হেনরী স্বপন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১৩:৪১ পিএম
নদীর ওপার দুলে ওঠে ভাটির টানে ঢেউ
ফুল ফুটেছে চরকলমি দেখবি নাকি কেউ।
ওপার যেতে খেয়ায় বসে দুলবে সারাক্ষণ
তীরে আছে তাল সুপারি সাদা ছনের বন।
পায়রা নদী সাগর নয় শান্ত চলা মেয়ে
জলের মতো নেচে বেড়ায় দেখবি তাকে যেয়ে।
জেলেপাড়ার নৌকাগুলো মাঝ নদীতে থাকে
জাল তুললে ওঠে ইলিশ পাবদা ঝাঁকে ঝাঁকে।
আঁধার নামলে জ্বলে নেভে তারার মতো বাতি
ওপার চরে আছে এমন জোনাক জ্বলা রাতি।
ফুরফুরিয়ে হাওয়ায় দোলে নদীর তীরে কাশ
ডানা মেলে পানকৌড়ি সাঁতার কাটে হাঁস।