রাশেদ রউফ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১৩:৪৫ পিএম
আসতে পারে অনেক বাধা, চলতে হবে হেসে
থাকতে হবে সবার সঙ্গে গভীর ভালোবেসে।
রোদ-বৃষ্টি তুচ্ছ করে হাওয়ায় দিয়ে ভর
বেরিয়ে পড়ো পেরিয়ে যাও বঙ্গোপসাগর।
বিল মাড়িয়ে ঝিল ছাড়িয়ে ছুটতে হবে দূরে
পক্ষীগুলো লক্ষ্মী সেজে আসবে উড়ে উড়ে।
হাত বাড়ালেই আকাশ পাবে, পা বাড়ালেই নদী
তোমার মনের মধ্যে এমন ভাবনা আসে যদি
দেখবে তখন সঙ্গী হতে সূর্য নেমে আসে
মৌ মৌ মৌ ফুলের গন্ধ তোমার আশেপাশে
ছুটতে থাকো সামনে পাবে হাসিখুশির মাঠ
তুমিই হবে বিশ্বজয়ী দুরন্ত-সম্রাট।