাৎ উদাসীন।
টাপুর টুপুর ঝাপুর ঝুপুর রিনিক ঝিনিক সুর
বৃষ্টি মানেই সৃষ্টিমুখর দৃষ্টি যতদূর।
বৃষ্টি মানেই আষাঢ়-শ্রাবণ বর্ষা, বরষণ-
বর্ষা মানেই কাব্যকারের মেঘভেজা দর্শন।