হেলেনা পারভীন রুমা
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৫:৪৯ পিএম
সারা দিন রোজা রাখার পর ইফতারে যদি স্বাস্থ্যকর পানীয় পান করা হয়, তাহলে প্রাণও জুড়ায়, শরীরও ভালো থাকে। ইফতারে প্রাণ জুড়ানো কয়েকটি শরবতের ছবি ও রেসিপি দিয়েছেন হেলেনা পারভীন রুমা
খেজুরের লাচ্ছি
যা যা লাগবে
১৫-১৬টি খেজুর, ২ টেবিল চামচ চিনি (স্বাদমতো), ১ কাপ দুধ, ২ কাপ টক দই অথবা মিষ্টি দই, ৬-৭টি কাজুবাদাম (না দিলেও চলবে), কয়েকটি আইস কিউব, সাজানোর জন্য কিছু পেস্তা বাদাম কুচি।
যেভাবে বানাবেন
খেজুরের বিচি ছাড়িয়ে ১ কাপ দুধে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি ব্লেন্ডারের জারে খেজুর ভেজানো দুধ, দই, চিনি, কাজুবাদাম, আইস কিউব সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে কিছু আইস কিউব এবং কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিলেই হয়ে গেল দারুণ রিফ্রেশিং খেজুরের লাচ্ছি।

চিড়ার লাচ্ছি
যা যা লাগবে
১ কাপ টক দই, ১/২ কাপ চিড়া, ১/২ কাপ দুধ, ২ টেবিল চামচ চিনি অথবা অরগানিক মধু, কিছু বরফের টুকরো, গার্নিশিংয়ের জন্য কিছু পেস্তা বাদাম কুচি।
যেভাবে বানাবেন
প্রথমে চিড়া ভালো করে পানি দিয়ে ধুয়ে ৮-১০ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারের জারে পেস্তা বাদাম কুচি ছাড়া ওপরের বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করলেই হয়ে যাবে মজাদার চিড়ার লাচ্ছি। এবার একটি গ্লাসে ঢেলে ওপরে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
-67c6cc36d3949.jpg)
স্ট্রবেরি ও পাকা কলার স্মুদি
যা যা লাগবে
৫-৬টি স্ট্রবেরি, ১টি মাঝারি সাইজের পাকা কলা, ১ কাপ দুধ, ১/২ কাপ টক দই, চিনি (যদি প্রয়োজন হয়), কিছু বরফের টুকরো।
যেভাবে বানাবেন
স্ট্রবেরির বোটাগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিন। একটি ব্লেন্ডারের জারে ওপরের সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্যস হয়ে গেল মজাদার স্বাদের স্ট্রবেরি ও পাকা কলার স্মুদি।

তরমুজের জুস
যা যা লাগবে
২ কাপ তরমুজের টুকরো, পরিমাণমতো বরফের টুকরো, সামান্য লেবুর রস, সামান্য বিটলবণ, স্বাদমতো চিনি।
যেভাবে বানাবেন
বরফ ছাড়া ওপরের সব উপকরণ একটি ব্লেন্ডারের জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর একটি গ্লাসে পরিমাণমতো বরফের টুকরো দিয়ে ছেঁকে রাখা জুস ঢেলে দিয়ে পরিবেশন করুন রিফ্রেশিং এ তরমুজের জুস।

পেঁপের জুস
যা যা লাগবে
১ কাপ পেঁপে (ছিলে টুকরো করে নেওয়া), ১ কাপ পানি, ১/২ চা চামচ বিটলবণ, ৩-৪ কাপ পানি, কিছু বরফের টুকরো।
যেভাবে বানাবেন

পেঁপে ভালোভাবে ছিলে বিচি ফেলে দিয়ে টুকরো করে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারের জারে ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্যস হয়ে গেল দারুণ মজার এবং রিফ্রেশিং পেঁপের জুস। এবার সার্ভিং গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
ছবি - হেলেনা পারভীন রুমা