আনজীর লিটন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম
পিঁপড়া চলে বন্ধু নিয়ে
লম্বা সারি সারি
দেখতে লাগে মহানগর প্রভাতি রেলগাড়ি।
ট্রেনের মতো একই রেখায় যাচ্ছে ওরা যাচ্ছে
যেতে যেতে পাচ্ছে যা-যা একটু করে খাচ্ছে।
শুধুই কি আর খাচ্ছে ওরা? সাথে করেও নিচ্ছে
নিজের বাসায় রাখবে জমা এটাই মনের ইচ্ছে।
হাড়কাঁপানো শীতে ওদের খাদ্য জোগাড় কষ্ট
তাইতো ওরা গ্রীষ্মকালে দিন করে না নষ্ট।
লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়ে খাবারেরই জন্য
ফুল-ফল-রস মিষ্টি খাবার
কীটপতঙ্গ করবে সাবাড়
দল বেঁধে যায়, দল বেঁধে খায়, জীবন ওদের ধন্য।
খাবার নিয়ে পিঁপড়াদলে নেই তো রাগারাগি
যত্তোটুকু সংগ্রহে পায় সমান ভাগাভাগি।
পিঁপড়ারা খুব পরিশ্রমী নেই তো আদিখ্যেতা
নিজে ব্যথা পায় না বটে মানুষকে দেয় ব্যথা!