সাদিয়া সিদ্দিকা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৪:১৪ পিএম
ঈদ মানেই আনন্দ, উৎসব আর সাজসজ্জার বিশেষ দিন। নতুন পোশাকের পাশাপাশি ঈদের সাজ আরও আকর্ষণীয় করতে প্রয়োজন মানানসই মেকআপ। সময়ের পরিবর্তনে মেকআপ ট্রেন্ড বদলালেও ঈদে মেয়েরা সাধারণত সকালে ন্যাচারাল, সফট গ্ল্যাম আর রাতে গর্জিয়াস লুক পছন্দ করেন। এবারের ঈদে কিছুটা গরম থাকবে বলে হালকা ও লং-লাস্টিং মেকআপই বেশি কার্যকর হবে। আর তাই হালকা ফাউন্ডেশন, ন্যুড লিপস্টিক ও সফট আই লুকেই তরুণীদের স্বাচ্ছন্দ্য বেশি। তবে যারা গ্ল্যামার লুক পছন্দ করেন, তারা গ্লিটার আইশ্যাডো ও গাঢ় লিপস্টিকও বেছে নেন। ঈদের দিনে ও রাতে সাজে ভিন্নতা থাকে। পোশাকের সঙ্গে মিলিয়ে মেকআপ লুক তাই হতে হয় সামঞ্জস্যপূর্ণ।

ঈদের দিন নিজেকে যেন স্নিগ্ধ ও পরিপাটি লাগে তাই কিছু কাজ করতে হবে আগে থেকেই। যেমন চুলে নতুন হেয়ারকাট, পারলার থেকে ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, ভ্রু প্লাক, হেয়ার ট্রিটমেন্ট নেওয়া। ত্বকের যত্নে ঘরেই বানিয়ে ফেলুন নানা ধরনের ফেসপ্যাক। এ কাজগুলো আগে করে নিলে ঈদ আয়োজনে সারা দিনের ব্যস্ততার মাঝেও আপনাকে দেখাবে স্নিগ্ধ। এবার চলুন জেনে নেওয়া যাক ঈদের সকাল থেকে রাত কেমনভাবে সাজতে পারেন-
সকালের হালকা সাজ
নিজেকে ফ্রেশ ও এলিগ্যান্ট দেখাতে যে সব সময় গর্জিয়াসভাবেই সাজতে হবে এমনটা জরুরি নয়। বেইজ মেকআপ ভালোভাবে করে নিলেই অনেকটা সাজ সম্পন্ন হয়ে যায়। ঈদের দিন গরম থাকার সম্ভাবনা, তাই বিবি ক্রিম বা টিনটেড ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভালো। অয়েল-ফ্রি ফাউন্ডেশনও ব্যবহার করতে পারেন। হেভি লেয়ার না দেওয়াই ভালো। নইলে মুখ ঘামতে পারে। মুখের দাগছোপ ঢাকতে কনসিলারও দিতে পারেন। মেকআপ দেওয়ার পর মুখ যেন বেশি না ঘামে এবং নষ্ট না হয় সেজন্য কমপ্যাক্ট বা লুজ পাউডার দিয়ে সেট করে নিন। চোখের জন্য হালকা সাজে ঈদের দিনের জন্য সফট ব্রাউন, গোল্ডেন বা পিচি শেডের আইশ্যাডো বেশ মানিয়ে যাবে। কাজল বা আইলাইনার ব্যবহার করে চোখের সাজ ফুটিয়ে তোলা যায় চমৎকারভাবে। মাশকারা দিলে চোখ আরও বড় আর উজ্জ্বল দেখাবে। এ ছাড়া ব্লাশ ও হাইলাইটারও ব্যবহার করতে পারেন। পিচ বা পিঙ্ক ব্লাশ ন্যাচারাল গ্লো বাড়াবে। হালকা হাইলাইটার চোখের নিচে, নাকের ওপর আর গালে একটু আঁচ দিলেই ভারি মিষ্টি দেখাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে লিপস্টিক। ঈদের দিনটাতে ন্যাচারাল লুক চাইলে ন্যুড, পিচ বা সফট পিঙ্ক শেড বেছে নিলেই বরং ভালো। একটু গর্জিয়াস চাইলে রেড, ম্যাজেন্টা বা ডিপ মেরুন বেছে নিন। সবশেষে হালকা পারফিউম বা বডি মিস্টের ব্যবহার ঈদের দিনটি ফ্রেশ ও সতেজ করে তুলতে সাহায্য করবে।
দুপুরের স্নিগ্ধতা
দুপুরেও গর্জিয়াস লুকের বদলে হালকা সাজটাই থাকুক। পোশাকের সঙ্গে মেকআপ টাচআপ করে নিতে পারেন। এ সময় যদি কোনো দাওয়াতে যান তবে ব্রাউন শেডের লিপস্টিক দিয়ে রাঙিয়ে নিতে পারেন ঠোঁট। আইলাইনার আর কাজল দিয়ে চোখটা সাজিয়ে নিতে পারেন মনের মতো করে। চুলে করতে পারেন খোঁপা, দিতে পারেন একগুচ্ছ ফুল। যদি চুল ছোট হয় তাহলে ভিন্নতা আনার জন্য দুই পাশে বেণি করে ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন।

রাতের গ্ল্যামারাস লুক
সারা দিনের ক্লান্তি ভুলে রাতে জমকালো সাজে নিজেকে সাজানো যেন ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তাই বিউটি সেন্স বজায় রেখে ঈদ নাইট মেকআপ লুকটাও হতে হবে পারফেক্ট। মেকআপ দীর্ঘস্থায়ী ও ফ্ললেস করতে হলে ত্বক আগে প্রস্তুত করা জরুরি। ঈদের দিনের ব্যস্ততার পর রাতে মেকআপ করার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বেছে নিন ভালো একটি প্রাইমার, এতে ত্বক মসৃণ রাখবে এবং মেকআপ হবে টেকসই। স্কিন টোনের সঙ্গে মিলিয়ে লাইটওয়েট ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহার করুন। ফাউন্ডেশন লক করতে ব্যবহার করুন সেটিং পাউডার।
ঈদের রাত মানেই হালকা গ্লিটার ও শিমার টাচের আই মেকআপ। গোল্ডেন, ব্রোঞ্জ, বা কপার টোনের আইশ্যাডো বেছে নিলে রাতের আলোয় নজর কাড়বে। এ ছাড়া উইংড বা স্মোকি আইলাইনার ঈদের লুকের জন্য পারফেক্ট একটি কম্বিনেশন হতে পারে। আইল্যাশ ঘন দেখাতে ভলিউম মাশকারা বা ফেক ল্যাশও ব্যবহার করতে পারেন।
ঈদের রাতে মেকআপে একটা সফট কন্ট্যুরিং এবং হাইলাইট থাকলে পুরো লুক আরও সুন্দর দেখাবে। গালের নিচে সামান্য রোজি ব্লাশ ব্যবহার করুন। এ ছাড়া নাক ও কপালে হালকা হাইলাইটার ব্যবহার করলে আলোয় মুখ আরও উজ্জ্বল দেখাবে। রাতে জমকালো সাজের জন্য চাই পারফেক্ট একটি লিপস্টিকের ছোঁয়া। যদি চোখের মেকআপ সফট রাখেন, তাহলে রেড, বেরি বা প্লাম লিপস্টিক বেছে নিতে পারেন। এবং চোখের মেকআপ গ্ল্যামারাস হলে ন্যুড বা সফট পিঙ্ক শেডের লিপস্টিক বেশ ভালো লাগবে। ঠোঁট আরোও চমৎকার দেখাতে লিপ লাইনার ব্যবহার করতে ভুলবেন না। ঈদের রাতে মেকআপ দীর্ঘস্থায়ী রাখতে অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করুন।
ঈদের রাতে মেকআপ হবে গ্ল্যামারাস তবে এলিগ্যান্ট। ভারী না করে স্মার্ট ও পরিপাটি লুক বেছে নিন, যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে এবং আপনার ঈদের আনন্দ বাড়াবে দ্বিগুণ।