সারওয়ার-উল-ইসলাম
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১২:৪৯ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১২:৫৬ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
প্রজাপতি কথা বলে ফড়িংয়ের সাথে
কেমনে থাকিস জেগে, ঘুমাস না রাতে?
মোবাইলটা হাতে রেখে চুপচাপ করে
কার সাথে এত কথা সারা রাত ধরে?
প্রতিদিন ফাঁকি দিস অঙ্কের ক্লাস
অঙ্ক খাতায় তাই জিরো তুই পাস।
ফড়িং সুযোগ বুঝে বলে, প্রজাপতিÑ
আমি বললেই কথা হয়ে যায় ক্ষতি?
তুই কেন জেগে জেগে ফেসবুকে থেকেÑ
রাত্রি করিস পার, পড়াশোনা রেখে।
ইংরেজি ক্লাসে তুই নিচু রেখে মাথাÑ
আঁকিবুঁকি করে শুধু ভরে দিস খাতা।
দুইজন ফাঁকিবাজ, দুষ্টু দুজন
বাগানে ঘুরছে ওরা, আহারে সুজন!

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
শেখ সালাহ্উদ্দীন
মায়ের কাছে খেলাম বকা, কানমলা আর চড়ও
মনটা খারাপ হয়নি আমার এতকিছুর পরও
কিন্তু রেগে বলল যখন, দূর হয়ে যা বাঁদরÑ
নিন্টুটাকে কাছে ডেকে করল অনেক আদর
তখন আমার কান্না পেল কী যে অভিমানে
কারণটা তো আমি এবং নিন্টু কেবল জানেÑ
দুষ্টুমিটা করেছিল নিন্টু, আমি নই
যতই বলি, মিন্টু আমি! শুনল তা মা কই!
নিন্টু ভেবে আমাকেই দিল বকা, মার
আপন মা-ই করল এ ভুল, এমন অবিচার!
ওর ও আমার চেহারাতে প্রভেদ আছে সূক্ষ্ম
চেনার ভুলে জোটে মজা, কখনোবা দুঃখ।
তোমরা যারা যমজ, তারা একটু সজাগ থেকো
চক্ষু এবং কর্ণ দুটি সদা খোলা রেখো।
বলছি কেন এমন কথা? শুনলেই তো, আরে!
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে পড়তেও তো পারে।

