× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ ফ্যাশনে পাঞ্জাবি

রোজী আরেফিন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৫:৩৪ পিএম

ঈদ ফ্যাশনে পাঞ্জাবি

ফ্যাশনে ট্রেন্ডের যতই পরিবর্তন আসুক, ঈদ মৌসুমে পাঞ্জাবির আবেদন কখনই কমবে না। দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো ইতোমধ্যেই বাহারি পাঞ্জাবি নিয়ে কাজ শুরু করেছে। এবারের ঈদ ফ্যাশনে কী ধরনের পাঞ্জাবি নিয়ে কাজ হচ্ছে, কেমন চাহিদা এসব নিয়ে লিখেছেন রোজী আরেফিন   

ঈদের আনন্দে স্টাইলের ছোঁয়া দিতে পাঞ্জাবির গুরুত্ব সব সময়ই আলাদা। সময়ের সঙ্গে পরিবর্তন আসে ডিজাইন, রঙ ও ফেব্রিকে। প্রতিবারের মতো এবারও ছেলেদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনারদের ভিন্ন ভিন্ন চিন্তা। এবারের ঈদে কোন ট্রেন্ড জনপ্রিয়, কী ধরনের পাঞ্জাবি রয়েছে পছন্দের তালিকায়, সেরা কালেকশন কোথায় পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক।

কেন পাঞ্জাবি ছেলেদের ঈদ ফ্যাশনের সেরা পছন্দ

ফ্যাশন দুনিয়ায় পরিবর্তন ক্রমবর্ধমান। চিন্তাধারার নতুনত্বের সঙ্গে তাল মিলিয়ে রঙে, নকশায় বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। অনেকেই ভাবেন, পাশ্চাত্য পোশাকের প্রভাবের কারণে হয়তো পাঞ্জাবির জনপ্রিয়তা কমে যাচ্ছে। কিন্তু বাস্তবে হচ্ছে এটার উল্টোটা। পাঞ্জাবি এখন শুধু ঐতিহ্যের প্রতীক নয়, এটা একটা স্টাইল স্টেটমেন্টও।

পাঞ্জাবির জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত. এটি ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মিশে আধুনিক ফিউশন পোশাকের রূপ নিয়েছে, যা এখন অনেকের পছন্দ। দ্বিতীয়ত. এটি শার্ট বা ব্লেজারের তুলনায় অনেক বেশি আরামদায়ক। পাঞ্জাবি পরলে গরমের দিনেও সহজে আরাম পাওয়া যায়। তৃতীয়ত. পাঞ্জাবি এখন বিভিন্ন ডিজাইন, কাট এবং ফেব্রিকের মধ্যে পাওয়া যায়। ফলে বিভিন্ন অনুষ্ঠানে যেমন বিয়ে, ঈদ বা যেকোনো উৎসবের সময় খুব সহজেই পরা যায়। 

এবারের ঈদে আবহাওয়া গরম থাকবে বলে পোশাকের ক্ষেত্রে সুতি ও লিনেনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘রঙ বাংলাদেশের এবারের পাঞ্জাবি কালেকশনে আরামদায়ক ও ট্রেন্ডি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। হালকা ও স্বাচ্ছন্দ্যময় অনুভূতি দিতে ব্যবহৃত হয়েছে কটন ফেব্রিক্সের বিভিন্ন কম্বিনেশন ও লিনেন, যা গরমের দিনে আরামদায়ক ও স্টাইলিশ লুক দেবে। ডিজাইনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে থিম ও মোটিফের ওপর।’ কী ধরনের ডিজাইন করা হয়েছেÑ এ প্রশ্নের উত্তরে তিনি জানান, পাঞ্জাবিগুলো ডিজাইন করা হয়েছে ডিলাইট ইন ডিজাইন, টি-নালক ওয়েভিং এবং আল হামরা মসজিদের অনুপ্রেরণায়। ঐতিহ্যবাহী স্থাপত্য ও শৈল্পিক মোটিফের সংযোজন এ পাঞ্জাবিগুলোকে দিয়েছে ভিন্ন মাত্রা। রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ঈদের আবহ ফুটিয়ে তোলার জন্য ন্যাচারাল আর্থ টোন, ক্লাসিক সাদা-কালো, গাঢ় নীল, সবুজ, মেরুন এবং ঐতিহ্যবাহী উজ্জ্বল রঙের মিশ্রণ। সেই সঙ্গে পাঞ্জাবিগুলোয় থাকছে কারচুপি, সূচিকর্ম, স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট ও অ্যাপ্লিক ডিজাইনের চমৎকার সংযোজন। করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। প্রতিটি কাজ গ্রাহকের পছন্দ গুরুত্ব দিয়ে করা হয়েছে।

পাঞ্জাবির ধরন, ফেব্রিক ও ডিজাইন

এখনকার দিনে পাঞ্জাবির ধরন, ফেব্রিক ও ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে পছন্দের পাঞ্জাবি কেনার ব্যাপারটা নির্ভর করে ব্যক্তির বয়স, প্রয়োজন এবং স্টাইলের ওপর। তবে সবচেয়ে বড় বিষয় হলো পাঞ্জাবি কতটা আরামদায়ক এবং আধুনিক। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের পাঞ্জাবি পাওয়া যায়, যেমনÑ

ট্র্যাডিশনাল পাঞ্জাবি (ফেব্রিক : কটন, মসলিন, জর্জেট)

রঙ ও ডিজাইন : সাধারণত সাদা, অফ-হোয়াইট, নেভি ব্লু, সিলভার বা গোল্ড রঙের পাঞ্জাবি হয়। ডিজাইন সাধারণত সোজা কাট এবং সিম্পল থাকে, তবে কিছুটা সূচিকর্ম বা এমব্রয়ডারির ফিনিশিং থাকতে পারে। ঈদ বা বড় দিনে এ ধরনের পাঞ্জাবি পছন্দের তালিকায় বেশি থাকে।

ফিউশন পাঞ্জাবি (ফেব্রিক : লিনেন, সিল্ক, ভিসকস, শিফন)

রঙ ও ডিজাইন : প্যাস্টেল শেড, মেন্ট গ্রিন, হালকা ব্লু, ল্যাভেন্ডার ইত্যাদি। ডিজাইনে আধুনিক টুইস্ট থাকে, যেমন স্লিম ফিট, অ্যাসিমেট্রিক হেমলাইন, স্ট্রাকচার্ড কাট, অথবা ফিউশন স্টাইলের বোতাম বা ডিজিটাল প্রিন্ট।

কাস্টমাইজড পাঞ্জাবি (ফেব্রিক : কটন, মসলিন, লিনেন, সুতি)

রঙ ও ডিজাইন : ক্রেতাদের পছন্দ অনুযায়ী এসব পাঞ্জাবির রঙ বেছে নেওয়া যায়, যেমন সাদা, বেগুনি, নেভি ব্লু বা মেরুন। ডিজাইন সাধারণত সোজা কাট বা স্লিম ফিট হতে পারে। এ ক্ষেত্রে ফিটিংয়ের ওপর বিশেষ নজর দেওয়া হয় এবং ক্রেতার পছন্দ অনুসারে ডিজাইনও করা হয়।

হ্যান্ড এমব্রয়ডারি পাঞ্জাবি (ফেব্রিক : ফরাসি সিল্ক, এমব্রয়ডারি সিল্ক, মসলিন, কাশ্মিরি ফেব্রিক)

রঙ ও ডিজাইন : গাঢ় গোল্ড, সিলভার, ব্ল্যাক বা বেগুনি রঙের পাঞ্জাবি হয়। ডিজাইনে সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি, সুতোর কাজ থাকে যা পাঞ্জাবিকে রাজকীয় এবং গ্র্যান্ড লুক দেয়।

মিনিমালিস্ট পাঞ্জাবি (ফেব্রিক : লিনেন, কটন, সুতি)

রঙ ও ডিজাইন : সাদামাটা, প্যাস্টেল বা হালকা রঙ যেমন সাদা, ক্রিম, লাইট ব্লু, টফি ব্রাউন এবং মার্সালা ইত্যাদির প্রাধান্য থাকে। ডিজাইনে সাধারণত এক্সট্রা কোনো এমব্রয়ডারি থাকে না। উপরন্তু এসব পাঞ্জাবিতে একটি ক্লিন লুক প্রদান করতে সোজা কাট এবং মিনিমাল ফিনিশিং থাকে।

ক্যাজুয়াল পাঞ্জাবি (ফেব্রিক : কটন, ডেনিম, লিনেন)

রঙ ও ডিজাইন : বিভিন্ন রঙে পাওয়া যায় যেমন মেন্ট গ্রিন, লাইট গ্রে, ব্লু, ইয়েলো। ডিজাইন সাধারণত আরামদায়ক, ফিউশন স্টাইল, কিছু ডিজিটাল বা জ্যামিতিক প্রিন্ট থাকে যা তরুণদের মধ্যে জনপ্রিয়।

এবারের ঈদে পাঞ্জাবির ট্রেন্ড

এবারের ঈদে পাঞ্জাবির ডিজাইনে এসেছে নতুন ফিউশন ও আধুনিকতা। তরুণরা স্লিম ফিট, ডিজিটাল প্রিন্ট ও ফিউশন স্টাইল পছন্দ করছে, যেখানে প্যাস্টেল শেড ও মেন্ট গ্রিনের মতো সফট টোন বেশি দেখা যাচ্ছে। স্ট্রাকচার্ড কাট, ওভারল্যাপ ডিজাইন এবং স্টাইলিশ বোতাম তরুণদের স্টাইল স্টেটমেন্টে নতুন মাত্রা যোগ করছে।

২৫ থেকে ৪০ বছর বয়সি পুরুষরা মিনিমালিস্ট ডিজাইন ও সেমিফরমাল স্টাইল পছন্দ করছেন, যেখানে অলিভ গ্রিন, মার্সালা ও টফি ব্রাউন রঙের পাঞ্জাবি জনপ্রিয়।

৪০ বছরের ওপরে বয়সি পুরুষরা ক্লাসিক ও রেগাল লুক পছন্দ করছেন, যেখানে স্ট্রেইট কাট এবং সূচিকর্মযুক্ত পাঞ্জাবি রয়েছে। ক্লাসিক ব্ল্যাক, সাদা, নেভি ব্লু ও বেগুনি রঙের পাঞ্জাবি তাদের পছন্দের তালিকায় শীর্ষে।

বর্তমানে ছেলেদের পছন্দের একটি ব্র্যান্ড আজরান। এবার ঈদে ছেলেদের জন্য কী ধরনের পাঞ্জাবি নিয়ে কাজ করা হয়েছেÑ এ সম্পর্কে ব্র্যান্ডের নওশিন নওয়ার বলেন, ‘আজরানের পাঞ্জাবি কালেকশনগুলো তৈরি করা হয়েছে প্রিমিয়াম কটন, সিল্ক, রিমি কটন, তসর এবং লেলান কটন দিয়ে এবং এতে রয়েছে রেশম, সিকুইন, কাট দানা, জারদোজি, মিরর ওয়ার্ক, স্প্রিং ওয়ার্ক এবং গোট্টা পট্টি এমব্রয়ডারি। যারা কিছুটা ভিন্নধারার কাজ পছন্দ করেন তাদের মাঝে এ পাঞ্জাবিগুলোর বেশ ভালো চাহিদা রয়েছে।’ 

পাঞ্জাবির পছন্দের ধরন

প্রিমিয়াম রেঞ্জ (৫,০০০-১৫,০০০ টাকা) : হাই-এন্ড ডিজাইন, ইতালিয়ান কটন, মসলিন বা ফরাসি এমব্রয়ডারি ব্যবহার হয়। জামালস, টেইলর মেইড ও অন্যান্য কাস্টমাইজড শপে এ পাঞ্জাবিগুলো পাওয়া যায়।

মিড রেঞ্জ (৩,৫০০-৮,০০০ টাকা) : এসব পাঞ্জাবির উন্নত ফেব্রিক ও স্টাইলিশ ডিজাইন হয়। বিশেষ করে লিনেন, এমব্রয়ডারি বা ফিউশন কাটের পাঞ্জাবি মিড রেঞ্জে পাওয়া যায়। আজরান, আড়ং, ইয়োলো, ওয়েস্টার্না ও প্রিমিয়াম ই-কমার্সে এ পাঞ্জাবিগুলো পাবেন।

বাজেট ফ্রেন্ডলি (১,৫০০-৩,৫০০ টাকা) : কম বাজেটে কটন বা লিনেন ফেব্রিকের পাঞ্জাবিগুলো বেশ জনপ্রিয়। এসব পাঞ্জাবির সলিড কালার বা মিনিমালিস্ট ডিজাইন হয়, ফলে এগুলো রেগুলার ইউজের জন্য উপযুক্ত। নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, জিন্দাবাজার ও অনলাইন প্ল্যাটফর্মে এসব পাঞ্জাবি পাওয়া যায়।


মডেল : শুভ, সৌরভ, রাব্বি, ফয়সাল

ছবি : আজরান, রঙ বাংলাদেশ, কে ক্র্যাফট 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা