তানজিদ শুভ্র
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৯ পিএম
চাকরি প্রস্তুতি সম্পর্কে বক্তারা শিক্ষার্থীদের মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন
শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন দিতে দ্বিতীয়বারের মতো ঢাকায় ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘ক্যারিয়ার মিটআপ’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ও হক পাবলিকেশন্সের সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিতে এ মিটআপ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, রেজিস্ট্রার এস এম নুরুল হুদা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর বুলবুল আহমেদ, ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মো. রইস উদ্দিন মোল্লা প্রমুখ।
আয়োজনে বক্তা হিসবে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, বিডি জবসের এজিএম (প্রোগ্রাম) মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন, ন্যাশনাল টিউবস লিমিটেডের প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুর রহমান রাসেল, আইসিটি কেয়ার ও অর্জন কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও মো. সৌভিকুর রহমান উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তহমিনা তাহরিম ইস্তি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। বর্তমান চাকরি বাজার, সরকারি-বেসরকারি চাকরি প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি দেশে-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের বিষয়ও তুলে ধরেন তারা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।