সাহিদা আক্তার
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। এ আকুতি প্রকৃত সব বন্ধুত্বের মাঝেই থাকে। বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক। আত্মার কাছাকাছি যে বাস করে, সে-ই বন্ধু। সুসময় কিংবা অসময়ের সঙ্গী। অনেকটা পথ একসঙ্গে চলার পর মনে হয়Ñ যে বন্ধুকে নিজের কঠিন সময়ে কাছে পাওয়া গেল না, সে আবার কেমন বন্ধু! চলুন দেখে মিলিয়ে নেওয়া যাক বন্ধুর পথে আপনার প্রকৃত বন্ধু কারাÑ
বন্ধুত্ব চিরকালের
প্রিয় বন্ধু চিরদিনের। জীবনজীবিকার তাগিদে এক শহর থেকে অন্য শহরে দুজন আলাদা হয়ে গেছে। দুজন ভালো বন্ধু কখনই একে অন্যকে ভুলে যাবে না, বরং আরও বেশি করে একে অন্যকে মনে করবে এবং সময় পেলেই একে অন্যের সঙ্গে দেখা করে খুনসুটি করবে।
দুঃসময়ে পাশে থাকা
এক বন্ধুর বিপদে চিন্তাভাবনা ছাড়াই অন্য বন্ধুর সাড়া দেওয়াই হচ্ছে প্রকৃত বন্ধুত্বের পরিচয়। প্রয়োজনে সময়ে অসময়ে বন্ধুর বিপদে তাকে সাহায্য করা। যে বন্ধুর জন্য আপনি এমন করতে পারবেন এবং যে বন্ধু আপনার পাশে সর্বদা থাকতে পারবে, সে-ই আপনার সত্যিকার বন্ধু।
প্রকৃত শুভাকাঙ্ক্ষী
ভালো বন্ধু সব সময় বন্ধুর ভালো চায়। নিজের ভালো হোক সবাই চায়, তবে তার জন্য বন্ধুর ক্ষতি হোক এমন ভাবা কিন্তু প্রকৃত বন্ধুর পরিচায়ক নয়।
সৎ থাকা
বন্ধুত্বে অবশ্যই সৎ থাকতে হবে। মিথ্যা তথ্য কিংবা ধারণা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়া যায়, কিন্তু গড়লেও তা কখনই দীর্ঘস্থায়ী হয় না। অনেক বন্ধু থাকে যারা একজনের কথা অন্যজনের কাছে নেগেটিভভাবে প্রকাশ করে। গসিপ বা মিথ্যা কথা বলে এমন বন্ধুদের সংস্পর্শ এড়িয়ে চলবেন। এরা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে। নিজেরা অন্যের কাছে ভালো থেকে তারা অন্যকে হেয় করে বিভিন্নভাবে।
ভালো শ্রোতা হওয়া
বন্ধুত্বে ভালো শ্রোতা হওয়া খুব জরুরি। বন্ধুর সঙ্গে আড্ডায় কেবল নিজের কথাগুলোই প্রাধান্য দেওয়া উচিত নয়। অন্যজনের কথাও সমান গুরুত্ব দিয়ে শোনা উচিত।
পারস্পরিক বোঝাপড়া
বন্ধুর ইচ্ছাকে সব সময় সম্মান জানানো উচিত। যদি তা পছন্দ না হয়, তবে সরাসরি বলুন। সম্পর্ক টিকিয়ে রাখতে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা অবশ্যই জরুরি। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে গেলে হোঁচট খেতেই পারেন, মান-অভিমান হতেই পারে। তাই বলে কোনো সম্পর্কের ইতি টানা সমাধান নয়। সময় নিয়ে নিজের সঙ্গে নিজে কথা বলুন ও ভাবুন।
বোঝার চেষ্টা করুন
সবকিছুতেই বন্ধুটি আপনাকে প্রয়োজন মনে করছে কি না তা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ শুধু বিপদে পড়লেই সে আপনার কাছে সাহায্য চাচ্ছে কি না পরখ করুন। প্রকৃত বন্ধু আপনাকে শুধু প্রয়োজনে নয়, সব সময় স্মরণ করবে।