হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৬:০৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৬:০৯ পিএম
পূজায় বিভিন্ন মণ্ডপে ঘোরাঘুরি আর খাওয়াদাওয়া হলেও বাড়িতে মজার খাবার রান্না না হলে কি চলে! ফুলকো লুচির সঙ্গে পরিবেশনের জন্য পাঁচ পদের নিরামিষ রেসিপি দেখুন আজকের হেঁশেলে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী অসিত কর্মকার

নারকেল পটোল
যা যা লাগবে
পটোল ৬টি (বড় আকারের), নারকেল বাটা আধা কাপ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাজু ও পেস্তা বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, কালিজিরা সামান্য, সরিষা তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
পটোল কেটে ধুয়ে নিন। লবণ, হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। প্যানে একই তেলে কালিজিরা ফোড়ন এবং একে একে সব মসলা দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিতে হবে। পানি ফুটে এলে ভেজে রাখা পটোলগুলো দিন। তেল ওপরে এলে নামিয়ে পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সয়াবড়ি কষা
যা যা লাগবে
আলু (ছোট করে
কাটা) ২টি, আদা বাটা ২ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ,
আস্ত এলাচ ১টি, দারুচিনি ১ টুকরো, গোটা জিরা পরিমাণমতো, তেজপাতা ২টি, জিরা গুঁড়া ১
চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, টক দই আধা কাপ, তেল
আধা কাপ, ঘি ২ চা চামচ।
যেভাবে তৈরি
করবেন
প্রথমে গরম পানিতে
সয়া নাগেটসগুলো একটু ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। এরপর পানি থেকে তুলে ঠান্ডা পানিতে
ধুয়ে পানি চিপে নিন। প্যানে তেল দিয়ে আলু ভেজে তুলে রাখুন। একই প্যানে ঘি দিয়ে আস্ত
এলাচ, দারুচিনি, তেজপাতা, জিরা ফোঁড়ন দিয়ে সামান্য নেড়ে নিন। তারপর একটু পানি দিয়ে
তার মধ্যে লবণ, চিনি, বাকি সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার আলু
ও সয়া নাগেটসগুলো দিয়ে দিন। সামান্য কষিয়ে পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। সেদ্ধ হয়ে
তরকারি একটু মাখামাখা হলে ওপরে সামান্য ঘি ও গরম মসলা দিয়ে নামিয়ে নিন। পছন্দমতো পাত্রে
পরিবেশন করুন।

আলুর দম
যা যা লাগবে
মাঝারি আলু ১০টি,
আদা বাটা ১ চামচ, টমেটো পেস্ট ২ চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ,
গরম মসলা আধা টেবিল চামচ, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, কাঁচা
মরিচ ৪টি, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো ও তেল ৩ টেবিল চামচ।
যেভাবে তৈরি
করবেন
প্রথমে আলু খোসা ছাড়িয়ে লবণ ও সামান্য হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার একটি কড়াইতে তেল দিয়ে সব মসলা দিয়ে কষাতে হবে। কষানো হলে আলুগুলো দিয়ে ঢেকে সামান্য পানি দিতে হবে। ১৫ মিনিট পরে ঝোল শুকিয়ে এলে নামানোর আগে ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরোটা অথবা লুচির সঙ্গে পরিবেশন করুন।

সবজিঘণ্ট
যা যা লাগবে
সবজি (পছন্দমতো
বিভিন্ন ধরনের) আধা কেজি, পাঁচফোড়ন ১ চা চামচ, শুকনো মরিচ ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ,
আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, সরিষা তেল আধা কাপ, ঘি ২ চা চামচ, পানি ৪
কাপ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি
করবেন
পছন্দমতো বিভিন্ন সবজি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। প্যানে তেল দিয়ে পাঁচফোড়ন ও সবজি দিয়ে নাড়তে হবে। এবার একে একে সব মসলা দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য পানি দিন। সেদ্ধ হয়ে মাখামাখা হলে ঘি ছড়িয়ে নামিয়ে লুচির সঙ্গে পরিবেশন করুন।

ছোলার ডাল
যা যা লাগবে
ছোলার ডাল ২০০ গ্রাম, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, নারকেল (কোরা) আধা কাপ, তেজপাতা ২টি, ঘি ২ চা চামচ, আস্ত জিরা আধা চা চামচ, শুকনো মরিচ ২টি, তেল ১ টেবিল চামচ, দারুচিনি ২টি, এলাচ ২টি, লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
ডাল ভালো করে ধুয়ে পরিমাণমতো পানি, আদা বাটা, তেজপাতা, হলুদ ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায়। প্যানে তেল দিয়ে বাকি সব মসলা ফোড়ন দিয়ে এরপর নারকেল কোরা ভেজে নিতে হবে। সেদ্ধ ডাল দিয়ে ২ মিনিট রেখে ঘি ছড়িয়ে দিন। নামিয়ে লুচির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।