বিচিত্র দিবস
জান্নাতুল মাওয়া ছিমিন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৫ পিএম
বছরের প্রতিটি দিনেই রয়েছে গাদা গাদা দিবস। দিবসের কি আর শেষ আছে! সেই দিবসের লম্বা তালিকার ভিড়ে যুক্ত রয়েছে আরও একটি দারুণ মজার দিন। সেটি হলো হলো ‘আস্ক এ স্টুপিড কোয়েশনস ডে’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘নিরর্থক প্রশ্ন করার দিন’। বর্তমানে যৌক্তিক প্রশ্ন করলেও যখন নানান চাপ চলে আসে, সেখানে অর্থহীন প্রশ্ন করলে তো নিশ্চিত হাসির পাত্র হতে হয়। তবু কেন এ দিবসটি পালন করা হচ্ছে? এ নিয়ে আপনার মনের মধ্যে জমতে শুরু হয়েছে প্রশ্ন। হ্যাঁ, এ প্রশ্ন মনের কোনায় জমিয়ে না রেখে ছুড়ে দিন। তাহলে মিলবে উত্তর। প্রশ্ন না করতে জানলে মুক্তিও পাওয়া যাবে না।
এ বিচিত্র এ দিবসর উৎপত্তি হয়েছে মূলত জ্ঞানলাভের আকাঙ্ক্ষা থেকে। উনিশশ আশির দশকের কথা। যুক্তরাষ্ট্রের স্কুলের একদল শিক্ষক খেয়াল করেলেন, শিক্ষার্থীরা বোকা শব্দটি শোনার ভয়ে প্রশ্ন করতে ভুলে যাচ্ছে। লজ্জা বা বিব্রত হওয়ার ভয়ে তারা ক্রমেই জানার আগ্রহ হারিয়ে ফেলছে। তখন শিক্ষকরা শ্রেণিকক্ষে ছাত্রদের কাছে অদ্ভুত সব প্রশ্ন শোনার জন্য একটি দিন বেছে নিলেন। সে দিনটি হলো আজ। ধীরে ধীরে দিনটি বার্ষিক ঐতিহ্য হিসেবে পালিত হতে থাকে। সবাইকে উৎসাহী করে তুলতে দিনটি ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশেও পালিত হচ্ছে।
যৌক্তিক এবং অযৌক্তিক উভয় ধরনের প্রশ্ন সামনে নিয়ে আসুন। বিনা দ্বিধায় প্রশ্ন শুনুন। উপভোগ করুন। যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে