× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াং অ্যাকটিভিস্ট সামিট ২০২৪

লরিয়েট সম্মাননা পেলেন জলবায়ুকর্মী সোহানুর

সানজিদা ইমু

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১০:৫২ এএম

সম্মেলনে সোহানসহ বিশ্বের পাঁচজন তরুণ নেতাকে তাদের অসামান্য নেতৃত্বের জন্য এ পুরস্কারে সম্মানিত করা হয়।

সম্মেলনে সোহানসহ বিশ্বের পাঁচজন তরুণ নেতাকে তাদের অসামান্য নেতৃত্বের জন্য এ পুরস্কারে সম্মানিত করা হয়।

চলতি বছরের ইয়াং অ্যাকটিভিস্ট সামিট-২০২৪ লরিয়েট সম্মাননা জিতে দেশের জন্য অনন্য সম্মান বয়ে আনলেন বাংলাদেশের জলবায়ুকর্মী সোহানুর রহমান। বিশ্বজুড়ে তরুণ কর্মীদের অসামান্য কাজের স্বীকৃতি দিতে এ অনুপ্রেরণামূলক ইভেন্টের ষষ্ঠ সংস্করণ মঙ্গলবার (১৯ নভেম্বর) জেনেভায় জাতিসংঘ দপ্তর প্যালাইস ডেস নেশনসে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সোহানসহ বিশ্বের পাঁচজন তরুণ নেতাকে তাদের অসামান্য নেতৃত্বের জন্য এ পুরস্কারে সম্মানিত করা হয়। ইয়াং অ্যাকটিভিস্ট সামিট অর্থবহ পরিবর্তনের জন্য নিজ নিজ জনগোষ্ঠীকে অনুপ্রাণিত ও সংগঠিত করায় বাংলাদেশের জলবায়ুকর্মী সোহানুর রহমানসহ ১৯ থেকে ২৯ বছর বয়সি অনুপ্রেরণাদায়ী পাঁচ তরুণকে সম্মানিত করেছে। অন্য বিজয়ীরা হলেন গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ প্রতিনিধি মার্লে ডায়াস (১৯), অনলাইনে লিঙ্গভিত্তিক সহিংসতাবিরোধী কার্যক্রমের জন্য ফ্রান্সের শানলি ম্যাকলারেন (২৫), গৃহহীনদের সাহায্য করার জন্য মেক্সিকোর আলভারো কুইরোজ (২৫) এবং জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে কর্মকাণ্ডের জন্য সলোমন দ্বীপপুঞ্জের সিনথিয়া হোউনিউহি (২৯)।

সম্মেলনে এ বছরের মূল প্রতিপাদ্য ‘দূরে যাও, একসঙ্গে যাও’ সুন্দরভাবে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সম্মিলিত কর্মের শক্তি তুলে ধরে। সোহানুর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের হয়ে কপ-২৯ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে তিনি জলবায়ু ন্যায়বিচারের পক্ষে এবং নিজের মাতৃভাষা বাংলায় বক্তৃতা দিয়েছেন। একই সঙ্গে সোহানুর তার সাহসী সহকর্মী শ্রাবণসহ জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহত সব তরুণ এবং জলবায়ু যোদ্ধাদের তার এ পুরস্কার উৎসর্গ করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন ইয়াং অ্যাকটিভিস্ট সামিট ২০২৪ লরিয়েট সম্মাননা প্রাপ্তিতে সোহানুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেছে, বাংলাদেশি যুবকদের একটি টেকসই, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইইউ জানিয়েছে, সোহানুর রহমান তার সংস্থা ‘ইয়ুথনেট’-এর সঙ্গে জলবায়ু ন্যায়বিচার নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন।

ইয়াং অ্যাকটিভিস্ট সামিট ২০২৪ লরিয়েট নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সোহান বলেন, ‘এটি সত্যিই অনেক আনন্দের এবং গর্বের। এ অর্জন আমার একার নয়; পরিবেশের জন্য লড়াই করা দেশের সব তরুণের। আমার স্বপ্ন একটি টেকসই ও ন্যায্য পৃথিবী গড়ার, যেখানে তরুণরা নিজেদের দায়িত্ব পালন করে পরিবেশ রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি চাই ভবিষ্যতে আরও বেশি তরুণ জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করবেন এবং তাদের শক্তি, শিক্ষা ও উদ্ভাবন দ্বারা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবেন।’

সোহানুর রহমানের জন্ম ঝালকাঠির একটি সাধারণ পরিবারে। ছোটবেলায়ই পরিবেশ নিয়ে আগ্রহ তৈরি হয় এবং স্কুলে পড়াশোনার সময়ই তিনি পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি, প্রকৃতি সংরক্ষণ ও জলবায়ু সংকট নিয়ে কাজ শুরু করেন। সুপার সাইক্লোন ‘সিডর’ থেকে বেঁচে থাকার নিজের অভিজ্ঞতাকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ক্ষমতায়নের শক্তিশালী মিশনে পরিণত করেছেন। মাত্র ২৭ বছর বয়সে জলবায়ু মোকাবিলায় পদক্ষেপের পক্ষে তার প্রচার ইতোমধ্যে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

বর্তমানে সোহান ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য হিসেবে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ রক্ষার জন্য কাজ করছেন। ২০১৬ সালে তরুণ প্রজন্মের মধ্যে জলবায়ু সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে ইয়ুথনেটের নেতৃত্বে একটি প্রচার বাংলাদেশের সংসদে জলবায়ু সংকটকে গ্রহের জরুরি অবস্থা ঘোষণা করার জন্য নেতৃত্ব দেয়। ইয়ুথনেট এ ছাড়া ১০টি কয়লা প্লান্ট নির্মাণ বন্ধ করতে সাহায্য করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা