শচীন্দ্রনাথ গাইন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১২:৩৮ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৩:১৮ পিএম
স্বপ্নিল সাদা মেঘ মেলে দেয় পাখা সে
সীমাহীন অজানায় উড়ে চলে আকাশে।
নদীতীরে কাশফুল দোল খায় বাতাসে
শুভ্রতা ভরে দেয় নেড়ে নেড়ে মাথা সে।
সবুজাভ ধানখেত ঢেউ তুলে নাচে যে
স্বচ্ছ ঝিলের জলে খেলা করে মাছে যে।
উঁকি দেয় শাপলারা সোনারোদ মেখে যে
অপরূপা শোভা তার মনে যায় এঁকে যে।
সুরভিত শিউলিরা ঝরে ভোর মাতাতে
শিশিরের কণা থাকে জমে তার পাতাতে।
প্রজাপতি ডানা খুলে ওড়ে ফুলবাগানে
তাল রেখে অলিকুল সুর তোলে যা গানে!
নির্মল হাওয়া বয় আলোছায়া খেলাতে
স্নিগ্ধতা ঢেলে দেয় জোছনার মেলাতে।
চারিদিকে মধুমাখা পাখিদের গীতালি
প্রকৃতির সাথে কী যে শরতের মিতালি!