× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে তৈরি প্রসাধনীতে রূপচর্চা

লাবিবা ইরম

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৩:০০ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৩:০২ পিএম

ঘরে তৈরি প্রসাধনীতে রূপচর্চা

বাজারে চমকপ্রদ রঙিন কাগজে মোড়া মোড়কের আড়ালে যে প্রসাধনীগুলো আমরা কিনে থাকি তার বেশিরভাগই নানা ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদানে তৈরি। ফলে নিজেদের অজান্তেই ত্বক ও চুলের ক্ষতি হচ্ছে দিনদিন। ক্ষতি এড়াতে কিছু প্রসাধনী চাইলে ঘরে বসেই বানিয়ে ফেলা যায় প্রাকৃতিক উপাদান দিয়ে।

সাবান

বাসায় কম খরচে ও প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে ফেলা যায় ত্বকের যত্নে ব্যবহার করা সাবান। এর জন্য আমাদের দরকার অল্প কিছু উপকরণÑ সাবানের বেইজ (গ্লিসারিন অথবা মিল্ক বেইজ), নিমপাতা, অ্যালোভেরা, খানিকটা কাঁচা হলুদ, এসেনসিয়াল অয়েল, সোপ কালার (না হলেও চলবে), সাবানের ছাঁচ। 


প্রথমে নিমপাতা, অ্যালোভেরা ও কাঁচা হলুদ ভালো করে ধুয়ে নিন। এরপর অ্যালোভেরার পাতা কেটে ভেতর থেকে জেলি বের করে নিমপাতা ও কাঁচা হলুদ টুকরো করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি একটি পরিষ্কার কাপড়ে নিয়ে ভালো করে চেপে রসটুকু বের করুন। এবার পছন্দমতো এসেনসিয়াল অয়েল কয়েক ফোঁটা যোগ করে মিশিয়ে ফেলুন। একটি গ্লিসারিন সোপ বেইজ কেটে ছোট ছোট টুকরো করে নিন। একটি স্টিলের পাত্রে সাবানের টুকরোগুলো নিন। আরও একটি বড় স্টিলের পাত্রে পানি ভরে গরম হতে দিন। পানি এমনভাবে নেবেন যেন সাবান রাখা পাত্রটি তাতে অর্ধেক ডুবে যায়। পানি ফুটে এলে তাতে সাবান রাখা পাত্রটি বসিয়ে একটি স্টিলের চামচ দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নিন। ভালোভাবে গলে গেলে তাতে মিশ্রণটি যুক্ত করে সাবানের ছাঁচে ঢেলে নিন। ভালোভাবে শক্ত হয়ে গেলেই এটি ব্যবহার উপযোগী হয়ে উঠবে।

এ সাবানটি ত্বক ময়েশ্চারাইজড রাখতে যেমন সাহায্য করবে তেমনই অ্যান্টি- ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। ফলে ব্রণ হওয়ার আশঙ্কা কমে যাবে, ত্বকে আসবে দারুণ উজ্জ্বলতা।

প্রাকৃতিক শ্যাম্পু

বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পুতে সালফেট থাকে যা চুলের জন্য ক্ষতিকর। চুল ভালো রাখতে পুরোপুরি প্রাকৃতিক উপাদানে উপাদানে তৈরি একটি শ্যাম্পু বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন।

এ শ্যাম্পু বানাতে লাগবে ৫০ গ্রাম করে রিঠা, শিকাকাই ও আমলকী। এরপর বাটিতে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। সকালে উঠে এ পানিসহ সব জিনিস একটি পাত্রে নিয়ে মাঝারি তাপে চুলায় জ্বাল দিন। সঙ্গে আরও এক কাপ পানি দিতে পারেন। ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। এরপর একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেল প্রাকৃতিক শ্যাম্পু। শ্যাম্পু করার আগে চুল পানিতে ভিজিয়ে নিয়ে ব্যবহার করুন।

লিপ বাম

ঠোঁট ফাটা কমাতে এবং গোলাপি আভা ফেরাতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন লিপ বাম। ঘরে লিপ বাম বানাতে প্রয়োজন হবে পেট্রোলিয়াম জেলি, গোলাপের পাপড়ি মিহি করে বাটা, অলিভ অয়েল বা বাদাম তেল এবং গোলাপজল। পেট্রোলিয়াম জেলির সঙ্গে ভালোভবে মিশিয়ে নিন গোলাপের পাপড়ি বাটা। রঙ কতটা গাঢ় বা হালকা চান তার ওপর নির্ভর করে গোলাপের পাপড়ি মিশিয়ে নেবেন। এরপর দিন কয়েক ফোঁটা অলিভ অয়েল বা বাদামের তেল। সবশেষে যোগ করুন কয়েক ফোঁটা গোলাপজল। সব উপাদান ভালোভাবে মিশিয়ে হালকা করে গরম করে গলিয়ে নিন। এরপর ঠান্ডা হলে শুকনো একটি পাত্রে সংরক্ষণ করুন। 


তেল

কেমিক্যালযুক্ত হেয়ার অয়েল হতে পারে চুলের ক্ষতির অন্যতম কারণ। এ ক্ষতি এড়াতে চুলের যত্নে নিজেই তৈরি করে নিতে পারেন দারুণ উপকারী একটি হেয়ার অয়েল। এটি বানাতে প্রয়োজন হবে ২৫০ মিলি নারকেল তেল, ১৫০ মিলি ক্যাস্টর অয়েল, ১ টেবিল চামচ মেথি, ১ টেবিল চামচ কালিজিরা, কিছু পেঁয়াজ কাটা। 

প্রথমে একটি শুকনো পাত্রে মেথি ও কালিজিরা আলাদাভাবে রোস্ট ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। একটি স্টিলের পাত্রে নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। দুই মিনিট পর মেথি ও কালিজিরা গুঁড়ো গরম তেলে ঢেলে দিন। হাই ফ্লেমে জ্বাল দিতে থাকুন। আরও খানিকটা জ্বাল হয়ে এলে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিন। ভালোভাবে জ্বাল দিয়ে নামিয়ে নিন এবং ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে এলে একটি কাচের জারে ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটি সংগ্রহ করুন। এ তেল রাতে চুলে লাগিয়ে সকালে শ্যাম্পু করে ফেলুন। অল্প দিনে চুল যেমন বৃদ্ধি পাবে, তেমনই হবে স্বাস্থ্যোজ্জ্বল।

মডেল : ইতি

ছবি : মনজু আলম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা