অন্দরসজ্জা
নুসরাত খন্দকার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৫:০৯ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৫:০৯ পিএম
পূজার আগে বাড়িঘর
সাজাতে ব্যবহার করতে পারেন টেরাকোটার সামগ্রী। বাতিদান থেকে টব, বাসন, ফুলদানির ছোঁয়ায়
সাধের বাড়ি দেখাবে অন্য রকম।
পূজা তো এসেই গেল। এবার ঘরদোর পরিষ্কারের পালা। একই সঙ্গে সাজিয়ে তুলতে হবে বাড়িঘরের আনাচকানাচ। তবে এবার অন্দরসজ্জা হোক একটু আলাদা। বাংলার প্রাচীন ঐতিহ্য টেরাকোটা। লাতিন ‘টেরা’ অর্থ মাটি আর ‘কোটা’ মানে পোড়ানো। মাটির সঙ্গে খড়কুটো, তুষ মিশিয়ে কাদামাটি তৈরি করে তা থেকে বানানো হয় নানাবিধ মূর্তি, সামগ্রী। তারপর রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে তৈরি হয় বলে এর নাম টেরাকোটা। মাটির জিনিস দিয়ে ঘর সাজালে ঐতিহ্যবাহী একটা আবহ তৈরি হয়।

টব
অন্দরসজ্জায় যদি গাছ রাখেন তবে প্লাস্টিকের টবের বদলে রাখুন টেরাকোটার টব। ছোট থেকে বড়, মাঝারি বিভিন্ন রকমের গোল, চার কোনা, লম্বা, ছড়ানো মাটির কারুকাজ করা টব পাওয়া যায়। ঘরের ভেতরের গাছ হোক কিংবা বারান্দায় তৈরি করা শখের বাগান, সুদৃশ্য টব ব্যবহার করলে দেখতে ভালো লাগবে।
ফুলদানি
মাটির ছোঁয়ায় ঘর সাজালে চেষ্টা করুন পুরো সজ্জায় টেরাকোটার ব্যবহার আনতে। মাটির কাজের ভীষণ সুন্দর ফুলদানি পাওয়া যায়। বসার ঘরের মূল টেবিল হোক বা ঘরের কোণ, পোড়ামাটির ছোটবড় রকমারি ফুলদানি ব্যবহার করতে পারেন অন্দরসজ্জায়। ঘরের কোনায় রাখতে পারেন মাটির বেশ বড় আকারের ফুলদানি। দু-তিন ফুট উঁচু ফুলদানি বসার ঘরে বা ডাইনিং হলে দেখতে বেশ ভালো লাগে। পোড়ামাটির চওড়া হাঁড়িও পাওয়া যায় পানি ভরে ফুল ভাসিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানের দিনে অতিথি এলে এ ধরনের সজ্জা প্রশংসনীয় হয়ে উঠতে পারে।
বাসন
ইদানীং পোড়ামাটির বাসনের বেশ চাহিদা। শখ করে অনেকেই এ ধরনের ‘ডিনার সেট’ কেনেন। একাধিক বাটি, পাত্র, থালা, গ্লাস একসঙ্গে সেট হিসেবে পাওয়া যায়। বাড়িতে অতিথি এলে বাঙালি খাবার মাটির থালায় সাজিয়ে দিতে পারেন। পোড়ামাটির হাঁড়ি, কড়াইও ইদানীং লোকজন কিনছে। রান্নাঘরের সজ্জায়ও এগুলো ব্যবহার করতে পারেন।

হাতি, ঘোড়া
টেরোকোটার বিভিন্ন ধরনের হাতি ও ঘোড়া পাওয়া যায়। যার কদর বিশ্বজোড়া। বড় হাতি বা ঘোড়া জোড়ায় কিনে মেঝেতে সাজিয়ে রাখতে পারেন। ছোট আকারের কিনলে কাচ দেওয়া আলমারি বা টেবিলে সেগুলো সাজিয়ে রাখলে ভালো লাগবে। এ ছাড়া পোড়ামাটির শঙ্খ, প্রদীপ দিয়েও ঘরের বিভিন্ন স্থান সাজিয়ে তুলতে পারেন।
আলোকসজ্জা
সঠিক আলোকসজ্জা যেকোনো ঘরবাড়ির সৌন্দর্যই পাল্টে দেয়। পোড়ামাটির টেবিল ল্যাম্প থেকে ঝাড়বাতি, রকমারি লণ্ঠনের ব্যবহারে ঘরে আলোর ব্যবস্থা করতে পারেন। টেবিলে সাজাতে পারেন মাটির প্রদীপ, সুদৃশ্য বাতিদান। আবার ছাদ থেকেও ঝুলিয়ে দিতে পারেন ঝাড়লণ্ঠন। ঘর হোক বা বারান্দা, এতেই সেজে উঠবে। দেয়ালের শোভা বাড়াতে টেরাকোটার জিনিসপত্র ব্যবহার করতে পারেন।
টেরাকোটার
জিনিস মিলবে যেখানে
পুরান ঢাকার শাঁখারীবাজার
টেরাকোটার জিনিসপত্রের জন্য বিখ্যাত। এখানে আপনি টেরাকোটার মূর্তি, গয়না এবং সাজসজ্জার
বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। পূজার সময় এ বাজারে টেরাকোটার তৈরি দেবদেবীর মূর্তির
চাহিদা খুব বেশি থাকে। ধানমন্ডি বা গুলশানে বিভিন্ন হস্তশিল্পের দোকানে টেরাকোটার তৈরি
গৃহসজ্জার সামগ্রী, ফুলদানি, এবং অন্যান্য উপকরণ পাওয়া যায়। এ ছাড়া দোয়েল চত্বর,
মিরপুরের বিভিন্ন স্থানে পোড়ামাটির এসব জিনিসের দোকান আছে। সেখান থেকে পছন্দের টেরাকোটার
সামগ্রী কিনে ঘর সাজাতে পারেন।