জাহিদ খান
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৪:৪৪ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট
এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে রোগ নির্ণয় করেন ডাক্তার, বোঝেন অসুখের মাত্রা, সে অনুযায়ী নেন পদক্ষেপ। এজন্য অবশ্য ডাক্তারের থাকতে হয় তার বিশ্লেষণ সক্ষমতা। কিন্তু এ বিশ্লেষণের কাজটিই যদি কোনো সফটওয়্যার করে দেয়! চিকিৎসায় সহায়তা করবে এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট।
চিকিৎসাপ্রযুক্তি নিয়ে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান মেডট্রনিক ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি (বিএমইএস) এক হয়ে প্রতি বছর আয়োজন করে মেডট্রনিক বা বিএমইএস স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন। বিএমইএসের বার্ষিক সভার একটি গুরুত্বপূর্ণ পর্ব এ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে ২৩ থেকে ২৬ অক্টোবর বসেছিল এবারের আসর।
রসায়ন বা জীববিজ্ঞান, তড়িৎ বা কম্পিউটার বিজ্ঞান, যন্ত্র বা তড়িৎ এবং এআই বা এমএল ফর স্পোর্ট ইনজুরিজ অ্যান্ড অর্থোপেডিক কন্ডিশনসÑ এ চার বিভাগে পুরস্কার দেওয়া হয়। তার মধ্য শেষ বিভাগটি বিশেষ। এই ক্যাটাগরি অর্থাৎ এআই বা এমএল ফর স্পোর্ট ইনজুরিজ অ্যান্ড অর্থোপেডিক কন্ডিশনসে প্রথম পুরস্কার পেয়েছে বুয়েটের শিক্ষার্থীদের দল। দলে ছিলেন সাঈদ সাজ্জাদ ও ফারিহিন রহমান। দুজনই বায়োমেডিকেল প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বয়সের সঙ্গে সঙ্গে কিছু রোগ শরীরে বাসা বাঁধার আশঙ্কা বাড়তে থাকে। এর মধ্যে অস্টিওপোরোসিস অন্যতম। এটা এক ধরনের হাড়ের ক্ষয়রোগ। ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতি এ রোগের কারণ। শিক্ষার্থীদের তৈরি সফটওয়্যারটি মূলত এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে এ রোগ নির্ণয়ে ডাক্তারকে সাহায্য করবে। তাই দলের নাম অস্টিওঅ্যাসিস্ট।
অস্টিওঅ্যাসিস্টকে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। পাশাপাশি দলের সাফল্যে বিভিন্নভাবে সহায়তার জন্য ডা. এএসএম শহীদুল হোসেন, ডা. মাহবুবা শিরীন, আওসাফ রহমান, সৈয়দ সাদমান সাব্বির, মো. কাওসার আহমেদ, খাদিজাতুল কোবরা ও শওকত ওসমানকে ধন্যবাদ জানান তারা।