প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৩ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৬ পিএম
তরুণদের ৫টি উদ্ভাবনী আইডিয়াকে ৫০ হাজার টাকা করে ফেলোশিপ প্রদান করা হয় ছবি : সংগৃহীত
তরুণদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি রূপান্তরের লক্ষ্যে আয়োজিত এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ বুটক্যাম্পের আজ (৩০ সেপ্টেম্বর) সমাপ্তি হয়েছে। সমাপনী আয়োজনে তরুণদের ৫টি উদ্ভাবনী আইডিয়াকে ৫০ হাজার টাকা করে ফেলোশিপ প্রদান করা হয়।
পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও একশনএইড বাংলাদেশ যৌথভাবে আয়োজিত দেশের নানা প্রান্ত থেকে আগত ২০ জন তরুণ উদ্ভাবকের অংশগ্রহণে ঢাকা মিরপুরস্থ আলোক ট্রেনিং সেন্টারে এই তিন দিনব্যাপী বুটক্যাম্প আয়োজিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গ্লোব্যাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিল এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স অ্যাসোসিয়েট বাংলাদেশ ফারাহ আনজুম, তারা ক্লাইমেট ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার সুহা তাবিল, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল লিভলিহুড সিএসআরএল এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তাসহ আরও অনেকে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয়ভাবে জ্বালানি সংকট হ্রাস, দেশের জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই জ্বালানিতে সবার প্রবেশগম্যতা নিশ্চিত করতে তরুণদের উদ্ভাবনী আইডিয়াকে প্রণোদনা দেওয়ার মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৩ সাল থেকে নিয়মিত এই এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ আয়োজিত হয়। এ বছর সারা দেশে তরুণদের কাছ থেকে প্রাপ্ত ১২৪টি আইডিয়া থেকে বিশেষজ্ঞদের যাচাইবাছাই এর মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ১৩টি আইডিয়া নিয়ে তরুণ উদ্ভাবকেরা একক এবং দলগতভাবে এই বুটক্যাম্পে অংশগ্রহণ করে।
তিন দিনব্যাপী এই বুটক্যাম্পের প্রথম দিন অংশগ্রহণকারীরা ন্যায্য রূপান্তরে তরুণদের করণীয়, বাংলাদেশে জ্বালানি রূপান্তরের বর্তমান ও ভবিষ্যৎ নীতিকৌশল বিষয়ক বিভিন্ন আলোচনা, ও সেশনে অংশগ্রহণ করেন। একই দিনে তরুণ উদ্ভাবকদের আইডিয়া প্রটোটাইপ প্রদর্শনী অনুষ্ঠিত হয় যার মধ্যে দিয়ে মেন্টরশিপের মাধ্যমে উদ্ভাবনগুলো উত্কর্ষসাধনের সুযোগ তৈরি হয়। ক্যাম্পের দ্বিতীয় দিনে উদ্ভাবকগণ জুরি বোর্ডের কাছে তাদের আইডিয়া উপস্থাপন করেন।
বুটক্যাম্পে আগত আইডিয়াগুলোর মধ্যে ৫টি সেরা আইডিয়াকে ৫০ হাজার টাকা সমমূল্যের ফেলোশিপ প্রদান করা হয়। সেরা আইডিয়া যাচাই বাছাইয়ে জুরি প্যানেলে অংশ নেন বাংলাদেশ সৌরবিদ্যুৎ প্রসারের পথিকৃৎ দীপাল চন্দ্র বড়ুয়া, স্রেডার সহযোগী পরিচালক আবদুল্লাহ-আল মামুন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রভাষক মো. শিহাব উদ্দিন।