× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পড়া ও স্বাস্থ্যরক্ষার পাঠাগার

আমির খসরু সেলিম

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০ পিএম

ছবি : লেখক

ছবি : লেখক

দুপুরের খররোদ ছায়াগুলোকে সরিয়ে জায়গা দখল করায় ব্যস্ত। বাতাস সেখানে ধুলোর আস্তর ফেলছে। ধুলো জমছে মাটিতে, গাছের পাতায়, আসবাবে।একটা জায়গায় ধুলো পড়লেও আস্তর ফেলতে পারছে না। সেখানে কিছু টেবিলের ওপর সারিসারি বই রাখা। দমকা বাতাস ধুলো উড়িয়ে আনলেই কিছু মানুষ নরম কাপড় হাতে এগিয়ে আসছে। পরম মমতায় সেই ধুলো সরিয়ে দিচ্ছে। বইয়ের টেবিলগুলো ঘিরে আছে কিছু চেয়ার। সেখানে বসে নানা বয়সি মানুষ বই দেখছেন, পড়ছেন। সাত বছরের শিশু আর ষাট বছরের বৃদ্ধ, সবার উৎসাহ উপচে পড়ছে। এমন দৃশ্যের দেখা মিলল বগুড়ার কাহালু উপজেলার শান্ত বন্দর এরুইল বাজারে। সেখানে বাস করতেন কথাসাহিত্যিক আবদুল কাদের আকন্দ। ২০২১ সালের ২০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তারই স্মৃতিতে এ বাজারের কাছে স্থাপন করা হয় স্মৃতি পাঠাগার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই পাঠাগারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘বই প্রদর্শনী উৎসব’। উৎসবই বটে! বই যে শুধু ঘরের ভেতরে পড়ার সীমাবদ্ধতায় নেই, খোলা মাঠে সবাই মিলেও যে বই পড়া যায়, সেটা এ আয়োজনের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছেন। নিভৃতচারী এক প্রয়াত সাহিত্যিককে মানুষের মাঝে নতুন করে, নতুনভাবে স্মরণ করানোর এ উপায়টিও প্রশংসার দাবিদার।

আবদুল কাদের আকন্দ জন্মগ্রহণ করেন ৩০ নভেম্বর, ১৯৫৪ সালে। পেশায় শিক্ষক এ মানুষটি সারা জীবন সাহিত্যকে ভালোবেসে কাজ করেছেন। লিখেছেন উপন্যাস, গল্প, কবিতা, ছড়া। অসুস্থ মানুষের সেবা করার ইচ্ছা নিয়ে শিখেছেন হোমিওপ্যাথি। শহর থেকে দূরে থাকলেও সাহিত্যচর্চায় বিরতি দেননি। যুক্ত ছিলেন বগুড়া লেখকচক্রর সঙ্গে। তার ছেলে ইশতিয়াক আহমেদ স্বপনের একক প্রচেষ্টায় পাঠাগারটি এগিয়ে চলেছে। তাকে সহযোগিতা করছেন বন্ধু তাকবির হোসেন। মানুষের মাঝে বইপাঠের অভ্যাস গড়ে তোলা, সাহিত্যের পথ সুগম করা এসব নিয়ে তারা অনেক ভাবছেন এবং কাজও করছেন। পাঠাগারটিতে বসে বই পড়ার ব্যবস্থা করেছেন, বাড়িতে বই নিয়ে যাওয়ার সেবাও তারা দিচ্ছেন। পাঠাগারের কর্মসূচি বই পড়া ছাড়াও স্বাস্থ্যরক্ষার কাজেও ছড়িয়ে পড়েছে। তারা মিনিবা ফুটবল খেলার আয়োজনে সহযোগিতা করে সুনাম কুড়িয়েছে। ইশতিয়াক বলেন, ‘আমি আমার বাবার স্মৃতিরক্ষার কাজটি করছি এ পাঠাগার স্থাপনের মাধ্যমে। বইপাঠসহ সমাজের নানা ভালো কাজে আমাদের সহযোগিতা সব সময় এগিয়ে থাকবে। বই যে রকম মনকে সুস্থ রাখতে পারে, তেমনই খেলাধুলা শরীর সুস্থ রাখতে পারে। তাই আমরা সব ভালো কাজকেই প্রাধান্য দিই। তবে আমার একার পক্ষে প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়া কঠিন। তাই আমি সমাজের উপযুক্ত মানুষদের সহযোগিতা আশা করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা