× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজনেস কেস প্রতিযোগিতায় অনন্য অর্জন

আসমাউল হুসনা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১০:০১ এএম

লাল সবুজের পতাকা নিয়ে টিম বাংলাদেশ

লাল সবুজের পতাকা নিয়ে টিম বাংলাদেশ

বিজনেস কেস প্রতিযোগিতার ক্ষেত্রে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ‘ব্যাটল অব মাইন্ডস’। এ প্রতিযোগিতার গ্লোবাল রাউন্ডে শিক্ষার্থীদের টিম বাংলাদেশ সেকেন্ড রানারআপ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে। বিস্তারিত লিখেছেনÑ আসমাউল হুসনা

‘ব্যাটল অব মাইন্ডস’-এর গ্লোবাল রাউন্ডে সেকেন্ড রানারআপ হয়েছে টিম বাংলাদেশ। আন্তর্জাতিক মঞ্চে বরাবরই দেশের তরুণরা সাফল্য বয়ে আনেন। সে ধারাবাহিকতায় বিশ্বের মেধাবী তরুণ মনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যতিক্রমী উদ্ভাবন, সমস্যা সমাধানে দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনা প্রদর্শন করে দলটি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রানারআপ স্থান অর্জন করে।

এ অবিশ্বাস্য কৃতিত্ব বাংলাদেশি তরুণদের বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্ব অর্জনের অপার সম্ভাবনা তুলে ধরে। এ অর্জন বিইউপি এবং বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত, যা দেশের তরুণ নেতাদের প্রতিভা এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করে। ‘পারডন আস, কামিং থ্রু’ দলটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে অধ্যবসায় এবং উদ্ভাবনের একটি অনুপ্রেরণামূলক উদাহরণ।

এবারের ব্যাটল অব মাইন্ডসের ২১তম সংস্করণে জাতীয় পর্বে বিজয়ী হয়েছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর দল পারডন আস, কামিং থ্রু। এ দলটিই বৈশ্বিক পর্বে লাল-সবুজের প্রতিনিধিত্ব করে।

বিজনেস কেস প্রতিযোগিতার ক্ষেত্রে দেশের অগ্রণী প্ল্যাটফর্ম ব্যাটল অব মাইন্ডসের সমাপনী অনুষ্ঠান ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এ প্রতিযোগিতা সক্ষমতার বিকাশ, সীমাবদ্ধতা অতিক্রম ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের অনুপ্রাণিত করার মাধ্যমে তাদের পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক প্রাঙ্গণে নেতৃত্ব দান করতে প্রস্তুত করে তোলে।

ব্যাটল অব মাইন্ডসের বাংলাদেশ আসরে ৭০টির অধিক বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে বিজয়ী দলটি বৈশ্বিক পর্বে ২৫টি দেশের বিজয়ী দলের সঙ্গে প্রতিযোগিতা করেছে। বৈশ্বিক পর্বের বিজয়ীরা তাদের উপস্থাপিত ধারণা বাস্তবায়নের জন্য সিড ফান্ড হিসেবে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন।

বাংলাদেশ পর্বে এ বছরের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল মূলত প্রোডাক্ট বা এআই রেভল্যুশনের মধ্যে যেকোনো একটি চ্যালেঞ্জ বেছে নিয়ে সংশ্লিষ্ট খাতে ইতিবাচক ভূমিকা আনা। গ্লোবাল রাউন্ডের সেকেন্ড রানারআপ হওয়া টিম বাংলাদেশের বিইউপির দল পারডন আস, কামিং থ্রুর সদস্য মো. নাহিয়ান হাসান, রিদাহ তারান্নুম মেহমুদ, আদীবা রুকাইয়া হাসান। বাংলাদেশ পর্বে দলটির বিজনেস প্ল্যান ছিল কাঁঠালের স্বাদকে নতুন রূপে নিয়ে আসা জ্যাকো ন্যাচারাল জ্যাকফ্রুট চিপস। ক্লাসিক সেভরি, আচারি টুইস্ট, বিবিকিউ ডিলাইট ও গ্রিল্‌ড চিজÑ সুস্বাদু এসব ফ্লেভারের স্বাস্থ্যকর সুপার-স্ন্যাকটিতে রয়েছে পুষ্টিগুণে ভরপুর উপাদান, সঙ্গে দুর্দান্ত স্বাদ।

উল্লেখ্য, ২১তম সংস্করণে জাতীয় পর্বে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সামিহা মাসুদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ ফসিউল আবেদীন খান ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অর্পা সাহার গঠিত দল ‘সিডসিঙ্ক’। তাদের বিজনেস প্ল্যান ছিল ওয়েলনেস ড্রিংক লাইন ‘বাবল’, যা নারীদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় ও হরমোনের সাইকেল ঠিক রাখতে সহায়তা করার মাধ্যমে তাদের সুস্থতায় ভূমিকা রাখবে। এ ড্রিংকের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। প্রতিটি ভ্যারিয়েন্টে রয়েছে প্রাকৃতিক উপাদান ও কার্যকর ফর্মুলেশনের চমৎকার সমন্বয়। বাবল নারীদের সুস্থতায় সহায়ক ভূমিকা পালন করবে।

দ্বিতীয় রানারআপ হয়েছিল নিউরনস। এর সদস্য ইউনাইটেড ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর আবির মোহাম্মদ সাদ ও সাদিয়া আহমেদ এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ফারহান ইশতিয়াক। তাদের আইডিয়া ছিল মস্তিষ্কের কার্যক্রম বোঝার মাধ্যমে অবচেতন মনে ভোক্তাদের আচরণ বিশ্লেষণে নিউরোমার্কেটিংয়ের ক্ষেত্রে ইইজি ও আই-ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান আরও কার্যকর ও ফলপ্রসূ ক্যাম্পেইন ও কমিউনিকেশন প্ল্যান এবং পণ্যের ডিজাইন করতে পারবে।

ব্যাটল অব মাইন্ডস প্রতিযোগিতা ২০০৪ সাল থেকে তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিযোগিতা তরুণদের উদ্ভাবনী ধারণা, অগ্রণী প্রযুক্তি ও দূরদর্শী সমাধানের মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার সুযোগ প্রদান করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা