সানজিদা বিনতে হাফিজ
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ১২:৫৯ পিএম
চকলেট ডেতে প্রিয়জনের জন্য বানিয়ে ফেলতে পারেন চকলেট ফ্লেভারের খাবার। মুহূর্তগুলো করে তুলুন আরও মিষ্টি। চকলেট ফ্লেভারের খাবারের রেসিপি দিয়েছেন সানজিদা বিনতে হাফিজ
ডেট চকলেট
যা যা লাগবে
খেজুর ১০টি, কাজুবাদাম ১০টি, চকলেট ১০০ গ্রাম

যেভাবে বানাবেন
প্রথমে খেজুরগুলো থেকে বিচি বের করে নিয়ে পানিতে ৩-৪ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি থেকে তুলে ১৫ মিনিটেরর জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। এবার ১০০ গ্রাম চকলেট মেল্ট করে নিতে হবে। চকলেট মেল্ট করার জন্য একটি পাত্রে গরম পানি নিয়ে তার ওপরে চকলেটের বাটি বসিয়ে ১-২ মিনিট নাড়াচাড়া করে নিয়েই মেল্ট হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে খেজুরগুলো বের করে বিচির ফাঁকা অংশে কাজুবাদাম দিয়ে দিতে হবে এবং মেল্ট করা চকলেটে ডুবিয়ে তুলে নিয়ে একটি বেকিং পেপারের ওপর রেখে ৫ মিনিট ফ্রিজে রেখে সেট করে নিলেই রেডি হয়ে যাবে ডেট চকলেট।
চকলেটি নাট বার
যা যা লাগবে
কাজু ও কাঠবাদাম (১৫টি), আখরোট (১৫টি), খেজুর বড় সাইজ ৬টি, ডার্ক চকলেট ১০০ গ্রাম

যেভাবে বানাবেন
প্রথমে কাজুবাদাম, কাঠবাদাম, আখরোট ও খেজুর থেকে বিচি আলাদা করে নিয়ে একটি মিক্সচারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড করে নেওয়া বাদামের মিশ্রণটি একটি চারকোনা মোল্ডে দিয়ে ফ্রিজে ১৫ মিনিট সেট হওয়ার জন্য রাখতে হবে। এ পর্যায়ে চকলেটগুলো মেল্ট করে নিতে হবে। মেল্ট করার জন্য গরম পানির হিট বা মাইক্রোওয়েভ ব্যবহার করা যাবে। মাইক্রোওয়েভে ৩ মিনিট দিলেই হবে। এবার ফ্রিজ থেকে বাদামের মিশ্রণটি বের করে লম্বা বারের মতো করে কেটে নিয়ে চকলেটে ডিপ করে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। ১ ঘণ্টা পর রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চকলেটি নাট বার।
নো সুগার চকলেট আইসক্রিম
যা যা লাগবে
ওটস হাফ কাপ, কাজুবাদাম ৫০ গ্রাম, কাঠবাদাম ৫০ গ্রাম, খেজুর বড় সাইজ ৮টি, ডার্ক চকলেট ১০০ গ্রাম, কোকো পাউডার ১ টেবিল চামচ, দুধ ১ কাপ

যেভাবে বানাবেন
প্রথমে একটি পাত্রে ওটস, কাজুবাদাম, কাঠবাদাম, খেজুর ও হালকা গরম দুধ দিয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর মিশ্রণটি ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এরপর একটি এয়ার টাইট বক্স স্টোর করে ৮ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। ৮ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েই সার্ভ করতে পারবেন দারুণ স্বাদের এই সুগার ফ্রি চকলেট আইসক্রিম।
