অলোক আচার্য
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫০ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৩ এএম
কথায় আছে, ‘বাঘ-ভালুকের রাজ্যে থাকি, মনের কথা মনেই রাখি।’ কথা গোপন রাখতে পারলেও ভালুকের হাত থেকে যে খাবার নিরাপদ নয়, সে কথা আবারও বাস্তবে রূপ নিল। যদিও লোকালয়ে প্রবেশ করে মানুষের বাড়ি গিয়ে পছন্দের খাবার খেয়ে আসা ভালুকের কাছে নতুন ঘটনা নয়। তবে এবার ভালুক চুরি করেছে চিপসের প্যাকেট। সেটি আবার রীতিমতো মানুষের কায়দায়। সম্প্রতি এমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে।
জিওফ্রে স্টার নামে এক ব্যক্তির ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, পার্ক করে রাখা একটি গাড়ির জানালা বেয়ে ভেতরে ঢুকে চিপসের প্যাকেট বের করে নিচ্ছে মা ভালুক। সেই ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভালুকটি গাড়ির ভেতরে কিছু সময় অবস্থান করে এবং বেরিয়ে আসে চিপসের একটি প্যাকেট নিয়ে। এরপর মা ভালুকের হাতে খাবার দেখে তার শাবকরাও ভিড় জমায় সেখানে।
স্টার জানান, ‘গাড়ির জানালা আটকানো ছিল, তবে ভালুকের আঁচড়ে সেটি খুলে যায়। তখন মা ভালুকটির অভিযানে তার শাবকরাও যোগ দেয়।’
নিউ হ্যাম্পশায়ার ফিশ অ্যান্ড গেম ডিপার্টমেন্টের মতে, যে ভালুকরা ‘সুবিধাবাদী’ এবং যখন এরা প্রকৃতি থেকে খাবার খুঁজে না পায়, তখন এরা মানুষের তৈরি খাবারের সন্ধানে বের হয়।
সুতরাং এখন থেকে খাবারদাবার সাবধানে রাখাই উত্তম। না হলে আবার ভালুক সেটিতে ভাগ বসাতে পারে!
সূত্র : ইউপিআই