× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ

শখের গয়না

সুবর্ণা মেহ্‌জাবীন স্বর্ণা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৮ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৫ পিএম

মডেল : বৃষ্টি; গয়না : পশ গ্যালারি; মেকওভার : শোভন মেকওবার; ছবি : ফারহান ফয়সাল

মডেল : বৃষ্টি; গয়না : পশ গ্যালারি; মেকওভার : শোভন মেকওবার; ছবি : ফারহান ফয়সাল

গয়না সব নারীর খুব শখের এবং প্রিয় একটা অনুষঙ্গ। যেকোনো অনুষ্ঠান হোক বা নিত্যদিন পরার জন্য নারীদের সংগ্রহে থাকা নানা গয়না রাখেনও অনেক যত্ন করে। গয়না নিয়ে দেখুন আজকের প্রচ্ছদ

গয়না পছন্দ করেন না এমন নারী পাওয়া যাবে না। নানা ধরনের ও ডিজাইনের গয়না মেলে বহুবছর ধরে। নারীর শখের গয়না তার ব্যক্তিত্ব, রুচি এবং সংস্কৃতির একটি বিশেষ প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে নারীরা গয়নার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেছেন, যা তাদের দৈনন্দিন সাজসজ্জা থেকে শুরু করে বিশেষ উৎসবের সাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নারীদের অনেক গয়নার মধ্যে কিছু থাকে স্পেশাল যা শখের গয়না বলা যেতে পারে। যা নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি এবং শখ পূরণের জন্য ব্যবহার করেন। এসব গয়না মূলত প্রয়োজনের চাইতে ভালোবাসা এবং রুচির বহিঃপ্রকাশ হিসেবে সংগ্রহ করা হয়।

বিভিন্ন মেটালের গয়না বেশ কিছু বছর ধরে বেশ ট্রেন্ডি। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি দামও হাতের নাগালে থাকায় নারীরা মেটাল গয়না বেশি ব্যবহার করেন। মেটালের মধ্যে নানা ডিজাইনের গয়না যেকোনো অনুষ্ঠানে পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে দেখা যায় অনেককে। জনপ্রিয় কিছু ডিজাইনের মধ্যে রয়েছে কাটা ডিজাইন, জামদানি মোটিফ, ফুলের মোটিফ, জ্যামেতিক মোটিফ প্রভৃতি।

কাটা গয়নায় মূলত সূক্ষ্ম নকশা বা ডিজাইন কেটে তৈরি করা হয়। এটি সোনা, রুপা বা অন্যান্য ধাতব গয়নার ক্ষেত্রে দেখা যায়, যেখানে ধাতুর ওপর খোদাই বা কাটা কাজ করা হয়, যাতে গয়নার ওপর সুন্দর ডিজাইন ফুটে ওঠে। এই কাটা কাজটি অনেক সময় হাতে বা মেশিনের সাহায্যে করা হয়।

জামদানি মোটিফে গয়নার ডিজাইনে জামদানির ঐতিহ্যবাহী নকশার প্রতিফলন ঘটে। জামদানি শাড়ির মতো গয়নাগুলোতেও সাধারণত ফুল, পাতা, লতাপাতা, ময়ূর বা জ্যামিতিক নকশা ব্যবহার করা হয়। এই মোটিফগুলো গয়নার খোদাই বা কাটা কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এখন সোনা, রুপা, পিতল বা অক্সিডাইজড ধাতুর গয়নায় জামদানি মোটিফের ব্যবহার করা হয়। গয়নার নকশার সঙ্গে মিলিয়ে পুঁতি বা কৃত্রিম পাথরও ব্যবহার করা যেতে পারে। এ মোটিফে করা গয়নার মধ্যে সাধারণত বড় আকৃতির ঝুমকা বা দুল এবং জমকালো হার বেশি জনপ্রিয়। শাড়ির সঙ্গে মানানসই করতে এ ধরনের গয়না নারীরা বেশ পছন্দ করেন। বালা বা চুড়িতে জামদানি নকশা খোদাই করা হলে এগুলো খুবই সুন্দর দেখায়। বিশেষ করে ঐতিহ্যবাহী বিয়ের পোশাক বা জামদানির শাড়ির সঙ্গে এগুলো দারুণ মানিয়ে যায়। এ মোটিফের গয়না শুধু ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গেই মানানসই এমনটা নয়, আধুনিক পোশাকের সঙ্গেও চমৎকার ফিউশন তৈরি করে। যেকোনো অনুষ্ঠানে এই ধরনের গয়না পরলে ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায় সঙ্গে আধুনিকতারও প্রকাশ ঘটায়।

গয়নায় ফুলেল মোটিফ নতুন কোনো নকশা নয়। নিত্যদিন পরার জন্য হোক বা কোনো অনুষ্ঠানে ফুলেল মোটিফের গয়না খুব সুন্দর মানিয়ে যায়। এ ছাড়া বিভিন্ন জ্যামেতিক নকশার গয়না বেশ কিছু বছর ধরে ফ্যাশন সচেতন নারীদের মনে স্থান করে নিয়েছে।

প্রতিটি পোশাকের সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া নারীর সৌন্দর্য এবং ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে। তবে এক্ষেত্রে উপলক্ষ কী সেদিকে খেয়াল রাখতে হবে।

শাড়ির সঙ্গে যেমন গয়না

শাড়ির সঙ্গে গয়নার বাছাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ শাড়ি বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক। জমকালো বিয়ে বা পার্টি শাড়ির সঙ্গে স্বর্ণের গয়না বা মেটাল কুন্দন গয়না খুব মানানসই। ভারী নকশার হার, ঝুমকা, এবং কাচের চুড়ি পরলে এই ধরনের শাড়ির সৌন্দর্য বাড়ে। হালকা কাজের বা সাধারণ কটনের শাড়ির সঙ্গে রঙিন পুঁতির গয়না দারুণ মানায়। এটি শাড়ির স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তোলে। হাতের তৈরি কটন বা তাঁতের শাড়ির সঙ্গে অক্সিডাইজড গয়না চমৎকার দেখায়। এটি শাড়ির সঙ্গে একটি ফোকসুলভ স্টাইল আনে।

সালোয়ার কামিজ

সালোয়ার কামিজের সঙ্গে হালকা এবং স্টাইলিশ গয়না বেছে নেওয়া উচিত, যা আরামদায়ক এবং আধুনিকতার সঙ্গে মানানসই। সালোয়ার কামিজের সঙ্গে ছোট স্টাড বা ঝুমকা সুন্দর মানায়। খুব বেশি ভারী গয়না না পরেই চমৎকার লুক তৈরি করা যায়। সিল্ক বা জামদানি কামিজের সঙ্গে লম্বা পেনডেন্টের হার বা চেইন বেশ মানানসই হয়। যা দৃষ্টিনন্দন এবং মার্জিত লুক তৈরি করে। বেসিক সালোয়ার কামিজের সঙ্গে হালকা ব্রেসলেট বা কৃত্রিম চুড়ি খুব ভালো মানায়।

ওয়েস্টার্ন পোশাক 

আধুনিক ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে সিম্পল ডিজাইনের স্টাইলিশ গয়না বেশি মানানসই। গাউন বা পার্টি পোশাকের সঙ্গে মেটালিক নেকলেস বা ছোট কানের দুল দারুণ মানায়। আধুনিক পোশাকের সঙ্গে খুব ভারী গয়না না পরে, ন্যূনতম গয়না ব্যবহার করাই ভালো। ক্যাজুয়াল টপস বা জিন্সের সঙ্গে হুপ ইয়াররিং খুবই স্টাইলিশ এবং আরামদায়ক দেখায়। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ছোট বা হালকা চেইনের পেনডেন্ট একটি মার্জিত লুক আনে।

পাঞ্জাবি বা কুর্তি

কুর্তি বা পাঞ্জাবির সঙ্গে ট্রাডিশনাল গয়নার তুলনায় হালকা এবং ফিউশন গয়না বেশি মানানসই। বিশেষ করে বড় আকারের দুল বা নেকলেস পরলে একটি ফ্যাশনেবল লুক পাওয়া যায়। সাধারণ কুর্তির সঙ্গে রুপালি বা পুঁতির বালা, চুড়ি বা ব্রেসলেট দারুণ মানানসই।

পার্টি বা অনুষ্ঠানের পোশাক

জমকালো অনুষ্ঠানে গেলে পোশাকের সঙ্গে জমকালো গয়না পরা উচিত। সাধারণত সিল্ক, জামদানি, বা নেটের জমকালো পোশাকের সঙ্গে ভারী গয়না মানানসই হয়। এক্ষেত্রে ডায়মন্ড বা কুন্দন গয়না বেশ আভিজাত্যপূর্ণ লাগে। মেটালের যেকোনো ভারী গয়নাও বেছে নিতে পারেন।


শখের গয়নার যত্ন

  • গয়না পরার পর তা নরম, শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ঘাম, ধুলো ও তেল জমে গয়নার উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে। তাই প্রতিবার ব্যবহারের পর মৃদুভাবে পরিষ্কার করে নিলে গয়না সুন্দর ও উজ্জ্বল থাকে।
  • গয়নার ওপরিভাগে ঘষা লেগে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই প্রতিটি গয়না আলাদাভাবে সংরক্ষণ করুন। বিভিন্ন প্রকারের গয়না একসঙ্গে রাখলে তারা একে অপরের সঙ্গে ঘষা খেতে পারে।
  • গয়নার বাক্সে রাখার সময় নরম কাপড় বা তুলার মধ্যে রাখলে আরও ভালো।
  • সোনা বা রুপার গয়না সাবান, পারফিউম, হেয়ার স্প্রে, ব্লিচিং বা অন্য রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে উজ্জ্বলতা কমতে পারে। তাই গয়না ব্যবহার করার আগে এ পণ্যগুলো ব্যবহারে সাবধান থাকুন, যেন সরাসরি গয়নার ওপর না লাগে।
  • নিত্যদিনের ব্যবহার্য সোনার গয়না গরম পানিতে সামান্য মৃদু সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন, তারপর শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। রুপার গয়নার উজ্জ্বলতা কমে গেলে রুপার নির্দিষ্ট ক্লিনার বা পলিশ ব্যবহার করতে পারেন। এ ছাড়া লবণ ও ভিনেগার দিয়ে ঘরে তৈরি পদ্ধতিতে পরিষ্কার করা যায়।
  • মুক্তা খুবই স্পর্শকাতর, তাই এ ধরনের গয়না নরম কাপড়ে মুছে বিশেষ বাক্সে আলাদা করে রাখুন। মুক্তা কখনোই সাবান বা অন্য রাসায়নিক দিয়ে পরিষ্কার করবেন না।
  • গয়নার ক্লাস্প বা লক নিয়মিত পরীক্ষা করুন। অনেক সময় ব্যবহার করতে করতে লুজ হয়ে যায়, ফলে পড়ে যেতে পারে। প্রয়োজন হলে জুয়েলারির দোকানে নিয়ে গিয়ে মেরামত করিয়ে নিন।
  • মেকআপ, হেয়ার স্প্রে, পারফিউম ব্যবহারের পর গয়না পরুন। প্রথমে মেকআপ বা অন্যান্য প্রসাধনসামগ্রী ব্যবহার করুন এবং শেষে গয়না পরুন যাতে কোনো রাসায়নিক পদার্থ গয়নার সংস্পর্শে না আসে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা