প্রেমের অণুগল্প
খাদিজা আক্তার সায়মা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭ পিএম
আপনাকে দেখেছিলাম এক অজানা অচিনপুরে যাওয়ার পথে। আপনি বসে ছিলেন আমার সিটের ঠিক আড়কোণে। যেতে যেতে আনমনে চিঠি লিখতে থাকি আপনাকে নিয়ে। চিঠি লেখার আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু সঙ্গে সব সময় ডায়েরি রাখি সব স্মৃতি আঁকড়ে রাখার জন্য। আপনিও তেমনি অজানা এক স্মৃতি হয়ে গেলেন।
আপনার মধ্যে আমি দেখেছি বাংলার মায়েদের মতো আঁচলে ঘেরা বারো হাত মসলিন শাড়ি। পাড়ে ছিল সাদা-কালো এক অজানা মায়া। হাতে রেশমি চুড়ি, গালে টোপ। কখনও খোলা চুলগুলো জানালা দিয়ে বাইরে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে। ডাগর ডাগর চোখের চাউনিতে প্রকৃতি যেন আপনাকে পেয়ে সার্থক। সঙ্গে আমিও হারিয়ে গেলাম এক অজানায়। হঠাৎ আপনার পাশে এসে বসল এক যুবক হ্যাংলা-পাতলা। অভিমান ঢের জমল। আপনার পাশে অন্য কেউ সহ্য হচ্ছে না প্রিয়তমা। নিজেকে সংযত রেখে মাথা নিচু করে থাকি কারণ আমি আপনার পাশে অন্য কাউকে দেখতে পারব না।
মাথা নিচু থাকা অবস্থায় ঘুমিয়ে যাই। ঘুম ঘুম অবস্থায় এক স্নিগ্ধ-মলিন ঘ্রাণ আমার নাকে আসছে। মনে হলো আমি স্বর্গের সুবাস পাচ্ছি। চোখ মেলতেই দেখি আপনি আমাকে ডেকে বলছেন, এই যে আপনার পাশে এ সিটটা আমার। আপনার এ কথা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে পৃথিবীর সবচেয়ে ধন্য বক্তি মনে হচ্ছিল। আপনি আলতো করে সিটে বসলেন আর আমি অবাক হয়ে চেয়ে রইলাম। সৃষ্টিকর্তা কি মলিনভাবে তার সৃষ্টি তৈরি করেন আপনাকে না দেখলে বোঝা দায় ছিল। সত্যিই অপরূপ!! যাই হোক নানা বচনের ভঙ্গিতে, কথাবার্তার ছড়াছড়িতে, গালে টোপ পড়া হাসিতে চলতে চলতে আমাদের যাত্রাপথ এসে থেমে গেল।
আপনি নেমে গেলেন। পেছন থেকে আপনার যাওয়ার চলন এবং ঘোমটা টেনে দেওয়া, আমার হৃদয়ে যেন এক দমকা হাওয়া বয়ে যাচ্ছিল। পেছন থেকে ডাকার সাহস হয়ে ওঠেনি।
আপনি নামার সঙ্গে আমি দৌড়ে ছুটে চলে যাই। আমার মনের ভাবগুলো চিঠির মাধ্যমে পৌঁছে দেব বলে আপনাকে। কিন্তু দুঃখের বিষয়, আমি ট্রেন থেকে নামার সময় চিঠিখানা ট্রেনের সিটে রেখে নেমে যাই। ট্রেনও ছুটে চলে যায় তার গন্ত্যবে।
মানুষ হারাতে পারে কিন্তু তার মায়া ও ভালোবাসা কখনও হারায় না। অনেকবার সেই অচিনপুরে গিয়েছিলাম কিন্তু প্রিয়তমার দেখা মেলেনি। ভারাক্রান্ত মন নিয়ে সব সময় ফিরতে হয়েছে। তবে যতবারই ওই পথে যেতাম একটি করে চিঠি লিখে ছুড়ে ফেলতাম জানালা দিয়ে, যদি কখনও আপনার সেই মলিন হাতে পৌঁছায়। কখনও না কখনও সে ফিরবে, তার সঙ্গে আবার দেখা হবে অন্ধকার আচ্ছন্ন কোনো স্টেশনে।