রাশেদ রউফ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৯ পিএম
এই সুন্দর অলংকরণটি করেছে অর্নিলা ভৌমিক। সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী
যখন খেলছি খেলা সবুজের খামে
এমন সময় রাতে আমাদের গ্রামে
নেমে এলো শীত গায়ে আকাশের চাঁদ
ছড়ায় খুশির ধারা হাসি আহ্লাদ!
ঝিকমিক আলো গায়ে চাঁদ হাসে ফিক
রুপোলি জোছনা ঢালে খুশির ঝিলিক!
জনে জনে বলে সে যে - পৃথিবীর মুখ
ভরে থাক উচ্ছ্বাসে, সুখরা জ্বলুক।
কার গায়ে জামা নেই, পেটে নেই ভাত
কার কাটে অনাদরে নির্ঘুম রাত
সব কিছু জেনে নিয়ে ফিরে আকাশে
পৃথিবীর চিত্রটা দু’চোখে ভাসে।
থান কাপড়ের মতো পবিত্র দিন
আসুক- জীবন হোক সবুজ রঙিন।
ঢেউয়ের মতোই সুখ আছড়ে পড়ুক
শিশিরের মতো দেশে শান্তি ঝরুক।
চাঁদ চায় পৃথিবীর অনাবিল সুখ
পালকের মতো শাদা মানুষের বুক।