রাশেদ রউফ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১২:২৮ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
চতুর্দিকে দালান-কোঠা, চতুর্দিকে বাড়ি
সড়কগুলো পরখ করে হাজার হাজার গাড়ি।
খোশমেজাজে কেউ চলে না, সবাই থাকে হট
যোগ হয়েছে নতুন জ্বালা-দুঃসহ যানজট।
এই শহরে থাকি আমি, ইশকুলে যাই ভোরে-
মাথার ওপর অনেক কিছু স্বপ্ন হয়ে ওড়ে।
স্বপ্ন আমার মাঠ থইথই আনন্দ পাঠশালা
বটের ছায়া নদীর কূলে, বইচি ফুলের মালা।
ঝুপ ঝুপ ঝুপ কি অপরূপ তুমুল বৃষ্টিপাত
স্বপ্ন আমার হলুদ-আলো চান্নিপশার রাত।
নূপুর পরা তপ্ত দুপুর, শিউলি ফোটা ভোর
স্বপ্ন আমার রঙিন ঘুড়ি, রোদ ঝলমল দোর।
কিন্তু এখন স্বপ্নগুলো ধুলোয় বসত গড়ে
মাউস টিপে বই পড়ি আজ ঢাউস মনিটরে।
উধাও হলো মাঠগুলো আজ, চারদিকে ঘরবাড়ি-
নিসর্গ সব সবুজ মিলে নগরকে দেয় আড়ি।
কান পাতলেই হুহু হাওয়া, দীর্ঘশ্বাসের রোল-
স্বপ্ন-ঘরে খেলা করে ইয়াহু-গুগোল।