সাহিদা আক্তার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
২ হাজারের বেশি শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’।
দেশের ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২৬টি দলের ২ হাজারের বেশি শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৭-৯ নভেম্বর তিন দিনব্যাপী এ উৎসব চলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আফতাবনগর, ঢাকায়। এবারের রোবো ফেস্টের প্রধান আয়োজনগুলোর মধ্যে ছিল প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সলভিং এবং ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আলোচনা।
সেই সঙ্গে ছিল শিক্ষার্থীদের জন্য উত্তেজনাপূর্ণ বিভিন্ন গেমিং পর্ব। যেমন স্পোর্টস রাইভালস, লাইন ফলো রোবো চ্যালেঞ্জ, রোবো সকার ইত্যাদি। ন্যাশনাল রোবো ফেস্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এওয়াইএম মোস্তফা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক আহমেদ ওয়াসিফ রেজা।
অতিথিরা বক্তৃতায় বলেন, প্রথম শিল্পবিপ্লবের ফলে আমাদের অঞ্চলের মানুষ উদ্যোক্তা থেকে প্রজায় রূপান্তরিত হয়েছিল, বিকশিত হয়েছিল ইউরোপ কিন্তু পঞ্চম শিল্পবিপ্লবের আগেই আমাদের তৈরি হতে হবে যেন এবারে আমরা বিপ্লবের অগ্রভাগে থাকতে পারি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এ উৎসব সেই প্রস্তুতির জন্য বিশেষভাবে অবদান রাখবে বলে তারা প্রত্যাশা করেন।