সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৮ পিএম
তিন শিশুসন্তানের সঙ্গে শহিদুল ইসলাম ও জায়েদা খাতুন
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা লাঙ্গলমোড়া গ্রামের শহিদুল ইসলাম (৪২) ও তার স্ত্রী জায়েদা খাতুন (৩৮)। অর্থের অভাবে চিকিৎসা করা না পেরে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনেরই হার্টে ছিদ্র ধরা পড়েছে।
পেশাগতভাবে শহিদুল একজন কৃষক আর জায়েদা গৃহিণী। অসুস্থ দম্পতি জানান, নিজ বসতভিটায় ভাঙাচোরা একটি মাত্র কুঁড়েঘরে বসবাস করেন তারা। তিন মেয়ে, স্ত্রীসহ পাঁচজনের সংসারে অনেক কষ্টে চলতে হয়। একমাত্র বসতভিটা ছাড়া কোনো জমাজমিও নেই তাদের। এদিকে অসুস্থ হওয়ার পর কাজকর্ম করতে পারছেন না তারা। প্রায় তিন বছর ধরে শহিদুল দম্পতি অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে ভুগছেন।
এলাকার কয়েকজনের আর্থিক সহায়তায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দম্পতির।
পরীক্ষানিরীক্ষা শেষে জানা গেছে, তাদের হার্টে ব্লক ও ছিদ্র আছে। এজন্য তাদের দ্রুত অপারেশন করাতে হবে। এতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন যা জোগাড় করা অসহায় গরিব পরিবারের পক্ষে অসম্ভব। অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারায় এবং ঘরে তিনটি কন্যাসন্তানের চিন্তায় বুকফাটা কান্নায় মৃত্যুর সঙ্গে লড়ছেন শহিদুল দম্পতি।
অসহায় কৃষক দম্পতি বলেন, ‘এ সুন্দর পৃথিবীতে আমাদের হয়তো বেঁচে থাকা সম্ভব হবে না, চলবে না আমাদের তিন মেয়ের লেখাপড়া ও জীবনযাত্রা। আমাদের পক্ষেও সম্ভব না এত টাকা জোগাড় করা।’
গরিব অসহায় অসুস্থ কৃষক দম্পতি বেঁচে থাকার জন্য দেশবিদেশের সবার সহযোগিতা কামনা করেছেন।