আহমেদ সাব্বির
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৩:১৮ পিএম
তুলতুলে মেঘ দুধশাদা মেঘ
একটুখানি দাঁড়াও
মেঘের ভেলায় চড়ব আমি
একটু দু’হাত বাড়াও।
আমার কোনো ঘরবাড়ি নেই
বানভাসি এই দেশে
উঠোনকাঠান শিউলিতলা
সব গিয়েছে ভেসে।
তলিয়ে গেছে খেলনা পুতুল
রংতুলি বইখাতা
কোথায় আমার ইশকুল ব্যাগ!
সাইকেল আর ছাতা!
ভাসছি আমি জলের স্রোতে
ঢেউয়ের দোলায় দুলে
ও সাদা মেঘ স্বপ্নভেলায়
নাও আমাকে তুলে।
দুদিন ধরে খাইনি কিছুই
শক্তি গেছে পড়ে
মা-বাবাকে খুঁজব আমি
তোমার ভেলায় চড়ে।
ও সোনা মেঘ একটু দাঁড়াও
কাঁদছে মানুষ, শোনো
এই শরতে ঘর ভেসেছে
ভেসেছে কাশবনও।