আফসানা মিমি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ১২:৫৫ পিএম
ভালোবাসা মানেই কি শুধু প্রেমিক বা প্রেমিকার প্রতি টান? মোটেই না। ভালোবাসা থাকে বাবা-মায়ের যত্নে, ভাইবোনের খুনসুটিতে কিংবা বন্ধুর নীরব সঙ্গেও। আর এই সব সম্পর্কের বাঁধনকে আরও একটু গাঢ় করতে দরকার হয় যত্ন, সময় আর একটুখানি মিষ্টি আবেগ। তাই শুধু রোমান্টিক নয়, চকলেট ডে হতে পারে ভালোবাসার সব সম্পর্ককেই উদযাপনের দিন।
জুলাইয়ের ৭ তারিখ পালিত হয় চকলেট ডে। আর এদিন চকলেট দিয়ে প্রিয়জনকে ভালোবাসা জানানোর একটা সুন্দর সুযোগ তৈরি হয়। কিন্তু শুধু একটি চকলেট ধরিয়ে দিলেই দায়িত্ব শেষ নয়, এই দিনটিকে আপনি বানাতে পারেন আরও বিশেষ, আরও সুন্দর। চকলেটের মাধ্যমে সারপ্রাইজ তো বটেই, নানাভাবেই প্রিয় মানুষদের সঙ্গে উপভোগ করতে পারেন সময়।
নিজের হাতে বানানো খাবার
প্রিয়জনকে সঙ্গে নিয়ে আনন্দময় মুহূর্ত উপভোগ করার জন্য আয়োজন করতে পারেন চকলেট থিমের ডেট। একসঙ্গে খাওয়ার জন্য নিজেই ঘরে বানিয়ে ফেলতে পারেন মজাদার চকলেট লাভা কেক, কাপ কেক, চকলেট ব্রাউনি। একটু ভিন্ন মাত্রা যোগ করতে চাইলে চকলেট ফন্ডও বানিয়ে ফেলতে পারেন ঘরেই। কিছু চকলেট মেল্ট করে বিভিন্ন ফল, মার্শমেলো বা বিস্কুট ডিপ করে ফেলতে পারেন। খেতেও ভিন্ন স্বাদের, আবার আনন্দ উপভোগও হবে ষোলো আনা।

একটি চকলেট বক্স, অনেক রকমের চমক
সারপ্রাইজ দেওয়ার জন্য যত ধরনের গিফট বক্স আছে তার মধ্যে চকলেট গিফট বক্সের আকর্ষণ অন্যরকম। উপহার হিসেবে চকলেট ভালোবাসেন না এমন মানুষ সম্ভবত খুব কমই আছে। এখন চকলেটকেই নান্দনিকভাবে অনেকে উপহার হিসেবে দিচ্ছে। যেমÑ কাস্টমাইজ চকলেট বার, নাম-চিরকুট বা বিভিন্ন ছবি দিয়ে চকলেট বার র্যাপ করে দেওয়াও রয়েছে এসব উপহারের মধ্যে। সঙ্গে অবশ্য ছোট্ট একটি কার্ড বা ফুলও দিতে পারেন। যদি দূরে থাকেন, কুরিয়ারের মাধ্যমেও প্রিয় মানুষটির ঠিকানায় পৌঁছে দিতে পারেন বিশেষ এই মিষ্টি উপহার।
পরিবার ও বন্ধুদের জন্য চকলেট থিমে পার্টি
চকলেট ডে কি শুধু কাপলদের জন্য? এটা এমন এক মিষ্টি সেলিব্রেশন যে এর প্রতিটি মুহূর্ত পরিবার ও বন্ধুদের সঙ্গেও সেলিব্রেট করা যায়। আর এজন্য আপনি চাইলে এ দিনে আয়োজন করে ফেলতে পারেন একটি চকলেট থিম পার্টির। এই আয়োজনে রাখতে পারেন বিভিন্ন স্বাদের চকলেট। যদি সম্ভব হয় চকলেট তৈরির একটা অ্যাক্টিভিটি রাখতে পারেন। সবাই মিলেই একসঙ্গে বানাতে পারেন চকলেট ট্রাফল, সাজাতে পারেন চকলেট কাপকেক। টপিং করতে পারেন ক্রাশড নাটস, কোকোনাট ফ্লেকস ও স্প্রিংকেল দিয়ে। এতে অতিথিরা নিজেরা নিজেদের ট্রিট কাস্টমাইজ করে নিতে পারবে।
আরামদায়কভাবেও কাটাতে পারেন দিনটি
সব সময় অনেক আয়োজন করে চকলেট দে উদযাপন করতে হবে এমন নয়। খুব সাধারণ আর আরামদায়কভাবেও দিনটি কাটাতে পারেন। নিজের যত্নেও দিনটি পার করতে পারেন। নিজেকে ট্রিট দিতে পারেন লাক্সারিয়াস ডার্ক চকলেট বার, ক্রিমি মিল্ক চকলেট বা এক্সোটিক ট্রাফলের মতো চকলেট দিয়ে। যদি আরামদায়ক অনুভূতি চান তাহলে পছন্দের সিনেমা দেখতে পারেন, বই পড়তে পারেন, নিতে পারেন রিল্যাক্সিং বাথ। যদি এমন স্যালন আশপাশে থাকে, যেখানে চকলেট স্পা করানো যায় তাহলে চকলেট ফেসিয়াল। ম্যাসাক আর বডি স্ক্রাবও করিয়ে নিতে পারেন। এক কথায় দিনটির মিষ্টতা উপভোগ করুন দিনজুড়ে।

চকলেটের প্যাকেজিংয়ে প্রিয় মানুষের ছবি
অনলাইন দুনিয়ায় এখন চাইলেই অনেক ধরনের উপহার কাস্টমাইজ করা সম্ভব। এ রকমই একটি উপহার হচ্ছে চকলেটের বক্সে প্রিয়জনের ছবি আর চিরকুটের বার্তা দিয়ে কাস্টমাইজ করা। যে চকলেটগুলো দিতে চাচ্ছেন সেগুলো বক্সে রেখে ওপরে প্রিয় মানুষটির ছবি দিয়ে দিন। চমকে দেওয়ার জন্য এটা বেশ ভালো একটা উপহারই বটে।
এই চকলেট ডে-তে ভালোবাসা দেখান শুধু একজনকে নয়, যাদের জন্য আপনি বাঁচেন, যারা আপনাকে বোঝেন বা নিঃশব্দে পাশে থাকেন, তাদের সবাইকে। বাবা-মায়ের কোলের পাশে এক টুকরো চকলেট, ভাই বা বোনের ব্যাগে রেখে দেওয়া চকলেট বার, কিংবা প্রিয় বন্ধুর ডেস্কে রেখে আসা ছোট্ট একটি মিষ্টি উপহার- এই সব ছোট মুহূর্তই একদিন হয়ে উঠবে স্মরণীয়। ভালোবাসা বোঝাতে বড় কিছু লাগে না, দরকার শুধু সময়, যত্ন আর একটু আন্তরিক ইচ্ছা। আর তাই, একটি চকলেট দিয়েও আপনি গড়ে তুলতে পারেন এমন এক মুহূর্ত, যা মনে থাকবে সারা জীবন।