× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

জাপানে সাদা কুসুমযুক্ত ডিম

গ্রন্থনা : সাজেদুর আবেদীন শান্ত

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১১ পিএম

জাপানে সাদা কুসুমযুক্ত ডিম

সম্প্রতি জাপানি সোশ্যাল মিডিয়ায় সাদা কুসুমযুক্ত ডিমের একটি ছবি ভাইরাল হওয়ায় চলছে ব্যাপক তোড়জোড়। হাজারো মানুষ জানতে চাইছেন-ডিমগুলো আসল, নাকি এডিটের কারসাজি! সবকিছুর শুরু সুদা জাঙ্কো নামে এক ব্যক্তির পোস্ট থেকে। তিনি একটি সেদ্ধ ডিমের ছবি শেয়ার করেন, যেখানে ডিমের কুসুম সম্পূর্ণ সাদা। ডিমের সাদা কুসুম দেখে সবার কৌতূহল জাগে। জাঙ্কো তার পোস্টে জানান, তিনি এ ধরনের ডিমের কথা শুনেছেন। তবে কুসুম যে সত্যিই সাদা হতে পারে, তা ভাবেননি। জাঙ্কোর পোস্টে ডিমটির উৎস বা কুসুমের সাদা হওয়ার কারণ উল্লেখ ছিল না। তবে পরে একজন জানান, এ বিশেষ ধরনের ডিম ‘শিরোটামা’ নামে পরিচিত এবং এটি ওকিনাওয়ার ইটোমান সিটির নাকামুরা হর্টিকালচারাল ফার্ম থেকে আসে। ফার্মটি জাপানের দক্ষিণাঞ্চলের একটি বড় মুরগির খামার। ডিমের কুসুম সাদা হয়েছে মুরগিদের ভাত খাওয়ানোর ফলে। এ ধরনের ডিম সাধারণত সাদা ওমুরাইস (চালের অমলেট) এবং সাদা তামাগোয়াকি (ডিমের রোল) তৈরিতে ব্যবহৃত হয়। যারা এ ডিমগুলো কিনতে চান, তারা ইটোমান ফারমার্স মার্কেটে তা পেতে পারেন। এ সাদা কুসুম ডিমের ঘটনা মনে করিয়ে দেয় ভারতের একটি খামারের কথা, যেখানে মুরগিরা উজ্জ্বল সবুজ কুসুমযুক্ত ডিম পাড়ে।

পাথর থেকে বিদ্যুৎ

নাইজেরিয়ার ইকিটি রাজ্যের বিদ্যুৎবিহীন এক গ্রামের যুবক ওলাদেজি আয়োমাইড। ওলাদেজি তার গ্রামের সবার কাছে পরিচিত টোলানি ডেঞ্জার নামে। এর কারণ টোলানি স্কুলের পড়ালেখা সমাপ্ত না করে মনোযোগী হয়ে ওঠেন ইলেকট্রিক্যাল কাজের প্রতি। তা ছাড়া অদ্ভুত উদ্ভাবনী ভাবনার জন্য গ্রামের মানুষ তাকে টোলানি ডেঞ্জার নামে ডাকতে শুরু করে। কিন্তু এ ছেলে যে একদিন পাথর থেকে বিদ্যুৎ উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দেবেন, তার নাম পরিচিতি পাবে বিশ্বের কাছে; তা কি আর সবাই জানত! যার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক প্রযুক্তিগত জ্ঞান, ২০২৩ সালে তিনি পাথর থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষণা শুরু করেন। অল্প সময়ের মধ্যে সফলতা পান। বর্তমানে টোলানি আরও শক্তিশালী পাথর নিয়ে কাজ করছেন। যাতে তিনি ফ্রিজ, ফ্যান ও টেলিভিশনও চালাতে পারেন। তার উদ্ভাবনের জন্য টোলানি প্রশংসায় ভাসছেন। তার প্রতিবেশীরাও পাথর থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করছেন। সোশ্যাল মিডিয়ায় টোলানি ডেঞ্জারের কাজ নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকেই তার প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসা করছেন। এটাকে আবার কেউ সৃষ্টিকর্তার অনুগ্রহ হিসেবে দেখছেন। পাথর থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে টোলানি ডেঞ্জার জানান, ‘এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ, তবে আমি যখন জানতে পারলাম দুটি পাথরের ঘষা লাগলে আলো জ্বলে, তখন থেকে আমার মনের ভেতরে বিদ্যুৎ তৈরির ভাবনাটি কাজ করতে থাকে।’

বিড়ালের ডায়েট 


ক্রোশিক, ১৪ বছর বয়সি একটি রাশিয়ান বিড়াল। সম্প্রতি এ প্রাণীটি বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান বিড়াল হিসেবে পরিচিতি পেয়েছে। ক্রোশিকের ওজন প্রায় ১৭ কেজি। যা কি না চার বছর বয়সি একটি শিশুর ওজনের সমান। এ কারণে তার হাঁটাচলা করা একদম কঠিন হয়ে পড়েছে। ক্রোশিক এখন পার্মের ম্যাট্রোস্কিন অ্যানিমেল আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবকদের কাছে রয়েছে। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ক্রোশিকের একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, একজন কর্মী তাকে হাতে নিয়ে বোঝার চেষ্টা করছেন তার ওজন কতটা বেড়ে গেছে। ক্রোশিক হাসপাতালের বেসমেন্টে কয়েক বছর ধরে বাস করছিল। সেখানে ইঁদুর শিকার করাই ছিল তার প্রধান কাজ। কিন্তু হাসপাতালের কর্মীরা তাকে অতিরিক্ত খাবার খাইয়ে ও যত্ন নেওয়ায় তার ওজন দ্রুত বেড়ে যায়। ফলে সে দিনদিন বেলুনের মতো ফুলতে থাকে এবং একটা সময় অতিরিক্ত ওজন ও বয়সের কারণে বিড়ালটি হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে। পরে হাসপাতালের নার্সেরা চিকিৎসার জন্য তাকে পশুদের আশ্রয়কেন্দ্রে পাঠায়। ক্রোশিককে এখন বিশেষ ডায়েট ও ব্যায়ামের মধ্যে রাখা হয়েছে। যদিও বিড়ালটি ব্যায়ামে তেমন আগ্রহী নয়। এমনকি বিশেষ ট্রেডমিলেও হাঁটতে কষ্ট পায় সে। তবে আশার কথা, প্রতি সপ্তাহে বিড়ালটির ওজন কিছুটা কমতে শুরু করেছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা