বিচিত্র দিবস
সিনথিয়া ইসলাম
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:১৫ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০ পিএম
ছবি : সংগৃহীত
গাছ আমাদের পরম বন্ধু। সতেজ নিঃশ্বাস পাই গাছ থেকে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের বিকল্প আর কী আছে! নৈসর্গিক পরিবেশ গড়ে তুলতে গাছপালা দিয়ে আমরা বাড়ির আঙিনা সাজাই। তাই ঘটা করে গাছ লাগানো দিবসও পালন করি। তবে গাছকে ভালোবেসে সাজানোর জন্য গোটা একটি দিনই পালন করা হয়। আর সে দিনটি হলো ৭ ডিসেম্বর। বিশেষ এ দিনটি পালিত হয় মূলত গাছকে সম্মান জানানোর জন্য। আমরা এ দিনে কী করতে পারি! হ্যাঁ, আমরা যেমন খুব আদরের জিনিসকে খুব যত্ন করে সাজাই। গুছিয়ে রাখি। তেমনি নিকট বন্ধু গাছেরও এ দিন একটু বাড়তি যত্ন-আত্তি করতে পারি। যেমন রঙিন ফিতা, কাপড় এবং প্রাকৃতিক সব অলংকার দিয়ে গাছকে সাজিয়ে তুলতে পারি।
গাছকে সাজানো এ দিনটির প্রচলন শুরু হয় ১৯৯০ সালের দিকে। পরিবেশগত সচেতনতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা এর প্রচলন করে। সে ইভেন্টে তুলে ধরা হয় গাছের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব। অনেক বৃক্ষপ্রেমী জড়ো হন সে আয়োজনে। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে। এ দিবসটি যেভাবে পালন করতে পারি : গাছ সাজাতে পারি। ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে কাছের বন্ধুদের ডেকে কোনো একটি গাছের পরিচয়-উপকারিতা তুলে ধরতে পারি। আবার গাছ নিয়ে একটি কবিতা লিখতে পারি। আমাদের লাগানো কোনো গাছ সম্পর্কে স্মৃতিচারণা করতে পারি। এ ছাড়া সৃজনশীল নানাভাবেই এ দিনটি পালন করা যেতে পারে।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার