× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওহীর বিজয় দিবস

রাফিয়া জান্নাত

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৯ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম

ছবিটি এঁকেছে আফিয়া তাহসিন।সে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী

ছবিটি এঁকেছে আফিয়া তাহসিন।সে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী

১৬ ডিসেম্বর, বিজয়ের সকাল। দেশজুড়ে আনন্দ আর উচ্ছ্বাস। মুক্তির নিশানা যেন বাতাসে মিশে আছে। গ্রামে, শহরে বিজয় দিবস পালনের প্রস্তুতি। লাল-সবুজে সেজে উঠেছে।

ক্লাস সিক্সে পড়া ছোট্ট ওহীর মনে আজ অদ্ভুত এক উত্তেজনা। তার দাদু মুক্তিযোদ্ধা ছিলেন। দাদু বলতেন, ‘এই দিনডা আমাগো রক্ত আর ত্যাগের ফসল। আমাগো সাথে আরও কত সহযোদ্ধা ভাই আছিল, যাগো রক্তের বিনিময়েই আজকের এই স্বাধীনতা।’ সেই কথাগুলো মনে পড়ে ওহীর। ছোট্ট উঠোনে জাতীয় পতাকা টানানোর দায়িত্ব আজ তার।

পতাকা উড়তে শুরু করলে ওহীর বুক গর্বে ফুলে ওঠে। মনে হয়, এ পতাকাটা শুধু একটা কাপড় নয়, এটা তাদের দেশের অহংকার। দাদুর মুখটা মনে পড়ে। দাদু প্রায়ই বলতেন, ‘আমাগো এই পতাকা মানে স্বাধীনতার প্রতীক। এখানে আমাগো ভাষা, সংস্কৃতি আর অধিকার আছে রে দাদুভাই।’

ওহীর মা রান্নাঘরে পায়েস রান্না করছেন। বাবা রেডিওতে যুদ্ধের গল্প শুনছেন। ওহী দাদুকে হারিয়েছে অনেক আগে, কিন্তু দাদুর সেই সাহসী মুখটা তার মনে গেঁথে আছে। আজ গ্রামের স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠান হবে। ওহী তার বন্ধুদের সঙ্গে সেখানে যাবে। অনুষ্ঠানস্থলে পৌঁছালে সে দেখে মঞ্চের সামনে বড় করে জাতীয় পতাকা রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের স্মরণ করে প্রধান শিক্ষক বক্তৃতা করলেন। ওহী মুগ্ধ হয়ে শোনে। আর সে ভাবে, ‘একদিন আমিও দাদুর মতো সাহসী হব। দেশের জন্য কিছু করব।’ তার চোখে স্বপ্ন খেলা করেÑ একটি সুন্দর, উন্নত বাংলাদেশের।

অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত বাজতে শুরু করলে ওহী হাতটা বুকের কাছে রেখে দাঁড়ায়। তার মনে হয়, এ গান তার হৃদয়ের প্রতিটি স্পন্দনের সঙ্গে মিশে গেছে। সে প্রতিজ্ঞা করে, দেশের জন্য সে সব সময় সৎ আর সাহসী থাকবে।

বিজয়ের এই দিনে ওহী শুধু নিজের দেশকেই ভালোবাসতে শেখেনি, শিখেছে নিজের শেকড়কে ভালোবাসতে। স্বাধীনতার অর্থ শুধু মুক্ত হওয়া নয়, নিজের পরিচয়কে ভালোবাসা এবং রক্ষা করা।

১৬ ডিসেম্বর ওহীর কাছে শুধুই এক বিজয় দিবস নয়; এটি তার জীবনের দিকনির্দেশনার একটি প্রতীক।

ফিরে এসে ওহী তার খাতায় লিখতে বসল, ‘১৬ ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, এটি আমাদের বীরদের আত্মত্যাগের স্মৃতি। তাদের রক্তের ঋণ শোধ করা যাবে না, তবে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশকে ভালোবাসতে পারি। কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করতে পারছি কি?’

অষ্টম শ্রেণি, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা