× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে স্বাচ্ছন্দ্যময় সাজ

আফসানা মিমি

প্রকাশ : ২০ মে ২০২৫ ১৪:০৮ পিএম

গরমে স্বাচ্ছন্দ্যময় সাজ

গরমের সময়ে সাজসজ্জা ও পোশাক বাছাই করা বেশ বড় একটি চ্যালেঞ্জ। তাপমাত্রা বেশি থাকার কারণে আরামদায়ক পোশাক না পরলে যেমন অস্বস্তি লাগে, তেমনি স্টাইলিশ থাকাও কঠিন হয়ে যায়। তবে সঠিক কৌশল অবলম্বন করলে গরমেও ফ্যাশনেবল ও স্বাচ্ছন্দ্যময় থাকা সম্ভব। আসুন জেনে নিই গরমে সাজসজ্জা এবং পোশাক নির্বাচন কেমন হওয়া উচিত, সে সম্পর্কে। 

ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন 

গরমে বাইরে গেলে ত্বক ঘামে বলে অনেকেই ভাবেন আলাদাভাবে ময়েশ্চারাইজার ব্যবহারের দরকার নেই। এটা একদমই ভুল ধারণা। এ সময়েও ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সেই সঙ্গে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগানো আবশ্যক। সানস্ক্রিন না লাগালে রোদে ত্বক পুড়ে যাওয়া, র‍্যাশ হওয়া, ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার মতো নানা সমস্যা হতে পারে। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। 

হালকা মেকআপ 

গরমের সময়ে ভারী মেকআপ এড়িয়ে চলা উচিত। হালকা, ত্বক-বান্ধব ও লং লাস্টিং হবে- এমন প্রোডাক্ট ব্যবহার করুন। তাপমাত্রা বেশি হলে বাইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করা উচিত, কারণ এগুলো ঘামে গলে যায় না। মেকআপের আগে একটি ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করুন, এতে ত্বকের তৈলাক্তভাব কমে যাবে। গরমে ভারী আইশ্যাডো বা ডার্ক লিপস্টিকের পরিবর্তে ন্যুড বা পিচি শেডের লিপস্টিক এবং আইশ্যাডো ব্যবহার করুন। চোখের মেকআপে ওয়াটারপ্রুফ মাশকারা ও আইলাইনার ব্যবহার করুন। মেকআপের স্থায়িত্ব বাড়াতে ফিক্সিং স্প্রে ব্যবহার করতে ভুলবেন না। এটি ত্বককে সতেজ রাখে এবং মেকআপ দীর্ঘস্থায়ী করে। ফলে অতিরিক্ত গরমে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকবে না।

ব্লটিং পেপার 

ঘাম ও তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে ব্লটিং পেপার ব্যবহার করুন। এটি সহজেই ত্বকের বাড়তি তেল শুষে নেয় এবং মেকআপ নষ্ট করে না।

হালকা গহনা 

গরমে গহনা বাছাইয়ের ক্ষেত্রেও ভারী নকশা এড়িয়ে চলুন। এর বদলে বেছে নিন হালকা কোনো গহনা। যদি জমকালো গহনা পছন্দ করেন, তাহলে কানে সামান্য বড় দুল পরতে পারেন। এতে দেখতেও ভালো লাগবে, গরমে স্বাচ্ছন্দ্যও পাবেন। গলায় কিছু না পরলেও চলবে। এতে ঘামলে অস্বস্তি লাগবে না। অবশ্য ছোট পেন্ডেন্ট মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গেই। হাতে চুড়ি বা হালকা ব্রেসলেট পরতে পারেন। তবে যারা ঘড়ি পরতে পছন্দ করেন, তারা চাইলে হাতে কোনো গহনা নাও পরতে পারেন। 

হালকা পোশাক নির্বাচন

গরমে ঘেমে গেলে পোশাক ভিজে যেতে পারে। এতে বেশ অস্বস্তি হয়। তা ছাড়া পোশাকের রঙ যদি গাঢ় হয়, তাহলে গরম বেশি লাগতে পারে। এ সময় পোশাক হালকা রঙ ও ফেব্রিকের হওয়া উচিত। উজ্জ্বল বা হালকা রঙ যেমনÑ সাদা, প্যাস্টেল বা হালকা নীল গরমে আরামদায়ক। কালো বা গাঢ় রঙ তাপ শোষণ করে, তাই গরমে এই রঙ এড়িয়ে চলা ভালো। সুতির বা লিনেন কাপড় গরমে সবচেয়ে আরামদায়ক। এই ধরনের কাপড় পরলে ত্বক শ্বাস নিতে পারে এবং ঘাম শোষিত হয়। তাই গরমের সময় টাইট পোশাকের পরিবর্তে ঢিলেঢালা জামা, পালাজো বা কুর্তি পরা ভালো। 

সানগ্লাস ও স্কার্ফ 

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখ ও ত্বককে রক্ষা করতে সানগ্লাস ও ক্যাপ ব্যবহার করুন। মেয়েরা হালকা রঙের স্কার্ফ বা সাদা কাপড় ব্যবহার করতে পারেন। এতে রোদের তাপ কম লাগবে, ত্বক সুরক্ষিত থাকবে। 

হালকা জুতা 

গরমে আরামদায়ক স্যান্ডেল বা ফ্ল্যাট জুতা পরা উচিত। চামড়ার জুতার পরিবর্তে কাপড় বা ক্যানভাসের জুতা আরাম দেয়। তাই চেষ্টা করুন ফ্ল্যাট জুতা পরার। 

ফেস মিস্ট

ত্বককে হাইড্রেট রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি ব্যাগে একটি ছোট ফেস মিস্ট বা গোলাপজল রাখুন, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে প্রচুর পানি পান করুন যেন শরীর কোনোভাবেই ডিহাইড্রেট না হয়ে যায়।


মডেল : আলভি, ছবি : মনজু আলম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা