× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ

শীত ফ্যাশনে সঙ্গী

সুবর্ণা মেহ্‌জাবীন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯ পিএম

মডেল : সিয়াম ও মিম; পোশাক ও ছবি : সেইলর

মডেল : সিয়াম ও মিম; পোশাক ও ছবি : সেইলর

ফ্যাশনপ্রেমীদের প্রিয় এ মৌসুমে ফ্যাশন, ট্রেন্ড এবং আরামের সমন্বয়ে সঠিক শীত পোশাক নির্বাচন অত্যন্ত জরুরি। ডিজাইন, রঙ এবং ফেব্রিকের সঠিক নির্বাচনই শুধু উষ্ণতা নিশ্চিত করে না, বরং স্টাইলিশ লুক এবং ব্যক্তিত্বের প্রতিফলনও বজায় রাখে

শীতকাল মানেই পোশাকের নতুন সম্ভার। গ্রীষ্মের তুলনায় শীতের পোশাকগুলোয় ফ্যাশন, আরাম এবং কার্যকারিতার অনন্য মেলবন্ধন লক্ষ করা যায়। শীতের এ সময়টায় জ্যাকেট, ব্লেজার, হুডি এবং অন্যান্য শীত পোশাক আমাদের কেবল ঠান্ডা থেকে রক্ষা করে না, বরং স্টাইলেও যোগ করে আলাদা মাত্রা।

প্রতিদিনের সঙ্গী জ্যাকেট

জ্যাকেট শীতের অন্যতম বহুল ব্যবহৃত পোশাক। একদিকে যেমন আরামদায়ক তেমন স্টাইলিশও বটে। জ্যাকেটের মধ্যে রয়েছে অসংখ্য ধরন। জ্যাকেটের স্টাইল এবং বৈচিত্র্য আসলে ব্যবহার, আবহাওয়া এবং ফ্যাশনের ওপর নির্ভর করে। বিভিন্ন ধরনের জ্যাকেট বিভিন্ন কাজ ও পরিবেশের জন্য উপযুক্ত। যেমন বোম্বার, পাফার, ডেনিম এ জ্যাকেটগুলো বেশি জনপ্রিয়।

বোম্বার জ্যাকেট হালকা শীতের জন্য উপযুক্ত এবং ক্যাজুয়াল আউটফিটের সঙ্গে মানানসই। পাফার জ্যাকেট ঠান্ডা আবহাওয়ার জন্য আদর্শ। অন্যদিকে ডেনিম জ্যাকেট শক্ত, টেকসই ও ফ্যাশনেবল। নিত্যদিনের ব্যবহারের জন্য আদর্শ এবং ক্যাজুয়াল আউটফিটে ভালো মানায়। কয়েক বছর ধরে লেদার জ্যাকেট বেশ ট্রেন্ডি। এ জ্যাকেট চামড়ার তৈরি হওয়ায় শক্ত এবং দীর্ঘস্থায়ী হয়। কালো বা ব্রাউন লেদার জ্যাকেট ট্রেন্ডি দেখায়, বিশেষ করে বুট ও জিন্সের সঙ্গে।

ফরমাল আভিজাত্যে ব্লেজার

শীতে ব্লেজার ফরমাল পোশাকের একটি অনন্য অংশ; যা আভিজাত্য এবং স্টাইল একসঙ্গে উপস্থাপন করে। অফিস হোক বা মিটিং যেকোনো ফরমাল ইভেন্টে দারুণ মানানসই। ব্লেজার বিভিন্ন ধরনের কাপড়, ডিজাইন ও কাটে পাওয়া যায়, যা শীতের ঠান্ডা আবহাওয়ায় উষ্ণ রাখার পাশাপাশি আভিজাত্যের স্পর্শ দেয়।

ব্লেজার শীতকালীন ফ্যাশনে একটি বিশেষ স্থান দখল করে আছে। ব্লেজার সাধারণত উল, টুইড বা মিক্সড ফেব্রিক দিয়ে তৈরি, যা উষ্ণ রাখতে সাহায্য করে। ব্লেজার বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মেলানো যায়, যেমন শার্ট, সোয়েটার বা টার্টলনেক। ব্লেজার সাধারণত সিম্পল এবং ক্লাসিক ডিজাইনের হয়। ফলে ফরমাল ও সেমি-ফরমাল উভয় ক্ষেত্রেই মানানসই। সঠিক ফিটের ব্লেজার একজন ব্যক্তির ব্যক্তিত্ব আরও করপোরেট ও পরিশীলিত করে তোলে।

ছেলেদের ব্লেজারের ধরন

ছেলেদের ক্লাসিক ফিট ব্লেজার বেশি জনপ্রিয়; যা স্ট্যান্ডার্ড ডিজাইনের ব্লেজার, অফিস বা মিটিংয়ের জন্য আদর্শ। কালো, নেভি ব্লু বা চারকোল ধূসর রঙ বেশি জনপ্রিয়। টুইড ব্লেজার বেশি শীতের জন্য উপযুক্ত। এ ব্লেজার উল ও টুইড ফেব্রিক দিয়ে তৈরি করা হয়। সেমি-ফরমাল ইভেন্টে সোয়েটার বা টার্টলনেকের সঙ্গে বেশ মানায়। ডাবল-ব্রেস্টেড ব্লেজারে দুটি সারিতে বোতাম থাকে, যা শীতকালে উষ্ণতা দেয়। ফরমাল পার্টির জন্য এ ধরনের ব্লেজার উপযুক্ত। কর্ডুরয় ব্লেজার এখন বেশ ট্রেন্ডি। টেক্সচার্ড ফেব্রিকের কারণে এটি ফ্যাশনেবল এবং আরামদায়ক। ক্যাজুয়াল লুকেও ব্যবহার করা যায়।

মেয়েদের ব্লেজারের ধরন

মেয়েদের জন্য টেইলার্ড ব্লেজার আদর্শ। এটি ফিটেড ব্লেজার, যা ফরমাল এবং করপোরেট ইভেন্টের জন্য বেশি ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া ওভারসাইজড ব্লেজার মেয়েদের বেশি পরতে দেখা যায়। এ ধরনের ব্লেজার ট্রেন্ডি ও আরামদায়ক, যা ক্যাজুয়াল এবং সেমি-ফরমাল ইভেন্টে মানানসই। লেগিংস বা স্লিম ফিট প্যান্টের সঙ্গে সুন্দর দেখায়। বেল্টেড ব্লেজারেও দেখা যায় ফ্যাশনিস্ট তরুণদের। কোমরে বেল্ট যুক্ত থাকে বলে বেশ স্টাইলিশ লুক দেয়। শীতকালে ড্রেসের ওপর এ ধরনের ব্লেজার পরা যেতে পারে। এ ছাড়া টেক্সচার্ড ব্লেজারও বেশ জনপ্রিয়। এটি টুইড বা ফ্যান্সি প্যাটার্নের ব্লেজার, যা পার্টি বা সামাজিক ইভেন্টে ফ্যাশনেবল হয়, সঙ্গে উষ্ণতা দেয়।

ব্লেজার পরার টিপস

লেয়ারিং : ব্লেজারের নিচে সোয়েটার, টার্টলনেক বা শার্ট পরতে পারেন। ফরমাল শার্টের সঙ্গে টাই পরলে আরও করপোরেট লুক তৈরি হয়।

সঠিক ফিট : ব্লেজারটি কাঁধে ঠিকভাবে বসা এবং হাতা সঠিক দৈর্ঘ্যের হওয়া জরুরি।

রঙ নির্বাচন : শীতকালের জন্য ডার্ক টোন যেমন কালো, নেভি বা অলিভ গ্রিন বেছে নিন। বিশেষ অনুষ্ঠানে উজ্জ্বল রঙের ব্লেজার যেমন মেরুন বা হান্টার গ্রিন ব্যবহার করুন।

অ্যাকসেসরিজ : ব্লেজারের সঙ্গে স্কার্ফ, পকেট স্কোয়ার বা হালকা জুয়েলারি যোগ করতে পারেন। ফরমাল জুতা বা বুটের সঙ্গে ব্লেজার বেশ মানানসই।

শীত পোশাকে কো-অর্ড

শীতে মেয়েদের জন্য কো-অর্ড হতে পারে একটি স্টাইলিশ পছন্দ। নিটেড কো-অর্ড- টপ এবং প্যান্ট বা স্কার্ট, যেগুলো উলের মতো আরামদায়ক ফেব্রিক দিয়ে তৈরি। ঠান্ডার দিনে আরাম এবং স্টাইল বজায় রাখতে নিটেড কো-অর্ড খুব কার্যকর। লম্বা বুট ও স্কার্ফের সঙ্গে পরতে পারেন। সোয়েটশার্ট এবং জগার কো-অর্ড ক্যাজুয়াল ও আরামদায়ক। একই রঙের সোয়েটশার্ট ও জগার। লাউঞ্জওয়্যার, ট্রাভেল বা ক্যাজুয়াল আউটিংয়ের জন্য বেশ ট্রেন্ডি লুক দেবে। স্নিকার্স এবং ক্যানভাস ব্যাগের সঙ্গে মিলিয়ে পরতে পারেন। কালো বা প্যাস্টেল শেডের কো-অর্ড বেছে নিন। ওভারসাইজড কো-অর্ড বড় মাপের সোয়েটার ও ম্যাচিং প্যান্ট। ক্যাজুয়াল লুক তৈরিতে দারুণ। স্টেটমেন্ট ব্যাগ ও স্নিকার্স পরতে পারেন ওভারসাইজড কো-অর্ডের সঙ্গে।

শীত পোশাকে ফ্যাশন আর আরাম বজায় রাখতে কিছু টিপস

  • লেয়ারিং করুন : পোশাকের স্তর যুক্ত করলে শীত থেকে ভালোভাবে সুরক্ষার পাশাপাশি স্টাইলেও নতুনত্ব আনা যায়।
  • উপাদান বাছাই : উল, ফ্লিস বা থার্মাল ফেব্রিকের পোশাক ঠান্ডা রোধে কার্যকর।
  • আনুষঙ্গিক জিনিসপত্র : ক্যাপ, গ্লাভস ও বুট শীতকালের জন্য জরুরি এবং ফ্যাশনে আলাদা মাত্রা যোগ করে।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা