× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ

বিজয়ের আনন্দধারা

সুবর্ণা মেহ্‌জাবীন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:২৯ পিএম

বিজয়ের আনন্দধারা

বিজয় দিবসের উদ্‌যাপনে ফ্যাশন হয়ে ওঠে দেশপ্রেমের প্রতীক। লাল-সবুজের পোশাকে জাতির গৌরবময় ইতিহাসের ছোঁয়া, ঐতিহ্যের রঙ আর আধুনিকতার মেলবন্ধন তুলে ধরে। তারুণ্যের উদ্দীপনা এবং বিজয়ের চেতনাকে ফ্যাশনের মাধ্যমে উদ্‌যাপন করে নতুন মাত্রায়।

বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর একটি চিরস্মরণীয় দিন। এ দিনটি শুধু একটি বিজয়ের স্মৃতি নয়, এটি বাঙালির স্বাধীনতার জন্য ত্যাগ, সাহস এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ বিশ্বমানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বিজয় দিবসের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আধুনিক ফ্যাশন ও সংস্কৃতিতে বিজয়ের চেতনা ধারণ করার বিষয়টি আজকাল বিশেষ গুরুত্ব পাচ্ছে।


বিজয়ের গৌরব অতীত থেকে বর্তমান

বিজয়ের মাহাত্ম্য বুঝতে হলে আমাদের মুক্তিযুদ্ধের সেই গৌরবময় অধ্যায়ে ফিরে যেতে হবে। ১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে বাঙালি জাতি একত্র হয়ে রক্তক্ষয়ী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। লাখো মানুষের আত্মত্যাগ, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড এবং মুক্তিযোদ্ধাদের অক্লান্ত প্রচেষ্টার ফল হলো বিজয়। এ দিনে আমরা স্মরণ করি সেই শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

তবে বিজয় দিবস কেবল অতীতের স্মৃতি নয়; এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের প্রেরণা। প্রতিটি বছর বিজয় দিবস আমাদের নতুন করে স্মরণ করায়, আমাদের সংগ্রামের শক্তি এবং আমাদের অর্জনের গুরুত্ব।


ফ্যাশনে বিজয়ের চেতনা

শাড়ির জমিনজুড়ে সবুজ রঙ, পাড়ে লাল বিজয় দিবসে এমন শাড়ি চোখে পড়বে না তা কি হয়। এখন তো শাড়ির ক্যানভাসে দেখা মেলে নিত্যনতুন নানা মোটিফ। আঁচলজুড়ে থাকে মানচিত্র, দেশের ঐতিহ্য ও পতাকা। ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল লাল-সবুজ মিশেলের শাড়িতে একদম পরিপূর্ণ হয়ে উঠেছে। তবে এবার লাল সবুজের সঙ্গে সাদা, হলুদ, নীল, সবুজের নানা শেড, ধূসর রঙের আধিপত্য দেখা মিলছে। প্রতিটি শাড়ির থিমেই রয়েছে দেশের ঐতিহ্য, পতাকা ও দেশপ্রেমের চেতনা। কোনো কোনোটার আঁচলে দেখা যাচ্ছে স্মৃতিসৌধের জিওমেট্রিক ফর্ম। এ ছাড়া দেশাত্মবোধক গান, কবিতা, দেশি নদ-নদীর নাম ও গ্রামবাংলার ছবি দেখা মিলছে শাড়িতে। কোনো কোনোটা শুধু সবুজ জমিন, লাল পাড় ও আঁচল দিয়ে করা হয়েছে পতাকার প্রতিচ্ছবি। এগুলোয় থাকছে হালকা সুতার এমব্রয়ডারির কাজ। আবার লাল-সবুজের বাটিক, ব্লক প্রিন্টও দারুণ চলছে এবার। ফেব্রিক হিসেবে আছে বেশিরভাগই সুতি; যা পরতে অনেক আরামদায়ক। একদম দেশি তাঁতের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বিজয় মোটিফের শাড়িগুলো। এ ছাড়া বেশ কিছু ফ্যাশন হাউস এনেছে লাল-সবুজ জামদানি শাড়ি; যা রঙ ও ফেব্রিক সব দিক থেকে আমাদের দেশকে উপস্থাপন করবে। সঙ্গে আছে দারুণ সব ব্লাউজ পিস।


কামিজ-কুর্তি ফ্যাশনপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। তরুণী থেকে সব বয়সের নারী স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন এ পোশাক। কটন আর সিনথেটিক মিলিয়ে দারুণ সব বিজয় দিবসের কামিজ, কুর্তির কালেকশন এনেছেন বলে জানিয়েছেন সারা ফ্যাশন হাউসের ডিজাইনার মেহেরুবা আলম। সবকটিতেই বিজয়ের ছোঁয়া আর এমব্রয়ডারি, কারচুপিসহ নানা ধরনের কাজ। আর সিঙ্গেল কামিজ বা কুর্তিগুলো দেবে ক্যাজুয়াল লুক। কামিজ, ফ্রক বা কাফতান যেকোনো স্টাইলের ওয়ান পিস পরে নিতে পারবেন প্যান্ট বা পালাজ্জোর সঙ্গে।

সালোয়ার-কামিজে লাল জামার সঙ্গে ওড়না সবুজÑ এ ধরনের কন্ট্রাস্ট দেখা গেল বেশিরভাগ ব্র্যান্ডে। এগুলোর কোনোটাতে বুকে আলাদা কাপড় বসিয়ে কাজ করা, লেইস, টারসেলের কাজ তো আছেই। স্কিন প্রিন্ট, ব্লকবাটিকের সালোয়ার-কামিজের মধ্যে থাকছে লাল, সবুজ, সাদার মিশেল।

বিজয় দিবস শুধু একটি দিন নয়, এটি বাঙালির গৌরবময় ইতিহাস ও চেতনার প্রতীক। আমাদের দৈনন্দিন জীবনে এ চেতনার প্রতিফলন ঘটানোর অন্যতম মাধ্যম হলো ফ্যাশন। ফ্যাশন কেবল সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়; এটি আমাদের মূল্যবোধ, ঐতিহ্য এবং চেতনার প্রতিফলন। বিজয় দিবস উপলক্ষে তৈরি পোশাক আমাদের বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সুন্দর মাধ্যম।

সৌমিক দাস

কর্ণধার, রঙ বাংলাদেশ

পোশাক ও ছবি : রঙ বাংলাদেশ


যেকোনো দিনেই ছেলেদের ফ্যাশনে পাঞ্জাবি থাকে প্রথম পছন্দে। আর দেশি ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরতে পাঞ্জাবির কোনো বিকল্প হয় না। যেকোনো অনুষ্ঠানেই পাঞ্জাবি দেয় ক্লাসিক লুক। ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখ গেল বিজয় দিবসের বাহারি পাঞ্জাবির কালেকশন। এর মধ্যে রয়েছে শর্ট ও লং দুই ধরনের পাঞ্জাবি। সবুজ পাঞ্জাবিতে গলায় ও হাতে হালকা লাল কারুকাজ চোখে পড়ার মতো। সুতি, তসর, খাদি, হাফসিল্ক সব ম্যাটেরিয়ালের ওপরই আছে এগুলো। আবার একদম সুতি বাটিকের পাঞ্জাবির কদরও এবার কম নয়। এবার একেবারে লাল সবুজ না করে সাদার ওপর লালের কাজও করেছে বেশ কিছু ফ্যাশন হাউস। সাদা পাঞ্জাবিতে বুকে লাল কাজ, সাদার ওপর মালটি রঙের হ্যান্ডপেইন্টের কাজগুলো এবার তরুণদের কাছে খুবই জনপ্রিয়।

আর সব বয়সি ছেলের জন্য টি-শার্ট ক্যাজুয়াল পোশাক। ছোটবড় সবার জন্য ফুল স্লিভ ও হাফ স্লিভ টি-শার্ট এসেছে। সবুজ রঙের গেঞ্জিতে বুকে লাল বৃত্ত কার দিয়ে পতাকা, দেশের নাম, সৃতিসৌধ, সংসদ ভবন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লাসহ দেশের নানান ঐতিহ্যের ছবিসংবলিত টি-শার্টগুলো সারা বছরই আপনাকে পৌঁছে দেবে অন্য মাত্রায়।

বর্তমানে দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো বিজয় দিবস উপলক্ষে বিশেষ ডিজাইনের পোশাক তৈরি করে, যেখানে লাল-সবুজ রঙ, জাতীয় প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুপ্রেরণা ফুটে ওঠে।

বিজয়ের এ গৌরবগাথা কেবল অতীতের নয়, এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের পথচলার শক্তি। তাই বিজয় দিবস উদ্‌যাপন করা মানে নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক অর্থ শেখানো, তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং একটি উন্নত, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য অনুপ্রাণিত করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা