× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেবিল জুড়ে ঈদ আয়োজন

হেলেনা পারভীন রুমা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৪:০৭ পিএম

টেবিল জুড়ে ঈদ আয়োজন

ঈদের দিন টেবিলে থাকে মিষ্টি ও ঝাল খাবারের নানা পদ। পরিবারের সবার জন্য ঈদ আয়োজনে কী কী খাবার রান্না করতে পারেন তারই কয়েকটি রেসিপি রইল আজকের হেঁশেলে।

বিফ সিজলিং

যা যা লাগবে

৪০০ গ্রাম হাড় ছাড়া গরুর মাংস জুলিয়ান করে কাটা, ১ টেবিল চামচ রসুন কুচি, ১ কাপ লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম জুলিয়ান করে কাটা, ১টি বড় পেঁয়াজ জুলিয়ান করে কাটা, ৪-৫টি কাঁচা মরিচ (মাঝখানে একটি ফালি দিয়ে বিচি ফেলে দেওয়া), ২ টেবিল চামচ সয়া সস + ফিশ সস + সুইট চিলি সস + হট সস + টমেটো কেচাপ + ওয়েস্টার সস, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া, ১ টেবিল চামচ তেল + কর্নফ্লাওয়ার, ১টি ডিমের কুসুম, লবণ, পানি (পরিমাণমতো)

সিজলিংয়ের জন্য লাগবে ১টি সিজলিং ডিশ, ১ টেবিল চামচ মাখন, ৩-৪টি আস্ত শুকনো মরিচ, ২-৩টি রসুনের কোয়া (ফালি করা), কয়েকটি রিং করে কাটা পেঁয়াজ। 

যেভাবে বানাবেন
প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে একটি বোলে সব সস ১ টেবিল চামচ করে এবং গোলমরিচ গুঁড়া দিয়ে মিনিমাম ১ ঘণ্টা ম্যারিনেট করতে হবে। কোনো লবণ দেওয়া যাবে না কারণ সসে লবণ থাকে। এবার একটি কড়াইতে ম্যারিনেট করা মাংস এবং একটু পানি দিয়ে সেদ্ধ করতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত। মাংস সেদ্ধ হলে এবং পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এবার একটি প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে ভাজতে হবে হালকা বাদামি করে, বেশি ভাজা যাবে না তাহলে তেতো লাগবে। এবার রসুনের সঙ্গে সব সস এবং একটু পানি দিয়ে কষিয়ে সব সবজি, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে একটু কষিয়ে মাংস দিয়ে দিতে হবে। হয়ে এলে একটি বাটিতে কর্নফ্লাওয়ার এবং ডিমের কুসুম একটু পানি দিয়ে গুলিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে লাগলে আরেকটু পানি দিয়ে লবণ চেক করে নামিয়ে ফেলতে হবে।
সিজলিং ডিশ ভালোমতো গরম করে এতে বাটার, রসুন এবং শুকনো মরিচ দিয়ে পেঁয়াজের রিং বিছিয়ে দিতে হবে। এর ওপর রান্না করা মাংস ঢেলে দিতে হবে। সিজলিং ডিশে সরাসরি মাংস দিলে পুড়ে যায় তাই পেঁয়াজের রিং দিলে পেঁয়াজ থেকে পানি ছাড়ে. এর ওপর মাংস দিলে পোড়ে না; অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এবার গরম গরম বিফ সিজলিং পরিবেশন করুন পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে।

দুধ দুলারি
যা যা লাগবে
১০০ গ্রাম পাকিস্তানি (ভার্সিমিল) সেমাই, দেড় লিটার দুধ, ১ কাপ কনডেন্সড মিল্ক অথবা চিনি, ১ টেবিল চামচ ক্রিম, ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার (গুঁড়া দুধও দিতে পারেন), ৩-৪টি এলাচ। গার্নিশিংয়ের জন্য লাগবে লাল, সবুজ, হলুদ জেলো ছোট ছোট টুকরো করে কাটা, কিছু বেবি সুইটস ও বাদাম কুচি। 

যেভাবে বানাবেন
একটি গভীর তলা প্যান নিয়ে তাতে দুধ ঢেলে দিয়ে এলাচ দিয়ে চুলায় জ্বাল দিতে হবে। কিছুক্ষণ পরপর নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। দুধ যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন কনডেন্সড মিল্ক, ক্রিম ও কাস্টার্ড পাউডার দিয়ে নাড়তে হবে। সব যখন একত্রে ভালোভাবে মিশে যাবে তখন সেমাই দিয়ে ৫-৭ মিনিট অল্প আঁচে জ্বাল দিতে হবে যাতে সেমাই সেদ্ধ হয়ে যায়, ততক্ষণে দেখবেন সেমাইয়ের দুধও মোটামুটি ঘন হয়ে আসবে। দুধ বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। কম আঁচে রাখবেন। এবার একটি সার্ভিং ডিশে ঢেলে রুম টেম্পারেচার করে নিতে হবে। প্যাকেটের গায়ে লেখা নিয়ম দেখে সহজেই জেলো বানিয়ে নেওয়া যায়। হয়ে গেলে কিউব কিউব করে কেটে নিতে হবে। এখন রুম টেম্পারেচারে আনা দুধ সেমাইয়ের ওপর বিভিন্ন রঙের জেলো ছিটিয়ে, কিছু বেবি সুইটস বিছিয়ে দিয়ে এবং কিছু কাঠবাদাম কুচি ছিটিয়ে দিলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার দুধ দুলারি।

নারকেলের জর্দা সেমাই
যা যা লাগবে 
১ প্যাকেট সেমাই, ১/২ কাপ চিনি (স্বাদমতো), ১ কাপ কোরানো নারকেল, কিশমিশ, বাদাম (পরিমাণমতো), ২ টেবিল চামচ ঘি, ২টি তেজপাতা, ২ টুকরো দারুচিনি, পানি (পরিমাণমতো)  

যেভাবে বানাবেন
প্যানে ঘি গরম করে কিশমিশ ও বাদাম কুচি ভেজে উঠিয়ে রেখে এ ঘিতে তেজপাতা এবং দারুচিনি দিয়ে ভেজে সেমাই প্যাকেট থেকে ভেঙে ঘিতে দিয়ে কম আঁচে ৪-৫ মিনিট উল্টিয়েপাল্টিয়ে ভালো করে ভাজতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে সেমাই নেড়ে ঢেকে রাখতে হবে ৩-৪ মিনিট। সেমাই সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। চিনি গলে গেলে নারকেল কোরানো দিয়ে ভাজতে হবে আবার ২-৩ মিনিট। এ ক্ষেত্রে মনে হতে পারে সেমাই নরম কিন্তু তা না। চুলা থেকে নামিয়ে ভেজে রাখা বাদাম ও কিশমিশ ছিটিয়ে দিয়ে ঢেকে রেখে দেবেন ঠান্ডা হওয়া পর্যন্ত, ঠান্ডা হয়ে এলে দুটি কাঁটা দিয়ে একটু নেড়ে দিলেই দেখবেন সেমাই একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটি সার্ভিং ডিশে নিয়ে ওপরে একটু কোরানো নারকেল ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন দারুণ মজার নারকেলের সেমাই জর্দা।

নওয়াবি লাচ্ছা সেমাই
যা যা লাগবে
৪০০ গ্রাম লাচ্ছা সেমাই, ২ টেবিল চামচ ঘি, ১/২ কাপ চিনি, ৪ টেবিল চামচ গুঁড়া দুধ, 
১ চিমটি যেকোনো ফুড কালার (অপশনাল), ক্রিম তৈরি করার জন্য লাগবে ১ লিটার গরুর দুধ, ১ কাপ কনডেন্সড মিল্ক, ১/২ কাপ ক্রিম, ৪ টেবিল চামচ কাস্টার্ড পাউডার অথবা কর্নফ্লাওয়ার। গার্নিশিংয়ের জন্য কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি।
যেভাবে বানাবেন
প্রথমে একটি প্যানে ঘি গরম করে লাচ্ছা সেমাই ভেঙে কিছুক্ষণ ভাজতে হবে, তারপর এতে হাফ কাপ চিনি দিয়ে নেড়ে সেমাইয়ের সঙ্গে ভালো করে মেশাতে হবে। মেশানো হলে তাতে গুঁড়া দুধ দিয়ে নেড়ে ১০ মিনিটের মতো মিডিয়াম লো আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সেমাইয়ের ৪ ভাগের ৩ ভাগ উঠিয়ে বাকি ১ ভাগে ১ চিমটি ফুড কালার মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নামাতে হবে। 

ক্রিম তৈরি
আরেকটি প্যানে ১ লিটার দুধ জ্বাল দিয়ে হাফ লিটার করতে হবে, এবার এতে কনডেন্সড মিল্ক, ক্রিম ও কাস্টার্ড পাউডার অ্যাড করতে হবে, ভালো করে সব মিশিয়ে নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই তা ঘন ক্রিমে পরিণত হবে। এরপর সার্ভিং ডিশে প্রথমে কালার ছাড়া সেমাইয়ের ৩ ভাগের ২ ভাগ বিছিয়ে দিয়ে তার ওপর তৈরি করে রাখা ক্রিম ঢেলে দিতে হবে, এর ওপর আবার বাকি ১ ভাগ সেমাই এবং কালার করা সেমাই বিছিয়ে দিয়ে তার ওপর কুচি করে রাখা কাঠবাদাম এবং পেস্তা বাদাম ছিটিয়ে দিতে হবে। রুম টেম্পারেচারে এলে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ২-৩ ঘণ্টা। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। ওপরের দিকটা খেতে ক্রিসপি এবং ভেতরেরটা খেতে নরম, মোলায়েম, মজাদার নওয়াবি লাচ্ছা সেমাই।

বিফ শামি কাবাব
যা যা লাগবে
১ কেজি হাড়-চর্বি ছাড়া ফ্রেশ গরুর মাংস ছোট ছোট টুকরা করে নিতে হবে। ১ কাপ বুটের ডাল (মিনিমাম ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে), ৪-৫টি এলাচ, ৩টি দারুচিনির স্টিক, ৪-৫টি লবঙ্গ, ১ টেবিল চামচ আস্ত ধনে ও জিরা, ১ টেবিল চামচ আদা বাটা + রসুন বাটা, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, ১/২ চা চামচ হলুদ + গোলমরিচ গুঁড়া, ২টি কাঁচা মরিচ কুচি, লবণ (স্বাদমতো), ২ টেবিল চামচ ধনেপাতা + পুদিনাপাতা কুচি, ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা (হাত দিয়ে ভেঙে গুঁড়া করা), ১টি ডিম ফেটানো, ১ টেবিল চামচ লেবুর রস + গরম মসলা গুঁড়া। কোটিংয়ের জন্য ডিম ও বিস্কুটের গুঁড়া (প্রয়োজনমতো), ডুবো তেলে ভাজার জন্য পরিমাণমতো তেল। 

যেভাবে বানাবেন
মাংস ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে বাকি ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে প্রেশার কুকারে ১ কাপ পানি দিয়ে ঢাকনা আটকিয়ে ২০ মিনিট রেখে তারপর চুলা বন্ধ করে চেক করতে হবে সেদ্ধ হয়েছে কি না, তারপর উচ্চ তাপে পানি একদম টানিয়ে নিয়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। এখন সব গরম মসলাসহ শিলপাটায় বেটে বা ফুড প্রসেসরে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে।
বাটা কিমার সঙ্গে তেল এবং কোটিংয়ের উপকরণ ছাড়া বাকি ওপরের সব উপকরণ মিশিয়ে নিতে হবে। বেশি শুকনো মনে হলে ডিম আরও ১টি দিতে পারেন অথবা যদি পাতলা মনে হয় তাহলে আরও বিস্কুটের গুঁড়া দিতে পারেন। টেস্ট করে দেখুন যদি লবণ লাগে আরেকটু লবণ দিয়ে সব একসঙ্গে মেশাতে হবে। এবার হাতে তেল অথবা ঘি লাগিয়ে গোল করে চ্যাপ্টা করে কিমার সাইজ করে একটি একটি করে সব কাবাব বানিয়ে নিতে হবে। তারপর ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নিতে হবে। এখন একটি কড়াইতে পরিমাণমতো তেল গরম করে একটি একটি করে কাবাব দিয়ে মিডিয়াম আঁচে এপিঠ-ওপিঠ লাল লাল করে ভেজে একটি কিচেন টিস্যুর ওপর উঠিয়ে রাখতে হবে বাড়তি তেল শুষে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল দারুণ মজার কাবাব। পরিবেশন করুন পোলাও, বিরিয়ানির সঙ্গে অথবা স্ন্যাকস হিসেবে সস দিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা