× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুটহাট বৃষ্টিতে

সায়েরা জাহান সুপ্রি

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১৩:৩১ পিএম

হুটহাট বৃষ্টিতে

শহরের জীবনে এখন মৌসুম বলে কিছু আর নেই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ- সব যেন একসঙ্গে হানা দেয়। সকালে সূর্যের ঝলক, দুপুরে কালো মেঘ আর বিকালে হুট করে নামা বৃষ্টির ধারাÑ এ যেন নতুন স্বাভাবিকতা। একসময় বর্ষাকাল মানেই বৃষ্টির মৌসুম ছিল, এখন বছরের প্রায় সব সময়েই ঝরতে পারে বৃষ্টি। তাই এই হুটহাট বৃষ্টিকে আর অবহেলা করলে চলবে না। প্রস্তুতি নিতে হবে আগে থেকেই, বুঝে নিতে হবে চলার কৌশল।

ছাতা বা রেইনকোট

ব্যাগে একটা ছাতা রাখলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শহরের রাস্তায় হেঁটে চলা হোক বা অফিসগামী রিকশাযাত্রী, হঠাৎ বৃষ্টিতে ছাতার বিকল্প নেই। যারা বাইক চালান, তাদের জন্য রেইনকোট অবশ্যই দরকার। আজকাল বাজারে পাতলা রেইনকোট পাওয়া যায়, যা পুরো শরীর, এমনকি জুতা পর্যন্ত ঢেকে রাখতে পারে।

জুতায় সতর্কতা 

চামড়ার জুতা কাদায় ভিজে, দুঃখ দেয় কড়া,

রাবার হলে ভালো, স্যান্ডেলই সেরা সঙ্গী বড়।

বৃষ্টির দিনে চামড়ার জুতা বা ক্যানভাস সু একেবারে এড়িয়ে চলুন। ভিজে গেলে শুকাতে সময় লাগে, আর স্যাঁতসেঁতে গন্ধ তো আছেই। বরং রাবারের ফ্ল্যাট স্যান্ডেল বা ওয়াটারপ্রুফ স্নিকার ব্যবহার করুন। যাদের অফিস ড্রেসকোড জুতা নির্দিষ্ট করে দেয়, তারা ব্যাগে বদলানোর জন্য একটা বাড়তি জুতা রাখতে পারেন। রাবারের স্যান্ডেল বেশি পুরনো হয়ে গেলে সেগুলো পরে রাস্তায় বের না হওয়াই ভালো। এতে স্লিপ কাটার আশঙ্কা থাকে।

হালকা পোশাক 

ভারি সুতি কাপড়, ডেনিম বা শরীরে লেগে থাকা পোশাক ভিজে গেলে অসুবিধা বাড়ায়। এগুলো একবার ভিজলে শুকাতে অনেক সময় লাগে এবং ঠান্ডা লেগে যেতে পারে। তাই বৃষ্টির দিনগুলোয় বেছে নিন ড্রাই-ফিট, সিনথেটিক, লিলেন, জর্জেট বা হালকা কটনের জামা। হালকা রঙের বদলে গাঢ় রঙের কাপড় পরা ভালো, কারণ ভিজে গেলে শরীরের গঠন এতে তেমন স্পষ্ট হবে না। যারা হিজাব বা ওড়না পরেন, তারা ওয়াটারপ্রুফ হুডি টাইপ হেড কভার ব্যবহার করতে পারেন।

ওয়াটারপ্রুফ ব্যাগ

ব্যাগে যদি ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজ, মোবাইল থাকে তাহলে অবশ্যই ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন। তা না হলে ব্যাগের জন্য একটা রেইন কাভার ব্যবহার করতে পারেন। আর ব্যাগের ভেতরে রাখুন একটা জিপলক ব্যাগÑ এতে প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইসগুলো নিরাপদে রাখা যাবে।

ছোট তোয়ালে বা রুমাল

মুখ, হাত বা গলা মুছতে একটা ছোট তোয়ালে বা মোটা রুমাল অনেক কাজে আসে। বিশেষ করে চশমা, মোবাইল বা ঘড়ি ভিজে গেলে পরিষ্কার করার মতো কিছু সঙ্গে থাকলে সুবিধা হয়। হুটহাট বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লাগার হাত থেকেও বাঁচায় এটা।

পানির বোতল

বৃষ্টিতে কাপড়ে বা পোশাকে কাদার ছিটা লেগে যেতে পারে। এতে কাজে বের হলে পড়তে হতে পারে বিড়ম্বনায়। তাই সঙ্গে একটি পানির বোতল রাখুন। কাদা বা ময়লা পানি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা যাবে।

পানি নিরোধক প্রসাধনী

হুটহাট বৃষ্টির প্রস্তুতি হিসেবে পানি নিরোধক প্রসাধনী ব্যবহার করা উচিত। কাজল, মাশকারা, আইলাইনার ইত্যাদি পানি নিরোধক না হলে একটু পানিতেই লেপটে যায়। ব্যাগে সাধারণ টাচআপ দেওয়ার মতো কিছু প্রসাধনী সঙ্গে রাখলে যেকোনো সময় সাজ ঠিক করে নেওয়া যায়।

ওয়েদার অ্যাপ দেখে বাইরে যাওয়া

আবহাওয়ার অ্যাপ ডাউনলোড করে রাখুন। বাইরে যাওয়ার আগে একবার দেখে নিন, বৃষ্টি অপেক্ষায় আছে কিনা!

ভিজে যাওয়ার পর করণীয়

১) বাসায় এসে ভেজা কাপড় ভালোভাবে ধুয়ে শুকাতে দিন। নইলে কাপড়ে দাগ লেগে যেতে পারে।

২) তুলসী পাতা বা মসলা দিয়ে বানিয়ে ফেলুন গরম গরম চা অথবা স্যুপ। এতে ঠান্ডা লাগার আশঙ্কা কমে যাবে।

৩) বাসায় ফিরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ভালোভাবে মুছে ফেলুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা