গোলাম কিবরিয়া
প্রকাশ : ২২ জুন ২০২৫ ১২:৫১ পিএম
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের লক্ষ্য হলো শিক্ষার্থীদের রোবোটিক্সে দক্ষতা বিকাশে উৎসাহিত করা, রোভারে অত্যাধুনিক উন্নত করা। প্রতিযোগিতাটি ২০০৬ সালে শুরু হয়েছিল এবং ২০০৭ সাল থেকে প্রতি গ্রীষ্মে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় রোভার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা দারুণ সাফল্য অর্জন করেছে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইউআইইউ মার্স রোভার এবং ব্র্যাক ইউনিভার্সিটির (ব্র্যাকু) ব্র্যাকইউ মঙ্গল-তরী যথাক্রমে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৫-এর ফাইনালে ষষ্ঠ ও অষ্টম স্থান অর্জন করেছে। অপরদিকে, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মিস্ট মঙ্গল বারতা এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রজেক্ট আলতাইর যথাক্রমে ১৪তম ও ১৮তম স্থানে রয়েছে।
ইউআইইউ মার্স রোভার
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’ মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় টানা চতুর্থবারের মতো ১ম স্থান অর্জন এবং বিশ্বব্যাপী ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ২৮-৩১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। ‘ইউআইইউ মার্স রোভার টিম’ ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এশিয়ায় ১ম হয়েছিল।
তিন দিনের চূড়ান্ত রাউন্ডে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলো। এজন্য রোভারগুলোকে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং- এই চারটি মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে।

ইউআইইউ মার্স রোভার টিম, মিশন অতিক্রমের এই সফলতায় চূড়ান্ত পর্বে ৩৮টি দলের মধ্যে বিশ্বে ৬ষ্ঠ স্থান অর্জন করলেও এশিয়ান দলগুলোর মধ্যে ১ম স্থান অর্জন করেছে। এ ছাড়াও প্রতিযোগিতার বিজ্ঞান মিশনে ইউআইইউ মার্স রোভার টিম ১০০ স্কোরের মধ্যে ১০০ স্কোর করে সেরা বিজ্ঞান দলের পুরস্কার জিতেছে, যেটি এশিয়ান দলের জন্য এটিই প্রথম। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চিলি, মেক্সিকো এবং তুরস্কসহ প্রায় ১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ইউআইইউ মার্স রোভার’ দল।
বিজয়ী ইউআইইউ দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন। ইউআইইউ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্সের (সিএআইআর) ১০ জন ছাত্রছাত্রী নিয়ে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই প্রকল্পের টিম লিডার হলেন ইউআইইউর ইইই বিভাগের শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান। অন্য মেকানিক্যাল সাব টিমে মো. সিয়াম বিন রশীদ, ইলেকট্রিক্যাল সাব টিমে গাজী তাওসিফ তুরাবি, সফটওয়্যার সাব টিমে আহমেদ জেবাইল সৌখিন, কমিউনিকেশন সাব টিমে মো. ইফতে ফয়সাল এবং সায়েন্স সাব টিমে সাইফ আল সাদ নেতৃত্ব দিয়েছেন।
চূড়ান্ত ফাইনালিস্ট ৩৮টি দলের চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতায় ৪১২.২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘মার্স রোভার ডিজাইন টিম’ দল, ৩৯৬.১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনির্ভাসিটির ‘টিম মাউন্টেনিয়ারস’ দল, ৩৬২.৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে নর্থইস্টার্ন ইউনিভার্সিটির নর্থইস্টার্ন মার্স রোভার টিম ৩৫৬.৭৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রিংহাম ইয়ং ইউনিভার্সিটির বিওয়াইইউ মার্স রোভার দল এবং ৩৫১.২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে রেজেসো ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘লিজেন্ডারি রোভার’ দল।
৩২৫.৯৩ পয়েন্ট নিয়ে ‘ইউআইইউ মার্স রোভার’ ৩৮টি দলের মধ্যে বিশ্বে ৬ষ্ঠ স্থান এবং এশিয়ার মধ্যে ১ম হওয়ার গৌরব অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ছাড়াও ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২৫-এর ফাইনালে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী অন্য দলগুলোর পজিশন হলোÑ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ দল ৮ম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিম ‘এমআইএসটি মঙ্গল বারতা’ দল ১৪তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘প্রজেক্ট আলটেয়ার’ দল ১৮তম হয়েছে।

ব্র্যাকইউ মঙ্গল-তরী
ব্র্যাকইউ মঙ্গল-তরী হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল, যারা মঙ্গল গ্রহে অনুসন্ধানের জন্য রোভার (Rover) তৈরি করেন। তারা ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ’ নামের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেন এবং সেখানে তাদের রোভার ‘মঙ্গল-তরী’ বেশ পরিচিতি লাভ করে। এবার দলটি আন্তর্জাতিক রোভার ডিজাইন প্রতিযোগিতাতে বিশ্বসেরা ১০-এ জায়গা করে নিয়েছে। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৫-এর ফাইনালে অষ্টম স্থান অর্জন করেছে মঙ্গল-তরী।
অপরদিকে, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মিস্ট মঙ্গল বারতা এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রজেক্ট আলতাইর যথাক্রমে ১৪তম ও ১৮তম স্থানে রয়েছে।