× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষায় পেটের সমস্যা হলে করণীয়

সায়েরা জাহান সুপ্রি

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১৪:২০ পিএম

বর্ষায় পেটের সমস্যা হলে করণীয়

বাংলাদেশের মৌসুমি বৈচিত্র্যের অন্যতম একটি রূপ হলো বর্ষাকাল। এই সময় প্রকৃতি যেমন সজীব ও সবুজ হয়ে ওঠে, তেমনি মানবদেহে বিভিন্ন রোগব্যাধির ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে পেটের সমস্যা বর্ষাকালে খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। দূষিত পানি, অস্বাস্থ্যকর খাবার এবং সংক্রামক ব্যাকটেরিয়া-ভাইরাসের কারণে এ সময় শিশুসহ সব বয়সী মানুষ ভুগতে পারে ডায়রিয়া, বমি, আমাশয়, পেটব্যথা ইত্যাদি সমস্যায়। 

পেটের সমস্যার কারণ

বর্ষাকালে বৃষ্টির পানির সঙ্গে মাটি ও নোংরা জিনিস মিশে খাবার ও পানীয় দূষিত হয়ে পড়ে। বিশেষ করে বিভিন্ন পোকামাকড় ও মাছি সংক্রমণ ছড়িয়ে দেয় দ্রুত। রাস্তার খাবার বা বাসি খাবার, বিশুদ্ধ পানি ছাড়া তৈরি শরবত বা ফলের রস এসব পেটে জীবাণু প্রবেশের প্রধান মাধ্যম। অনেক সময় নিজ ঘরের রান্নাতেও হাইজিন ঠিক না রাখলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

যেসব সমস্যা বেশি হয়

পাতলা পায়খানা (ডায়রিয়া), বমি ভাব বা বমি, পেট ফাঁপা ও ব্যথা, অ্যাসিডিটি, আমাশয়, জ্বরসহ ইনটেস্টাইনাল ইনফেকশন

পেটের সমস্যা হলে করণীয়

পেটের সমস্যা দেখা দিলে প্রথমেই আতঙ্কিত না হয়ে হালকা খাবার ও বিশ্রাম নেওয়া উচিত। নিচে কিছু কার্যকর ব্যবস্থা উল্লেখ করা হলো:

ওরস্যালাইন খাওয়া 

পাতলা পায়খানা বা বমি হলে শরীর থেকে পানি ও লবণ নিঃসৃত হয়ে যায়। এটি পূরণ করতে দিনে ২/৩ বার ওরস্যালাইন খেতে হবে। এতেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 

বিশুদ্ধ পানি পান করা

সবসময় ফুটানো পানি অথবা বিশুদ্ধ ফিল্টার করা পানি পান করুন। বাইরের পানি, রাস্তার শরবত বা বরফ একেবারেই এড়িয়ে চলুন। 

হালকা খাবার গ্রহণ

এ সময় খিচুড়ি, ডাল-ভাত, সেদ্ধ সবজি বা স্যুপ খাওয়া ভালো। চর্বি, ভাজা-পোড়া, অতিমসলাযুক্ত খাবার পরিহার করুন। এসব খাবারে পেটে ব্যথা হতে পারে। 

দই বা ইসুবগুলের ভুসি

দইয়ে থাকা প্রোবায়োটিক পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে কারো দুধে অ্যালার্জি থাকলে তা এড়িয়ে চলতে হবে। ইসুবগুলের ভুসিও পেট ঠান্ডা রাখে।

প্রয়োজন হলে ওষুধ

ডায়রিয়া বা ইনফেকশন বেশি হলে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক বা প্রোবায়োটিক জাতীয় ওষুধ খেতে হতে পারে। ঘরোয়া চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ খুবই জরুরি এ সময়ে।

প্রতিরোধই সেরা চিকিৎসা

পেটের সমস্যা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। কিছু সহজ নিয়ম মেনে চললে এই সমস্যার ঝুঁকি অনেক কমে যায়।

  •  সবসময় হাত ধুয়ে খাবার খাওয়া উচিত
  •  ফ্রিজে খাবার ঢেকে রাখা
  •  রান্নার আগে ও পরে রান্নাঘর পরিষ্কার রাখা
  •  ছুরি-হ্যান্ড গ্লাভস পরিষ্কার রাখা
  •  রাস্তার খাবার, খোলা জুস, ঝালমুড়ি ইত্যাদি না খাওয়াই উত্তম

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

কিছু পরিস্থিতিতে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যেমন:

  •  দিনের বেশি সময় ধরে পাতলা পায়খানা
  •  রক্তমিশ্রিত পায়খানা
  •  বারবার বমি হওয়া
  •  প্রচণ্ড পেটব্যথা ও জ্বর
  •  শিশু বা বৃদ্ধ রোগীর ক্ষেত্রে শুরুর দিকেই চিকিৎসা নেওয়া উচিত

বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেন শরীর ভালো থাকে, সেজন্য সঠিক খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা ও সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়।  একটু সতর্ক হলেই এ সময় পেটের সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা