সাদিয়া সিদ্দিকা
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৫:৪১ পিএম
রোজায় দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে শরীরের পাশাপাশি ত্বকে পানির অভাব দেখা দিতে পারে। যার ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠার আশঙ্কা দেখা দেয়। ত্বকের এ আর্দ্রতা ধরে রাখতে বেশ কিছু সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেসব উপকারী উপায়, যা আপনার ত্বক দীর্ঘ সময় পানি পান না করার পরও রাখবে সতেজ ও প্রাণবন্ত।
পর্যাপ্ত পানি পান করুন
নিজের ত্বক সতেজ রাখতে তাই ইফতারের সময় থেকে শুরু করে সেহরি পর্যন্ত অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। এতে সারা দিনের পানির ঘাটতি পূরণ হতে সাহায্য করবে। এ ছাড়া এ সময় ডিহাইড্রেশনে ভুগতে পারেন আর তা রোধ করতে শরবত, ডাবের পানি ও ফলের রস পান করতে পারেন।
সুষম খাবার খান
শুধু পানি বা শরবত খেলেই হবে না! নিজের ত্বক প্রাণবন্ত রাখতে ইফতারে বেছে নিতে পারেন শসা, তরমুজ, কমলা, স্ট্রবেরি, দই ও বাদামজাতীয় খাবার। এসব খাবার সাধারণত ত্বক ভেতর থেকে আর্দ্র রাখে। এ সময় অতিরিক্ত চা-কফি যেন পান করা না হয় খেয়াল রাখতে হবে সেদিকেও। কেননা এসব পানীয় পানিশূন্যতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি অতিরিক্ত ভাজাপোড়া খাবার এড়িয়ে চলতে হবে।
ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য সকালে ও রাতে ময়েশ্চারাইজার লাগাতে পারেন। এ ক্ষেত্রে বেছে নিতে পারেন গ্লিসারিন, অ্যালোভেরা বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার।
সানস্ক্রিন ব্যবহার করুন
রোজা রেখে অনেকেই কাজের জন্য বাইরে বের হন। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি হলেও অনেকেই মনে করেন রোজা রেখে সানস্ক্রিন লাগানো উচিত নয়। এ ধারণাটি সঠিক নয়। নিজের ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে বাইরে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে এসপিএফ ৩০যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ত্বক ভালো থাকবে।
হালকা মেকআপ করুন
রোজার সময় ভারী মেকআপের বদলে বেছে নিন হালকা ও হাইড্রেটিং প্রোডাক্ট। যেমন ফাউন্ডেশন, কনসিলারের বদলে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে চেষ্টা করুন প্রাকৃতিক উপাদান ব্যবহারের। যেমন রাতে ঘুমানোর আগে শসার রস, গোলাপজল, অ্যালোভেরা জেল, নারকেল তেল বা অলিভ অয়েল ইত্যাদি লাগিয়ে নিতে পারেন।
পর্যাপ্ত পরিমাণে ঘুমান
রোজার সময় শুধু সঠিক খাবার ও পানি খাওয়াই নয়, ভালো ঘুমও ত্বকের সতেজতা বজায় রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত ঘুমের ফলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। এ ছাড়া ত্বকে কোলাজেন বৃদ্ধি করতেও ঘুম অনেকটাই কার্যকর উপায় হিসেবে কাজ করে।
নিউট্রিশনিস্টের পরামর্শ
ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য কী কী করণীয় সে সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন নিউট্রিশনিস্ট মাহনাজ রহমান
মডেল : রিভানা
ছবি : মনজু আলম