× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর সুরক্ষায় অ্যাপস ও হটলাইন

নাবিলা বুশরা

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১১:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে যৌন অপরাধ, নারী নির্যাতনসহ নানা সহিংসতা বেড়ে গেছে। এসব নির্মূলে চালু হয়েছে সচেতনতামূলক কয়েকটি অ্যাপ। অ্যাপগুলো সম্পর্কে বিস্তারিতÑ

‘সচেতন’ ওয়েবসাইট

বাংলাদেশে প্রথমবারের মতো Shocheton.org নামক সেক্সচুয়াল অফেন্ডারদের পাবলিক রেজিস্ট্রি চালু হয়েছে, যা যৌন অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের তথ্য প্রকাশ করবে। এ প্ল্যাটফর্মে ভুক্তভোগীদের গোপনে অভিযোগ করার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তারা প্রমাণসহ বিস্তারিত তথ্য প্রদান করতে পারবেন। একটি মডারেশন টিম এসব রিপোর্ট যাচাই করবে যাতে মিথ্যা অভিযোগের ঝুঁকি কমানো যায়। যদিও মিথ্যা অভিযোগের বিষয়ে কিছু উদ্বেগ রয়েছে, তবু যাচাই প্রক্রিয়া নিশ্চিত করতে এটি খুবই গুরুত্বপূর্ণ।

পুলিশের হটলাইন

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্থা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। হটলাইন নম্বরগুলো হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ ও ০১৩২০০০২২২২। নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে। সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ আগের মতোই চালু রয়েছে। পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

‘হেল্প’ অ্যাপ

ঢাকায় গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে ‘হেল্প’ নামে একটি অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনো হয়রানি বা যৌননিপীড়ন ঘটনার জন্য তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। অভিযোগও জানাতে পারবেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে পরিষেবাটি চালু করেছে। অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)। পাইলট প্রকল্প হিসেবে শুরুতে এ সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। যদিও সীমিত আকারে সেবাটি দেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন নারীরা।

‘গ্যাংআপ’ অ্যাপ

সাম্প্রতিক সময়ে ঢাকায় বেড়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অনিরাপদ হয়ে উঠেছে রাতে একা যাতায়াত। সন্ধ্যার পর ঘন ঘন ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের মুখে পড়ছে একা যাতায়াত করা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সে উদ্বেগের সমাধান, যাতায়াতের নিরাপত্তা ও ব্যয়সংকট সমাধানে চালু হয়েছে GangUp-নামক ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সুযোগ করে দিচ্ছে দলবদ্ধভাবে রাজধানীর যেকোনো স্থানে নিরাপদে যাতায়াতের। এটি মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যই তৈরি নতুন একটি প্ল্যাটফর্ম, যাতে রেজিস্ট্রেশন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল আইডি দিয়ে। একই সময়ে ক্যাম্পাস থেকে দূরবর্তী কোথাও যাওয়ার ক্ষেত্রে কারও সঙ্গে গন্তব্য, সময়, স্থান মিলে গেলেই একত্রে যাতায়াতের জন্য GangUP-এর মাধ্যমে শিক্ষার্থীরা তৈরি করে নিতে পারবেন সাময়িক দল বা গ্যাং।

Gang তৈরির জন্য প্রস্থানের স্থান, সময় ও গন্তব্য দিয়ে খোঁজা যাবে নিকটস্থ শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্যসংখ্যা এবং লিঙ্গও নির্ধারণ করে দেওয়া যাবে নিজেদের ইচ্ছামতো। অর্থাৎ নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে নারী শিক্ষার্থীরা শুধু অন্য নারী শিক্ষার্থীদের সঙ্গেও একত্রে যাতায়াত করতে পারবেন। প্ল্যাটফর্মটিতে রয়েছে ইন-অ্যাপ চ্যাট সিস্টেমের সুবিধা; পাশাপাশি কেউ কোনো অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হলে ইউজারদের নিয়ে করা যাবে রিপোর্ট।

GangUP প্ল্যাটফর্মটি চারজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর যৌথ উদ্যোগে তৈরি। ফাহিম আহমেদ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), মাহির আবদুল্লাহ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), শাহরিয়ার আহমেদ শোভন (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) ও মনীষ চন্দ রুদ্র (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)Ñ এ চার উদ্যোক্তা তরুণের উদ্ভাবনচিন্তার ফসল হিসেবেই শুরু হয়েছে এ GangUp-এর যাত্রা। একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও বিনামূল্যের সেফটি সল্যুশন তৈরির লক্ষ্যে কাজ করছে GangUP টিম। তাদের লক্ষ্য ঢাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ অ্যাপটি অপরিহার্য একটি প্ল্যাটফর্মে পরিণত করা, যা যাতায়াত করে তুলবে নিরাপদ ও সহজ। GangUP সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং প্ল্যাটফর্মটি ব্যবহার করতে ভিজিট করুন : www.gangupnow.com

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা