সায়েরা জাহান সুপ্রি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৪:০০ পিএম
বাঙালি সংস্কৃতি রঙে, উৎসবে ও আবেগে ভরপুর। এ সংস্কৃতির এক অপরিহার্য অংশ হলো মেহেদি। বিশেষ করে বাঙালি নারীর সঙ্গে মেহেদির সম্পর্ক গভীর। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কনের মেহেদির রঙ যত গাঢ় হবে, স্বামীর ভালোবাসা তত গভীর হবে (এটি মিথ হলেও বেশ জনপ্রিয়)। এমন বিশ্বাসের কারণে বিয়েতে মেহেদি পরিধান বিশেষভাবে গুরুত্ব পায়।
ঈদ এলে বাঙালি নারী আগের রাতেই ‘চাঁদরাত’ উদ্যাপনের অংশ হিসেবে মেহেদি পরেন। বাদ যায় না পহেলা বৈশাখ, ঈদ, দুর্গাপূজা, বিয়ে, গায়েহলুদসহ বিভিন্ন উৎসবে হাত রাঙানোর প্রচলিত ধারা। সত্যিই গাঢ় মেহেদি দেখতে যেমন সুন্দর, তেমন দীর্ঘস্থায়ী হয়। কিছু নিয়ম মেনে চললে মেহেদি গাঢ় হবে, টিকবেও অনেক দিন।
মেহেদি দেওয়ার আগে হাত পরিষ্কার করুন
হাতে তেল বা লোশন থাকলে মেহেদি ভালোভাবে বসে না। তাই মেহেদি লাগানোর আগে হাত ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। অ্যালকোহলযুক্ত টোনার বা রাবিং অ্যালকোহল ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়ে যায়, যা মেহেদির রঙ আরও গাঢ় হতে সাহায্য করে।

লেবু ও চিনির মিশ্রণ ব্যবহার করুন
মেহেদি শুকিয়ে গেলে এতে লেবু ও চিনিমিশ্রিত তরল হালকাভাবে তুলার সাহায্যে লাগালে রঙ আরও গভীর হয়। এটি মেহেদির আর্দ্রতা ধরে রাখে এবং রঙ দীর্ঘস্থায়ী করে।
মেহেদি দীর্ঘক্ষণ রাখুন
মেহেদি যত বেশি সময় হাতে রাখা যায়, রঙ তত গাঢ় হয়। সাধারণত ৬-৮ ঘণ্টা বা সারা রাত রেখে দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
গরমের সংস্পর্শে আনুন
মেহেদি শুকানোর পর হাতে লোহার পাত্র গরম করে কিছুটা তাপ দিলে রঙ আরও গাঢ় হয়। কেউ কেউ স্টিম বা উষ্ণ গরম লবঙ্গের ধোঁয়া ব্যবহার করেন, যা রঙ বাড়াতে কার্যকর।
মেহেদি তোলার পর পানি ব্যবহার না করা
মেহেদি শুকিয়ে গেলে সেটি ঘষে তুলে ফেলুন, কিন্তু কমপক্ষে ১২ থেকে ২৪ ঘণ্টা পানি ব্যবহার করবেন না। এতে রঙ আরও গাঢ় হতে সাহায্য করে। তেল (সরিষা, নারকেল তেল) মেখে রাখলে রঙ দীর্ঘস্থায়ী হয়।
কফি বা কালো চা মিশিয়ে মেহেদির পেস্ট তৈরি করুন
মেহেদির পেস্ট বানানোর সময় এতে কড়া চা বা কফি মিশিয়ে দিলে রঙ আরও গাঢ় হয়। এতে থাকা প্রাকৃতিক ট্যানিন মেহেদির রঙ গাঢ় করতে সাহায্য করে।
গুণগত মানের মেহেদি ব্যবহার করুন
খাঁটি ও প্রাকৃতিক মেহেদি ব্যবহার করলে রঙ ভালো হয়। রাসায়নিকযুক্ত মেহেদির পরিবর্তে ঘরে তৈরি মেহেদি বা অর্গানিক মেহেদি ব্যবহার করাই ভালো।