ফারুক নওয়াজ
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১২:২৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১২:২৬ পিএম
অলংকরণ : রজত
যাইতে যাইতে খায়
খাইতে খাইতে যায়
নাইতে নাইতে হঠাৎ নবার
দারুণ খিদে পায়।...
শুইতে শুইতে খায়
ঘুম কি আসে হায়!
ঘুমের মধ্যে খিদের চোটে
অঙ্গুলি চিবায়।..
এত্তো খাওন খায়
তাও কি খিদে যায়!
খাওয়ার দোষে বসতবাটি
সবকিছু হারায়।
পুতুলকাণ্ড
মাসুদুল হাসান রনি
আঁটুল বাঁটুল শামলা সাঁটুল
চারজনে যায় হাটে
পুতুল কিনে ফিরল বাড়ি
সূর্যি গেল পাটে।
কেমন পুতুল দেখতে কেমন
রঙ কি তাদের গায়ের
গবেষণায় ঝড় উঠেছে
ধূমায়িত চায়ের।
হাঁটছে পুতুল বলছে কথা
করছে ঘরের কাজ
অবাক হয়ে দেখছে সবাই
কপালজুড়ে ভাঁজ।
কেউ বলছে নাক চ্যাপ্টা বোঁচা
মায়াময় দু’চোখ
কেউ বলছে গা বেটে গড়ন
ভিন গ্রহের লোক।
কেউ বলছে ভাষাটা ওদের
চুং চাং ভুং ভাং হবে,
খুঁজে আনো এমন পুতুল
কে দেখেছে কবে?
পুতুল নিয়ে পাড়াপড়শি
পাকিয়ে ফেলছে কেশ
আঁটুল বাঁটুল শামলা সাঁটুল
হাসতে হাসতে হয় শেষ।