× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙতুলিই যার বলার ভাষা

রাসেল হাসান

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৩৮ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৩৭ পিএম

সুরাইয়া রহমান রিয়া

সুরাইয়া রহমান রিয়া

বর্তমানে পৃথিবীতে ৭ হাজারের অধিক ভাষা রয়েছে। ভাবপ্রকাশের এত ধ্বনি, শব্দ, ভাষা থাকার পরও কেউ জন্মগতভাবেই নির্বাক। আবার কেউ কেউ বাকসম্পন্ন হলেও শ্রবণশক্তিহীন। যার এ দুটির কোনোটিই নেই, তার জগৎটা নিশ্চয়ই ভিন্নরকম। তবে তারা যে আর পাঁচজনের মতো নন, সেটা প্রকাশে অনেকে তৈরি করেন নিজের জগৎ। এমনই একজন সুরাইয়া রহমান রিয়া। যার ভাব বোঝার মাধ্যম ইশারা আর গল্প বলার মাধ্যম চিত্রাঙ্কন। রঙতুলির আঁচড়ে তিনি ক্যানভাসে প্রকাশ করেন নিজের ভাবনা। রিয়ার চিত্রকর্মে উঠে আসে প্রকৃতির অর্থবহ রূপ, সমাজে সুবোধ জাগরণের আহ্বান। প্রকাশ পায় নিজের মনের অব্যক্ত কথা। 

১৯৯৮ সালের ২৮ জুলাই বগুড়ায় জন্ম রিয়ার। দুই বছর বয়সে বাবা জাহেদুর রহমান ও মাসুদা রহমান জানতে পারেন মেয়ে তাদের  বাক ও শ্রবণশক্তিহীন। হাজারো চিকিৎসায় মেলেনি ফল। তবে এসব কিছুই বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি রিয়াকে। প্রাতিষ্ঠানিক পড়াশোনায় তার সাফল্যই যাার উদাহরণ। প্রাথমিকে বৃত্তিসহ জেএসসি ও এসএসসিতে পেয়েছেন জিপিএ-৫। এইচএসসির পর বর্তমানে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ভূগোল এবং পরিবেশবিজ্ঞান বিভাগে শেষবর্ষে অধ্যয়ন করছেন।


রিয়া লিখেই করেন মনের ভাব প্রকাশ। বলেন, ‘চিত্রাঙ্কন বা পেইন্টিং সৃজনশীলমূলক ব্যায়াম হওয়ায় এটি জটিল চিন্তা বা আবেগ প্রকাশ করতে সাহায্য করতে পারে। এ কাজটি নিজেকে এবং নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা, অনুভূতি ও ইচ্ছাগুলো আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে। মনের যত্নে তাই পেইন্টিং হতে পারে।’ রিয়া মনে করেন, ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের সঙ্গে পরিবারের সমর্থন থাকলে কোনো বাক, শ্রবণ বা দৃষ্টিগত অন্তরায় এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

রিয়ার মা মাসুদা রহমান বলেন, ও সবার মধ্যে থাকতে থাকতে ঠোঁট নাড়ানো দেখে অনেক কিছু বুঝে। ওর জানার অনেক আগ্রহ। তিনি আরও বলেন, রিয়া ভ্রমণ করতে ভালোবাসে। পোশাক কিনে দেওয়ার এবং বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার বায়না করে।’ 


তিনি আরও জানান, রিয়ার আঁকা ছবি মুক্তিযুদ্ধ জাদুঘর এবং জাতীয় জাদুঘরসহ বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে। তার এতসব গুণে মুগ্ধ না হয়ে কেউ পারে না। 

চিত্রাঙ্কনের স্বীকৃতিস্বরূপ রিয়া কিউব ইভেন্টস নামক একটি সংগঠন থেকে স্বাধীনতা দিবস স্বর্ণপদক-২০১১সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ক্রেস্ট ও সনদে এখন তার বাসার আলমারি বলছে, ‘ঠাঁই নাই ঠাঁই না, ছোট সে তরী’। ২০১৬ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ শুভেচ্ছা কার্ডে তার আঁকা ছবি নকশা হিসেবে ব্যবহার করেন এবং তাকে ১ লাখ টাকা পুরস্কার দেন।

রবীন্দ্রনাথের সুভা গল্পের সুভার মতোই যেন নির্বাক রিয়া। যার প্রকৃতি, নির্বাক প্রাণীসহ আছে সর্বপ্রাণ প্রেম। যার আপন জগৎ সংকীর্ণ নয়, নিয়মিত পড়া ও কল্পনায় বোধের পরিসর ক্রমে বিস্তৃত হচ্ছে। দুটি ইন্দ্রিয় নিষ্ক্রিয় তো কী, তার চেয়ে বেশি যে শুনে ইন্দ্রিয়াতীত শক্তি দিয়ে, তারও প্রবল গল্প যে অনুধাবন করে আর রঙতুলি দিয়ে পরিবেশন করে ক্যানভাসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা