× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রম্য গল্প

পাত্র বাছাই

সারোয়ার হোসেন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯ পিএম

পাত্র বাছাই

সুস্মিতা বিত্তশালী বাবার একমাত্র মেয়ে। পাত্র খুঁজতে দেশের নামকরা সব অনলাইন সাইটে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। অবশেষে নিজেই পাত্র চেয়ে শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয়। হাজারো পাত্রের সিভি আসতে থাকে মেইলে। সেখান থেকে বাছাই করা হয় চারজনকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার ও ব্যবসায়ী। চারজনকেই ডাকা হয় ভাইভার জন্য। নির্ধারিত তারিখ ও সময়ে চারজন পাত্রই ভাইভার জন্য উপস্থিত হয়। প্রথমে ডাক পড়ে ডাক্তারের।

সুস্মিতা : পাত্র হিসেবে আপনাকে বেছে নেওয়ার সপক্ষে যুক্তি দেখান।

ডাক্তার : একমাত্র ডাক্তাররাই পারে তার স্ত্রীকে শতভাগ উজাড় করে ভালোবাসতে। একমাত্র আমরাই বুঝি বউয়ের মনের ব্যথা। কোনটি হার্ট অ্যাটাক আর কোনটি লাভ অ্যাটাক। তা ছাড়া ডাক্তার জামাই পেলে আপনার চৌদ্দগোষ্ঠীর ট্রিটমেন্ট আজীবন ফ্রি।

সুস্মিতা : ধন্যবাদ।

এবার ইঞ্জিনিয়ারের প্রবেশ

সুস্মিতা : বলুন তো, আপনাকে আমি কেন বিয়ে করব?

ইঞ্জিনিয়ার : আজকাল মানুষ মেয়ের জন্য হন্যে হয়ে ইঞ্জিনিয়ার জামাই খোঁজে। আমরা যতক্ষণ কাজ করি, মনোযোগ দিয়ে করি। কাজের বাইরে আমরা শুধু বউকেই বুঝি। হার্ডিঞ্জ ব্রিজ থেকে পদ্মা ব্রিজসহ বহু মেগা প্রকল্পে আমরা সফল। হায়ার ম্যাথসহ বহু জটিল অঙ্ক আমরা সমাধান করে আসছি। আমরা টাকা যেমন বেশি ইনকাম করতে পারি, তেমন সংসারের জটিল হিসাব আমাদের চেয়ে ভালো আর কেউ বুঝবে না।

সুস্মিতা : ধন্যবাদ আপনাকে।

এবার বিসিএস ক্যাডারের ভাইভা

সুস্মিতা : ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী রেখে আপনাকে কেন বিয়ে করব?

বিসিএস ক্যাডার : কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী নয়Ñ এ সমাজে বিসিএস ক্যাডাররাই আসল সেলিব্রেটি। আপনি সারা জীবন রাজকীয়ভাবে কোয়ার্টারে রানীর মতো থাকতে পারবেন। ইঞ্জিনিয়ার তো আজকাল রডের বদলে বাঁশ ব্যবহার করে। আপনার মনের ফুলবাগান তারা বাঁশবাগান বানিয়ে ফেলবে।

সুস্মিতা : আপনি কি আবেদ আলীকে চেনেন?

বিসিএস ক্যাডার : আপনি কি ভাবছেন প্রশ্ন ফাঁস করে আমি বিসিএস ক্যাডার হয়েছি?

সুস্মিতা : না, মানে আবেদ আলীর কাছে আপনার সম্পর্কে জানতে হবে।

সবশেষে ব্যবসায়ীর ভাইভা

সুস্মিতা : আপনার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম কী?

ব্যবসায়ী : দুনিয়া ডট কম।

সুস্মিতা : এমন অদ্ভুত নাম!

ব্যবসায়ী : বিল গেটস, জ্যাকমা, আম্বানিকে পেছনে ফেলে আমি হব দুনিয়ার সেরা ধনী।

সুস্মিতা : বিয়ে করলে কোথায় হানিমুনে নিয়ে যাবেন?

ব্যবসায়ী : সুইডেন, আর আমার বিয়েতে আসবেন বাইডেন।

সুস্মিতা : ওদের তিনজনকে রেখে আপনাকে বিয়ে করার পক্ষে যুক্তি দিন।

ব্যবসায়ী : ডাক্তার তো সারা জীবন কাটাছেঁড়া করে। কোন দিন না আবার আপনার হৃদয়টাই কেটে ফেলে। আর বিসিএস ক্যাডার তো আজকাল প্রশ্ন ফাঁস করেও হওয়া যায়। আর সরকারি চাকরিজীবীরা বসের এমন চাপে থাকে অফিস থেকে এসে বউকে বলে, লুঙ্গি যেন কোনটা পরেছিলাম? সেদিন এক চাকরিজীবীকে দেখি রাস্তায় টিফিনবক্স খুলছে। কারণ জিজ্ঞেস করতেই বলে, টিফিনবক্স খুলে নিশ্চিত হই খাবার আছে মানে আমি অফিসে যাচ্ছি, আর নেই মানে অফিস থেকে ফিরছি। ব্যবসায়ীদের বসের এমন চাপ নেই, আমরা স্বাধীন। আজ এ দেশে তো কাল ওই দেশে।

সুস্মিতা : ছেলেটি outstanding মানে কী?

ব্যবসায়ী : আমি কি এখানে চাকরির ভাইভা দিতে এসেছি? তবু বলি, এটি তো খুব সহজ, ছেলেটি বাইরে দাঁড়িয়ে আছে।

সুস্মিতা মৃদু হেসে বলে, আপনি এখন আসুন।

চারজনের ভাইভা শেষে ডাক্তারকে পাত্র হিসেবে চূড়ান্ত করে সুস্মিতা। কারণ, ডাক্তার তো বিসিএস ক্যাডারÑ টু ইন ওয়ান। তা ছাড়া ছেলেটি খুব সুদর্শন এবং চৌদ্দগোষ্ঠীর ট্রিটমেন্ট ফ্রি পাওয়া যাবে আজীবন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা