× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোজনে নিরামিষ

তানিয়া আহমেদ বেলী

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১৩:৩৮ পিএম

ভোজনে নিরামিষ

বাজারে বাহারি সবজি পাওয়া যাচ্ছে এখন। এসব সবজি দিয়ে পরিবারের সবার জন্য বানিয়ে ফেলুন পুষ্টিকর নিরামিষ 

ব্রকলি ও মাশরুম স্টির ফ্রাই 
যা যা লাগবে 
১টা ব্রকলি, ২৫০ গ্রাম মাশরুম, ১/৪ কাপ সয়া সস, ২ চা চামচ তিলের তেল, ১ টেবিল চামচ ভিনেগার, ১ চা চামচ চিনি, ১/২ চা চামচ লাল মরিচ ফ্লেক্স, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ রান্নার তেল, স্বাদমতো লবণ ও মরিচ। 


যেভাবে বানাবেন 
একটি ছোট বাটিতে সয়া সস, ভিনেগার, তিলের তেল, চিনি, লাল মরিচ ফ্লেক্স এবং কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে সস তৈরি করে নিন। ফুটন্ত পানিতে ব্রকলি ৩০ সেকেন্ডের জন্য সিদ্ধ করে শুকিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। একটি বড় কড়াইতে তেল গরম করে মাশরুম ভালো মত ধুয়ে কেটে যোগ করুন এবং রান্না করুন যতক্ষণ না সেগুলো বাদামি হতে শুরু করে। ব্রকলি দিয়ে ২-৩ মিনিটের জন্য নাড়িয়ে-ভাজা করুন। সবজির ওপর সস ঢেলে দিন এবং সস ঘন না হওয়া পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করুন। তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি মাশরুম। 

কাঁচা কাঁঠালের এঁচোড় চিংড়ি

যা যা লাগবে 
কাঁচা কাঁঠাল ১টি (কুচি বা টুকরো করে কেটে), মাঝারি আকারের চিংড়ি মাছ ১ কাপ, নারকেলের দুধ আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেজপাতা ৩টি, এলাচ ৪টি, লবণ, তেল আধা কাপ, কাঁচামরিচ ৬টি ও পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ।


যেভাবে বানাবেন 
প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে তাতে তেজপাতা ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিন। তারপর এর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে লালচে করে ভেজে নিন। আদা ও রসুন বাটাসহ হলুদ-মরিচের গুঁড়ো, নারকেলের দুধ কোয়ার্টার কাপ দিয়ে ভালো করে কষাতে হবে। তেল যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে টুকরো করে রাখা কাঁচা কাঁঠালগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। হালকা আঁচে ২ মিনিট ঢেকে রান্না করুন। এরপর আধা কাপ পানি এবং বাকি নারকেলের দুধ দিয়ে ঢেকে ২৫-৩০ মিনিট রান্না করুন। তারপর কাঁচামরিচগুলো ভেঙে দিন। একটি চামচ দিয়ে কাঁঠালগুলো ভেঙে ভেঙে দিতে হবে। পানি শুকিয়ে এলেই তৈরি হবে যাবে কাঁচা কাঁঠালের এঁচোড় চিংড়ি। পরিবেশনের আগে পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা ছড়িয়ে দিয়ে ১ মিনিট ঢেকে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভেজিটেবল মাশরুম সালাদ উইথ কটেজ পনির 

যা যা লাগবে 
শসা টুকরো করে কাটা ১ কাপ, লেটুস পাতা কুচি ২ কাপ, মাশরুম স্লাইস করে কাটা ৫টি, টমেটো কুচি ১ কাপ, ক্যাপসিকাম কুচি ১ কাপ, গোলমরিচ গুঁড়া স্বাদমতো, লবণ, সালাদ ড্রেসিং-টমেটো সস/মেয়োনিজ (পছন্দমতো), কটেজ পনির কিউ টুকরো ৫টি


যেভাবে বানাবেন 
প্রথমে একটি ননস্টিক প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে প্রথমে ক্যাপসিকাম ও টমেটো হালকা ভেজে নিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। এরপর কটেজ পনিরের ছোট ছোট টুকরো ও মাশরুম স্লাইস ঢেলে নিন এবং এতে গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে হালকা ভেজে নিন। তারপর মিশ্রণটি তুলে রাখুন একটা পাত্রে। এবার একটা সালাদ বোলে টুকরো করে রাখা শসা আর লেটুস নিয়ে নিন এবং তাতে ভেজে রাখা মিশ্রণ দিয়ে দিন। এবার এক টেবিল চামচ সালাদ ড্রেসিং ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস হয়ে গেল মজাদার ভেজিটেবল মাশরুম সালাদ।

চাইনিজ গ্রেভি উইথ টফু

যা যা লাগবে 
২৫০ গ্রাম টফু, মাঝারি সাইজের টমেটো ২টি, ১টা ক্যাপসিকাম, গাজর, চিনি, লবণ স্বাদমতো, টমেটো সস, সাদা তিল, কাঁচামরিচ, তেল।


যেভাবে বানাবেন 
প্রথমে টফু টুকরো করে কেটে লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখে দিন ১৫ মিনিট। এবার অল্প তেলে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিন। তারপর ওই তেলেই একটি টমেটো ও ৩-৪টা কাঁচামরিচ হালকা স্যটে করে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। অন্যদিকে চাইনিজ স্টাইলে ক্যাপসিকাম, গাজর, টমেটো কিউব করে রাখুন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে ব্লেন্ড করে রাখা গ্রেভি দিয়ে ২-৩ মিনিট নেড়ে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, টমেটো দিয়ে মিডিয়াম আঁচে ২-৩ মিনিট নেড়ে, তাতে এক চামচ টমেটো সস ও চিনি ও লবণ দিয়ে এক কাপ পানি ও ভেজে রাখা টফু টুকরো দিয়ে দিন। একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন। 

মাসালা পনির 

যা যা লাগবে 
পনির চার কোনা করে কাটা ২৫০ গ্রাম, পেঁয়াজ বাটা ১-২ কাপ, টমেটো ১টা বড় পেস্ট করা, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, চিনি সামান্য, মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো সামান্য, ধনে ও জিরা গুঁড়ো ১-২ চা চামচ, লবণ, তেল ১ টেবিল চামচ, কাঁচামরিচ ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, এলাচ ৩টি, গোলমরিচ ৪টি, লবঙ্গ ৪টি, দারুচিনি ১ টুকরো, তেজপাতা ২টা, ঘি ১-২ চা চামচ।


যেভাবে বানাবেন 
প্যানে তেল গরম করে পনির দিয়ে অল্প ভেজে নিন। হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখুন। এবার অল্প তেল দিয়ে তাতে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, পেঁয়াজ বাটা দিয়ে দিন। অল্প ভেজে এতে আদা-রসুন বাটা, ধনে-জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি দিয়ে দিন। কষা হলে দিয়ে দিন টমেটো বাটা। ভালোমতো ভেজে কষিয়ে এবার টকদইয়ের সঙ্গে লবণ দিয়ে ফেটিয়ে নিন। এবার টকদই ও কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিন প্যানে। গ্রেভি কতটুকু চান সেই আন্দাজমতো পানি দিন যাতে ঝোলের জন্য পরিমাণমতো পানি হয়। ঝোল ফুটে উঠলে তাতে পনির দিয়ে দিন। ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিন। সবশেষে ঘি দিয়ে অল্প নেড়ে নামিয়ে নিন মাসালা পনির। ভাত, নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা